https://www.prothomalony.com/
18479
north-america
যুক্তরাজ্যের ওল্ডহামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (নেবট্রা) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) নর্থ ইংল্যান্ডের ওল্ডহাম এম্পায়ার স্যুইট ব্যাংকুইটিং হলে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, সাংবাদিক, সংগঠক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ এক দশক ধরে সংগঠনটি নর্থ ইংল্যান্ডে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, পেশাদারিত্ব বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে।
নেবট্রার নতুন কমিটির সভাপতি শিপার মিয়ার সভাপতিত্বে এবং সহ-সভাপতি মওদুদ আহমেদ ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার জোবায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার ম্যানচেস্টারের ডেপুটি লেফটেন্যান্ট মোজাহিদ খান, ওল্ডহাম সিটির সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর নেবট্রার উপদেষ্টা গনি চৌধুরী, মুমিন খান ও জুনেদ আহমদের উপস্থিতিতে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন উপদেষ্টা ফারুক যোশী। স্বাগত বক্তব্যে সভাপতি মো. শিপার মিয়া সংগঠন পরিচালনায় সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী হাই কমিশনার জোবায়েদ হোসেন প্রবাসে ও বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আমন্ত্রিত অতিথিরা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সময়োপযোগী সংবাদ পরিবেশনে নেবট্রার উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে নেবট্রার সদ্য-সাবেক সভাপতি এম জি কিবরিয়া তার বিদায়ী বক্তব্যে সংগঠনকে সংবর্ধনা ও সহযোগিতা প্রদানকারী ইংল্যান্ড ও আমেরিকার বিভিন্ন সংগঠন ও সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংগঠনের অগ্রযাত্রায় বিশেষ অবদানের জন্য সদ্য সাবেক সভাপতি এম জি কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান শ্যামল ও মওদুদ আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন শিবলী এবং তখলিছ মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান শ্যামল সমাপনী বক্তব্য দেন। পরিশেষে প্রফেসর ডক্টর মুশফিক উদ্দিন ও ফারহানা জাফর দিবার সাংস্কৃতিক পরিবেশনা এবং নৈশভোজের মধ্য দিয়ে এই মিলনমেলা শেষ হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন