https://www.prothomalony.com/
10391
bangladesh
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ ১০:৪৮
নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের সাংগঠনিক সম্পাদক নুসরাত সুরভি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে পোস্ট করে বলেন, 'আমি লজ্জিত যে আমি এমন সংগঠনের সাথে জড়িত ছিলাম।'
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ১৫ জুলাই সোমবার সন্ধ্যা থেকে ১৬ জুলাই মঙ্গলবার সকাল পর্যন্ত ৫০ এর অধিক নেতা-কর্মী পদত্যাগ করেছেন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হামলায় জড়িতদের সঙ্গে বিভাগীয় সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এরই প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৫ জুলাই সোমবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউসারকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতা-কর্মীরা কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে।
এরই প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল, শেখ হাসিনা হল, শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ছাত্রলীগ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। এছাড়া ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরাও সোমবারের হামলার সমালোচনা জানিয়েছেন।

শিক্ষার্থী ছাড়াও সোমবারের হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নেতাকর্মীরাও পদত্যাগ করছেন। ১৬ জুলাই মঙ্গলবার দুপুর পর্যন্ত শতাধিক নেতাকর্মী ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী নেতাকর্মীদের দাবি, যেই ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালায়, নারী শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা করে, তারা সুস্থ মস্তিষ্কের কেউ নয়। তাদের সঙ্গে সম্পর্ক রাখা অনুচিত। ঢাবির বিভিন্ন হল, অনুষদ ও বিভাগ কমিটি থেকে পদত্যাগ করছেন নেতাকর্মীরা।

১৬ জুলাই মঙ্গলবার বিকেল পর্যন্ত ঢাবি ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, অনুষদ এবং বিভাগভিত্তিক ছাত্রলীগের ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপ থেকে অনেক নেতাকর্মী লিভ নিয়েছেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন