https://www.prothomalony.com/
6809
new-york
নিউইয়র্ক সিটির স্কুলগুলোতে হালাল খাবারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। জনসমাজের অনুরোধে বহু ধর্ম ও জাতিগোস্টির এ নগরে ২০১৮ সালে প্রথম ৬টি স্কুলে হালালা খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছিল। দিনে দিনে কমিউনিটির চাহিদা অনুযায়ী এখন সিটির ৮৮টি স্কুলে হালাল খাবার দেয়া হয়ে থাকে। নিউইয়র্ক সিটির যেকোন স্কুলে অভিবাববকরা হালাল খাবার নিশ্চিত করার আবেদন জানালে, তা দ্রুত বিবেচনা করা হচ্ছে। কতৃপক্ষের পক্ষ থেকে কে কোন ধরনের খাবার গ্রহণ করবে, তা কখনো বলা হয় না। নিউইয়র্ক সিটির কুইন্স ও ব্রুকলিন এলাকার স্কুলগুলোতে হালাল খাবারের চাহিদা সবচেয়ে বেশী।
১১ অক্টোবর বুধবার নিউইয়র্ক সিটির এথনিক মিডিয়ার সাথে এক রাউন্ড টেবিল বৈঠকে এসব কথা জানানো হয়েছে। বিভিন্ন এথনিক মিডিয়া প্রতিনিধিদের নিয়ে এ রাউন্ড টেবিল বৈঠকটি আহ্বান করেন সিটির এথনিক মিডিয়া বিষয়ক কমিশনার হোজে বয়েনা এবং সভার সমন্বয় করেন সিটি অফিসের কর্মকর্তা ফেমোন্ড কোনেহ। সিটির স্কুলগুলোতে হালাল খাবারের চাহিদা, এর সংগ্রহ এবং হালাল হিসেবে সত্যায়নের প্রক্রিয়া নিয়ে কথা বলেন সিটি পাবলিক স্কুলের ফুড ও নিউট্রেশন বিভাগের সিনিয়র নির্বাহী পরিচালক ক্রিস ট্রিকারিকো। তিনি জানান, সিটির সব বরোতেই স্কুলে হালাল খাবারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সিটির স্কুলগুলোতে ঠিক কতজন মুসলমান শিক্ষার্থী রয়েছে, এর কোন হিসেব তাঁর কাছে নেই বলে তিনি জানান। ক্রিস জানান, ধর্মের ভিত্তিতে শিক্ষার্থীদের কোন পরিসংখ্যান রাখা হয় না। তবে সিটির যে কোন স্কুলে যে কোন শিক্ষার্থী তাঁর পছন্দের হালাল খাবারের জন্য অনুরোধ করতে পারে। তিনি বলেন, কমিউনিটির অংশ গ্রহণের মধ্য দিয়ে সিটিতে হালাল খাবারের চাহিদা মোকাবেলায় সর্বাত্মক প্রয়াস নেয়া হয়েছে। বিভিন্ন কমিউনিটি মিডিয়া থেকে অংশগ্রহন করা সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তর প্রদান করা হয় রাউন্ড টেবিল বৈঠকে। বলা হয় সব কমিউনিটির মধ্যে বিষয়টি নিয়ে আরও প্রচার চালানোর মধ্য দিয়ে কর্মসুচীটি আরও সফল ও কার্যকর হয়ে উঠতে পারে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন