https://www.prothomalony.com/
10278
bangladesh
বিদেশী ঋণ বেড়েই চলছে। ছয় মাসের হিসাবে সরকারি বেসরকারি মিলে বিদেশী ঋণ বেড়েছে ২৭৫ কোটি ৪০ লাখ ডলার। টাকার অঙ্কে যা ৩২ হাজার ৫০০ কোটি টাকা (প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে)। গত সেপ্টেম্বরে বিদেশী ঋণ ছিল ৯ হাজার ৬৫৫ কোটি ডলার, গত মার্চে এসে তা বেড়ে হয়েছে ৯ হাজার ৯৩০ কোটি ৩৫ লাখ ডলার। বিশ্লেষকরা জানিয়েছেন, যে হারে বিদেশী ঋণ বাড়ছে তা থামানো না গেলে ভবিষ্যতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ আরো বেড়ে যাবে। বেড়ে যাবে দায় পরিশোধের চ্যালেঞ্জ। ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে। এতে জনগণের ঘাড়ে ঋণের বোঝা বাড়বে। আর এসব ঋণ পরিশোধের জন্য জনগণের ঘাড়ে চাপবে করের বোঝা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায, গত ছয় মাসে সরকারি ঋণ বেড়েছে সবচেয়ে বেশি। সেপ্টেম্বরে সরকারি খাতে বিদেশী ঋণ ছিল সাত হাজার ৫২৭ কোটি ডলার। মার্চে তা বেড়ে হয়েছে সাত হাজার ৯০০ কোটি ডলার। আলোচ্য সময়ে সরকারের বিদেশী ঋণ বেড়েছে প্রায় ৩৭৪ কোটি ডলার। টাকার অঙ্কে যা প্রায় ৪৪ হাজার কোটি টাকা। আর বেসরকারি খাতে মার্চ শেষে বিদেশী ঋণ হয়েছে দুই হাজার ৩০ কোটি ডলার, যা ছয় মাস আগে অর্থাৎ সেপ্টেম্বরে ছিল দুই হাজার ১২৮ কোটি ডলার।
তবে, বেসরকারি খাতে স্বল্পমেয়াদির তুলনায় দীর্ঘমেয়াদে বেশি বাড়ছে। সেপ্টেম্বরে দীর্ঘমেয়াদি বিদেশী ঋণ ছিল ৮৮৫ কোটি ডলার, মার্চে এসে তা বেড়ে হয়েছে প্রায় ৯২৬ কোটি ডলার। আলোচ্য সময়ে বেসরকারি খাতে দীর্ঘমেয়াদি বিদেশী ঋণ বেড়েছে ৪০ কোটি ৫০ লাখ ডলার।
বাংলাদেশ থেকে আরো পড়ুন