https://www.prothomalony.com/

11112

bangladesh

বাংলাদেশ

মির্জা আজমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: কোটি কোটি টাকার সম্পদের সন্ধান

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪ ০৬:২৬

সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ ওঠেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে তার নামে এবং পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার বিপুল সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে। জামালপুর-৩ আসনের এমপি ও জাতীয় সংসদে হুইপের দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে তিনি এসব স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেন বলে জানা যায়।

অনুসন্ধান সূত্রে জানা যায়, মির্জা আজম ঢাকা, জামালপুর ও দেশের বিভিন্ন স্থানে স্থাবর ও অস্থাবর সম্পদ গড়েছেন। অভিযোগ রয়েছে, তিনি সরকারি অর্থ আত্মসাৎ করে এসব সম্পদ অর্জন করেছেন। বিশেষ করে, ধানমন্ডির ১৫ নম্বর রোডে তিনি সরকারি প্লট দখল করে বহুতল বাড়ি নির্মাণ করেছেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জামালপুরে তার স্ত্রী আলেয়া আজমের নামে বিলাসবহুল বাড়ি ও রিসোর্টের তথ্যও উঠে এসেছে। এছাড়া, জামালপুর শহরের বিভিন্ন স্থানে জমি, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষিজমির মালিকানা রয়েছে তার। তমা কনস্ট্রাকশন লিমিটেডের শেয়ারহোল্ডার হিসেবে তিনি সরকারের প্রকল্পগুলোতে কাজ পাওয়ার জন্য রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছেন বলে অভিযোগ।

সূত্র জানায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দেশের যেখানেই সুযোগ পেয়েছেন সম্পদ করেছেন। নিজের নামে, স্ত্রী-সন্তান-ভাইদের নামে ব্যবসা প্রতিষ্ঠান, স্থাবর সম্পত্তি, ফ্ল্যাট, বাগানবাড়িসহ সম্পত্তি ক্রয় করেছেন। জামালপুর-৩ আসন (মেলান্দহ) থেকে তিনি একাধিকবার আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর গা-ঢাকা দিয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানার জন্য তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সম্পদের পাহাড় মির্জা আজমের
জানা গেছে, মির্জা আজম ঢাকা শহরের ধানমন্ডির ১৫ নম্বর রোডে (পুরোনো ২৮ নম্বর) সরকারি প্লট দখল করে বহুতল বাড়ি নির্মাণ করেছেন। তিনি ১৯৯৬ সালে এমপি থাকাকালীন ঢাকার নিকুঞ্জ-২ এলাকায় পাঁচ কাঠার প্লট বরাদ্দ পান, যা ২০০৮ সালে বারিধারায় পরিবর্তন করে বিলাসবহুল বাড়িতে রূপান্তরিত করেন। তিনি তমা কনস্ট্রাকশন লিমিটেডের শেয়ারহোল্ডার এবং অপি হাউজিং কোম্পানির মালিক। জামালপুরে তার স্ত্রী আলেয়া আজমের নামে বিলাসবহুল বাড়ি ‘আলেয়া কটেজ’ এবং সুরপাড়া দেউরপাড় চন্দ্রায় ১০ একর জমিতে আলেয়া গার্ডেন নামে একটি রিসোর্ট রয়েছে। মেলান্দহের কান্দাপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা মিনহাজের নামে জামালপুর শহর ও আশপাশে প্রায় ৩০০ একর জমি কিনেছেন। এছাড়া, জেলা শহরের মেডিকেল রোডে দুটি তিনতলা বাড়ি এবং বজ্রাপুরে মির্জা রাইস মিল পরিচালনা করেন তার ভাই। ময়মনসিংহের ভালুকা ডেইরি ফার্মে শেয়ার রাখেন মির্জা আজম, এবং কক্সবাজারে পাঁচতলা সিগাল হোটেলের শেয়ারহোল্ডারও তিনি। এভাবে পুরো দেশে ছড়িয়ে আছে আজমের সম্পদ-স্থাপনা।

 
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন