https://www.prothomalony.com/
7686
north-america
লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালে ভারতের সংসদের নিম্নকক্ষে দেশটির এই সংসদ ভবনে প্রাণঘাতী হামলার ২২তম বার্ষিকীতে ১৩ ডিসেম্বর বুধবার লেকাসভায় আইনপ্রণেতাদের আসনে অতর্কিত ঢুকে পড়েন দুই যুবক। তারা হলুদ ধোঁয়া ছড়িয়ে সংসদ কক্ষে আতঙ্ক তৈরি করেন। এ সময় প্রাণ ভয়ে সংসদের অনেক সদস্য দৌড়াদৌড়ি করে পালিয়ে যান।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা দুই মিনিটের দিকে লোকসভার অধিবেশন চলাকালে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে। ওই সময় দুই যুবক দর্শক গ্যালারি থেকে লাফিয়ে লোকসভার চেম্বারে ছুটে যান। এই ঘটনায় দেশটির সংসদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। ওই দুই যুবক লোকসভায় ঢুকে ‘রং বোমা’ ছোড়ার চেষ্টা করেন বলে অভিযোগ আছে। তাদের আটক করা হয়েছে।
২২ বছর আগে ভারতের লোকসভার হামলার স্মৃতি ফিরিয়ে দিয়েছে বুধবারের ঘটনা। এর আগে ২০০১ সালের ১৩ ডিসেম্বরে দেশটির লোকসভায় জঙ্গি হামলা হয়েছিল।
১৩ ডিসেম্বট বুধবার ভারতের পার্লামেন্টে শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি এমপি খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। আচমকা দেখা যায়, দুই যুবক লোকসভার মাঝে লাফিয়ে পড়েন। বেঞ্চের ওপর উঠে দাঁড়িয়ে পড়েন তারা। এ সময় উপস্থিত এমপিরাও আসন ছেড়ে উঠে পড়েন। তখন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিচ্ছিলেন। এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে লাফিয়ে লাফিয়ে ধোঁয়া ছড়াচ্ছিলেন তারা। সেগুলোকে ‘রং বোমা’ বলে দাবি করা হচ্ছে। গ্যাস দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ধোঁয়া বিষাক্ত হতে পারে, সেই আতঙ্কে ত্রস্ত হয়ে পড়েন এমপিরা।
ওই সময় হামলাকারীরা স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ আছে। দুই এমপি দ্রুত তাদের ধরে ফেলেন এবং নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন। ধরা পড়ে যাওয়ার পরেও হামলাকারীদের স্লোগান দিতে দিতে সভা থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
কী স্লোগান দিচ্ছিলেন হামলাকারীরা? দুই যুবক চিৎকার করে বলছিলেন, ‘একনায়কতন্ত্র চলবে না’। লোকসভার পরিবহণ ভবনের সামনে থেকে আরও দু’জনকে পুলিশ আটক করেছে। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। তারাও একই ধরনের স্লোগান দিচ্ছিলেন।
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী এ বিষয়ে বলেন, দু’জন গ্যালারি থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়েন। তাদের হাতে কিছু ছিল। হলুদ রঙের গ্যাস বেরোচ্ছিল তা থেকে। এমপিরাই তাদের ধরে ফেলেন। পরে নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের ধরে বের করে আনেন। এরপর দুপুর ২টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করা হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন