https://www.prothomalony.com/

10155

bangladesh

বাংলাদেশ

ডাক বিভাগের কর্মীরা ৫১ কোটি টাকা লো পা ট করেছেন, জানালেন পলক

প্রকাশ: ২৭ জুন ২০২৪ ১১:১০

ডাক বিভাগের কর্মীরা গ্রাহকদের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫১ কোটি টাকা লোপাট করেছেন বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

২৬ জুন বুধবার রাজধানীর গুলশানে এটুআই (এস্পায়ার টু ইনোভেট) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, শুধু রাজশাহীর তানোরের পারুল বেগমের ২ লাখ টাকা আত্মসাৎই নয়, গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫১ কোটি টাকা লোপাট করেছেন ডাক বিভাগের কর্মীরা।

পলক দুঃখ করে বলেন, এই রকম ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে পারুল বেগম নামের এক নারীর জমা রাখা দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এই ঘটনায় টাকা ফেরত না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী ওই নারী। এর আগে ২৩ জুন রোববার রাজশাহীর তানোর পোস্ট অফিসে গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় করণীয় নিয়ে ডাক বিভাগের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠক করেন প্রতিমন্ত্রী। ওই দিন তিনি জানিয়েছিলেন, রাজশাহীর তানোরের পারুল বেগমসহ ৫১ জনের কাছ থেকে ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাৎ করেছে পোস্টমাস্টার মোকছেদ আলী। এ ছাড়া চট্টগ্রাম জিপিওতে ২৯ কোটি টাকা, নোয়াখালী পোস্ট অফিসে সাড়ে ৯ কোটি টাকা, বরিশাল মেডিকেল কলেজ পোস্ট অফিস ও পটুয়াখালী পোস্ট অফিসে ২ কোটি করে ৪ কোটি টাকা, যশোরে ১ কোটি ৮৪ লাখ টাকা, ঢাকার শ্যামপুর পোস্ট অফিসে ৭৩ লাখ টাকা এবং দিনাজপুর পোস্ট অফিসে প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, এই ঘটনার পর আর কোনো গ্রাহক প্রতারিত হয়েছেন কি না সে বিষয়ে জানতে তানোরসহ সারাদেশের বিভিন্ন উপজেলায় মাইকিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শুধু তানোর উপজেলাতেই আরও ৫১ জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

এরপর অনিয়ম বন্ধ এবং বছরে ডাক বিভাগের ৭০০ কোটি টাকা লোকসান এড়াতে গাড়ি-জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। যাতে ২০টি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে বলে জানানো হয়।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন