https://www.prothomalony.com/

7147

new-york

নিউইয়র্ক

ভাড়াটে উচ্ছেদ করতে না পেরে বাড়িতে আগুন দিয়েছেন বাড়ির মালিক রফিকুল ইসলাম

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ ০৭:৩৫

নিউইয়র্কে বাড়ির মালিক ও ভাড়াটের মধ্যে চরম বৈরী পরিবেশ বিরাজ করছে। মহামারি সময়ের সুযোগে অনেক ভাড়াটে বাড়ি ভাড়া না দিয়েই থাকছেন মাসের পর মাস। বছরের পর বছর পেরিয়ে গেলেও বাড়ির মালিক ভাড়া আদায় করতে পারছেন না। নিউইয়র্কের আইন ভাড়াটেদের পক্ষে হওয়ায় সহজেই আদালত থেকে উচ্ছেদের আদেশ পাওয়া যাচ্ছে না। সময় ক্ষেপণ করতে হচ্ছে, আইনজীবীর ও আদালতে দৌড়াদৌড়ি করে অর্থ ব্যয় করতে হচ্ছে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ক্ষুদে মালিকেরা। বাংলাদেশি কমিউনিটিতেও এমন ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালা যেমন আছেন, তেমনই ভাড়াটেও রয়েছেন।

 নিউইয়র্কের ব্রুকলিনে বাড়িওয়ালা রফিকুল ইসলাম ভাড়াটে উচ্ছেদ করতে না পেরে নিজের বাড়িতে আগুন দিয়েছেন। কেরোসিন ঢেলে নিজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে  ২৬ সেপ্টেম্বর।  জানা গেছে, ব্রুকলিনের সাইপ্রাস হিলস এলাকার ফোরবেল স্ট্রিটের ২১২ ঠিকানায় রফিকুল ইসলামের দুতালার ভাড়াটে দীর্ঘদিন থেকে ভাড়া না দিয়েই অবস্থান করছিলেন। ক্ষুব্ধ বাড়ির মালিক নিজেই কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় ঘরে ৬ জন শিশু  এবং দুইজন প্রাপ্ত বয়স্ক লোক অবস্থান করছিলেন।  

অগ্নিকাণ্ডের শিকার ব্যক্তিদের সাক্ষাৎকারে জানা যায়, রফিকুল ইসলাম তাদের গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছিলেন এবং শেষ পর্যন্ত তার ভাড়া পরিশোধ না করলে বাড়িটি পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছিলেন। অগ্নিসংযোগের জরুরি কল পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ছাদ দিয়ে লোকজনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। আশেপাশের সার্ভিল্যান্স ভিডিও পর্যবেক্ষণে দেখা যায়, ৯১১ এ কল করার কিছু আগে হুড পরা একজন লোক বাড়িতে প্রবেশ করছে। ভিডিও বিশ্লেষণ করে হুডযুক্ত সন্দেহজনক ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য কয়েক সপ্তাহ সময় লাগে। নিজের ঘরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার অভিযোগে রফিকুল ইসলামকে গত ৩ নভেম্বর গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিরুদ্ধে আটটি হত্যার চেষ্টা, হামলা ও অগ্নিসংযোগ সহ অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস তার বিরুদ্ধে বিচার করবে বলে জানানো হয়েছে। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন