https://www.prothomalony.com/

10809

bangladesh

বাংলাদেশ

ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশি আমিরাতে কাজ করতে পারবেন : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:১১

বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করা সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে দেশে ফিরতে হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশিকে আরব আমিরাত থেকে ফেরত আসতে হবে না। তাদেরকে সেখানেই কাজ করার সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, আরব অমিরাতে বিভিন্ন সময় দণ্ডিত হয়ে যারা জেলে আছেন তাদেরকেও মুক্ত করার জন্য সরকার চেষ্টা করছে। সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ১৯ জুলাই শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে ৫৭ জন প্রবাসী বাংলাদেশি ওই বিক্ষোভ করেন বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়, ওই বিক্ষোভের পরদিন ২০ জুলাই শনিবার আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বিবৃতি দিয়ে প্রবাসীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল এই ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।


 

বাংলাদেশ থেকে আরো পড়ুন