https://www.prothomalony.com/
10301
literature
১. টুইংকেল
টুইংকেল টুইংকেল আকাশের তারা
এতটুকু ঘুম দাও জেগে আছে যারা!
টুইংকেল টুইংকেল আকাশের তারা
বাবলুর ঘুম কই? ঘুমিয়েছে পাড়া।
টুইংকেল টুইংকেল কেটে যায় নিশি
বাবলুর ঘুম দাও--ওগো মাসি পিসি!
বাবলুর ঘুম-টুম আসে বাবা ছাড়া?
বাবলুর বাবা কী আকাশের তারা!
২. মেঘবালিকার গান
গুড় গুড় গুড় মেঘবালিকার গান
ভাইয়া বলে, চলছে ফটোসেশান!
কার ক্যামেরা করছে 'ক্লিক ক্লিক'?
আম্মা বলেন ওসব মেঘের ঝিলিক।
মেঘবালিকার মনটা যেন ভার
তার সাথে যে ঝগড়া হলো কার!
মেঘবালিকার কান্না ঝরে ছাদে
বৃষ্টি মানে? মেঘবালিকা কাঁদে!
মেঘবালিকার কান্না কেবল ঝরে
ভাইয়া বলে, বালতি দিয়ে ভরে--
কান্না দিয়ে স্নানটা নেবো সেরে
ঠিক তখনই আম্মা এলেন তেড়ে!
সাহিত্য থেকে আরো পড়ুন