https://www.prothomalony.com/
10793
bangladesh
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আগস্ট মাসে দেশে এসেছে ২২২ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স। ১ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, আগস্ট মাসে দেশে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। সে হিসাবে আগস্টে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। আগস্টে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২৫ থেকে ৩১ আগস্ট দেশে এসেছে ৫০ কোটি ২৯ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। আগস্টের ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার। ১১ থেকে ১৭ আগস্ট দেশে এসেছে ৪০ কোটি ৪৪ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া গত ৪ থেকে ১০ আগস্ট দেশে এসেছিল ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ২০২৪ সালের জুলাই মাসে গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল প্রায় ১৯১ কোটি ডলার। তবে, অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে ও রিজার্ভ বাড়াতে রেমিট্যান্স বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত কয়েক মাসে এসব পদক্ষেপের ফলে দেশে আসা প্রবাসী আয় বা রেমিট্যান্সে ইতিবাচক প্রভাব পড়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন