https://www.prothomalony.com/
18466
new-york
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০৬:৩৮
নিউইয়র্কে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত শনিবার উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিকতা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন এবং উপস্থাপক ও সাংবাদিক মাইনুল ইসলাম। সাংবাদিকতায় অবদানের জন্য চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক মাইনুল ইসলামকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তার হাতে সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা।
পরিবেশ সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পান চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মো. সৌমিক আহমেদ। এ ছাড়া উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন খান মঈনকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পীদের পরিবেশনা অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নির কণ্ঠে দ্বৈত সংগীত পরিবেশনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক খালিদ মহিউদ্দিন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান, বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা, সংগীতশিল্পী, অভিনেতা, ব্যবসায়ী এবং বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন