https://www.prothomalony.com/

10841

bangladesh

বাংলাদেশ

শ হি দ ও আ হ ত দে র মূল তালিকা হয়ে গেছে: প্রধান উপদেষ্টা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৮

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তিতে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের মূল তালিকা হয়ে গেছে। বর্তমানে দূর-দূরান্তে যাদের লাশ নেয়া হয়েছে তাদের তথ্য সংগ্রহ করে তথ্যগুলোর পূর্ণাঙ্গতা দেয়া হচ্ছে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি জানিয়ে তিনি বলেছেন, ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে।

৫ সেপ্টেম্বর  বৃহস্পতিবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাসপূর্তি উপলক্ষে দেয়া বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি।

ড. ইউনূস বলেন, আমাদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটি হলো বিপ্লবের সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা। শেখ হাসিনার দুর্বৃত্তরা তাদের চোখ লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ায় অসংখ্য তরুণ শিক্ষার্থী দৃষ্টিশক্তি হারিয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করবো তাদের চোখের আলো ফিরিয়ে দিতে।

তিনি বলেন, আমরা শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি। মূল তালিকা হয়ে গেছে। এখন শুধু দূরদূরান্তে যাদের লাশ নিয়ে যাওয়া হয়েছে, তাদের তথ্য সংগ্রহ করে তথ্যগুলোতে পূর্ণাঙ্গতা দেয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টা জানান, আন্দোলনে আহত শত শত মানুষ যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন, তাদের ব্যয়বহুল চিকিৎসা এবং শহিদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন তৈরির শেষ পর্যায়ে আছে। যাদের শাহাদাতের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে আমরা তাদের কখনোই ভুলবো না।

প্রধান উপদেষ্টা বলেন, গত মাসে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়। তিনি শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে এ দায়িত্ব গ্রহণ করেছেন। তরুণ বিপ্লবীরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন তা পূরণে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, তারা তাদের স্বপ্ন পূরণের জন্য বিপ্লবের সময় রাস্তায় নেমেছিল। এখন তাদের পড়াশোনায় ফিরে যাওয়ার সময় এসেছে। তিনি আরো বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। আমি সবাইকে ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছি।

তিনি জানান, একমাসের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কারমূলক কাজ শুরু হয়েছে। আমাদের প্রথম কাজ হলো জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার দপ্তর তদন্ত শুরু করেছে।

জুলাই ও আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি ও আমলাদের আত্মসাৎ করা অর্থ ফিরিয়ে আনার জন্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, সরকার বলপূর্বক গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছে এবং দেশে গুম সংস্কৃতি বন্ধে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে গুমের সবগুলো ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠনের কাজ চলছে।

তিনি আরো বলেন, জাতির উদ্দেশে দেয়া শেষ ভাষণে তিনি সরকারের সংস্কার কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেছেন। সরকার রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে। তাদের সমর্থনও পেয়েছে। এছাড়া প্রবাসীরাও জাতি পুনর্গঠনের কাজে নিয়োজিত রয়েছেন।

ড. ইউনূস শহীদদের পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের রাজধানীতে আমন্ত্রণ জানান। তিনি জানান, শিগগিরই তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, আমাদের বড় চ্যালেঞ্জ হলো দুঃশাসন ও স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষতি পূরণ করা। এজন্য আমাদের দরকার একতা ও সমন্বয়।

শহীদদের রক্তকে বৃথা যেতে না দেয়ার প্রতিজ্ঞা করে তিনি বলেন, আমরা তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন