https://www.prothomalony.com/
10979
bangladesh
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৩
আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর।
২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তৃতা করবেন ড. মুহাম্মদ ইউনুস।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সংবাদমাধ্যমকে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সব মিলিয়ে প্রায় ২০ জনের প্রতিনিধিদল আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক আসছেন। প্রধান উপদেষ্টা সফর শেষ করে নিউইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন ২৭ সেপ্টেম্বর রাতে।
খসড়া সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ড. ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপ্রাপ্তির ৫০ বছর উপলক্ষে আগামী মঙ্গলবার নিউইয়র্কে একটি সংবর্ধনার আয়োজন করছে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন। ওই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এর পাশাপাশি নিউইয়র্কে অবস্থানের সময় প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের সভায় অংশ নেবেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন