https://www.prothomalony.com/

6627

new-york

নিউইয়র্ক

বিচারপতি আর্থার পর্যবেক্ষনে সম্পদের মূল্য বৃদ্ধিতে ট্রাম্প জালিয়াতি করেছেন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৩৭

জালিয়াতির অভিযোগে ম্যানহাটানের আদালতে ট্রাম্প ও তাঁর পারিবারিক ব্যবসার বিরুদ্ধে করা একটি মামলার পর্যবেক্ষনে নিউইয়র্কে স্থানীয় আদালতের বিচারপতি আর্থার এনগোরোন বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো জালিয়াতি করে তাদের সম্পদের মূল্য বাড়িয়েছে।

অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ২০২২ সালের সেপ্টেম্বরে জালিয়াতির অভিযোগে ম্যানহাটানের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করেছেন। আগামী ২ অক্টোবর এ মামলার বিচার কাজ শুরু হওয়ার কথা। মামলায় হারলে নিউইয়র্কে ট্রাম্পের ব্যবসায়িক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

এ মামলায় বিচার শুরুর আগে বিচারপতি আর্থার এনগোরোন কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। কীভাবে ট্রাম্প, তাঁর ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিক, ট্রাম্প অর্গানাইজেশন এবং অন্য আসামিরা ব্যবসায়িক সুবিধা পেতে সম্পদের মূল্য বাড়িয়েছেন, তার বর্ণনা দিয়েছেন তিনি। পাশাপাশি যেসব সনদের আওতায় ট্রাম্প অর্গানাইজেশনসহ ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো নিউইয়র্কে ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছে, সেগুলো বাতিলের নির্দেশ দিয়েছেন এনগোরোন। ভ্রান্ত যুক্তি দেখানো ও মক্কেলদের ‘অবাধ্য’ আচরণে উসকানি দেওয়ার জন্য আসামিপক্ষের আইনজীবীকেও নিষিদ্ধ করেছেন বিচারপতি এনগোরোন।

তাঁরা কখনোই জালিয়াতি করেননি বলে ট্রাম্প ও অন্য আসামিরা দাবি করেছেন। তাঁরা এনগোরোনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন।

এক বিবৃতিতে ট্রাম্পের আইনজীবী ক্রিস্টোফার কিসে বলেন, যে আপত্তিকর সিদ্ধান্তটি ঘোষণা করা হয়েছে, তা বাস্তবতা ও আইনের শাসন থেকে একেবারে বিচ্ছিন্ন। আদালতের এ সিদ্ধান্ত সংশোধন করে ন্যায়বিচার পেতে ট্রাম্প ও তাঁর পরিবার সাধ্যমতো চেষ্টা করবে।

তবে এনগোরোনের এসব সিদ্ধান্ত ঘোষণার কারণে ২ অক্টোবর যে বিনা বাধায় জালিয়াতির মামলাটি নিয়ে শুনানি হয়ে যাবে, তা নয়। বিচার কাজ শুরুর প্রক্রিয়াটি বিলম্বিত করার চেষ্টা করছেন ট্রাম্প। তিনি ও অন্য আসামিরা আপিল আদালতের শরণাপন্ন হয়ে বলেছেন, ঠিক কোন অভিযোগের বিরুদ্ধে লড়তে হবে, তা তাঁরা বুঝতে পারছেন না। এ জন্য মামলার বিচারের জন্য প্রস্তুতি নেওয়াটা তাঁদের জন্য অসম্ভব।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের দাবি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জালিয়াতি করে তাঁর সম্পদের মূল্য বাড়িয়েছেন। সম্পদের মূল্য তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে দেখিয়েছেন ট্রাম্প আগে যা ধারনা করা হয়েছে। জেমস বলেন, তাঁদের মূল্যায়নে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প মিথ্যার আশ্রয় নিয়ে তাঁর মোট সম্পদ বাড়িয়েছেন। ট্রাম্প ৮১ কোটি ২০ লাখ ডলার থেকে ২২০ কোটি ডলার পর্যন্ত সম্পদ অতিরিক্ত দেখিয়েছেন। ট্রাম্পকে ২৫ কোটি ডলার জরিমানা করার জন্য অ্যাটর্নি জেনারেল আদালতের কাছে আরজি জানিয়েছেন লেটিসিয়া জেমস। এ ছাড়া ট্রাম্প ও তাঁর দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকে নিউইয়র্কে তাঁদের পারিবারিক ব্যবসায় নেতৃত্ব দেওয়া থেকে বিরত রাখতে চান বলেও আরজিতপ জানিয়েছেন জেমস।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন