https://www.prothomalony.com/
6533
new-york
নথিপত্রহীন অভবাসীদের আশ্রয় দেয়া নিয়ে নিউইয়র্কে অস্থির অবস্থা বিরাজ করছে। প্রতিদিন বিভিন্ন এলাকাবাসীর সাথে প্রশাসনের সংঘর্ষ হচ্ছে। একদিকে লোকজন প্রতিবাদ জানাচ্ছে, অন্যদিকে সিটি প্রশাসন নতুন নতুন আশ্রয়কেন্দ্র খুলছে। স্টেটেন আইল্যান্ডের একটি আশ্রয়কেন্দ্রে অভিবাসীদের স্থানান্তরের সময় পুলিশের সাথে প্রতিবাদকারীদের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় একজন পুলিশ আহত হওয়া সহ ১০ ব্যক্তির গ্রেফতারের ঘটনা ঘটেছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে।
স্টেটেন আইল্যান্ডের ক্যাপাডনা ব্যলেভার্ডের একটি সিনিয়র সেন্টারে নতুন আসা নথিপত্রহীন অভিবাসীদের আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। মঙ্গলবার রাতে সিটির একটি বাসযোগে আশ্রয়প্রার্থী অভিবাসীদের এ কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছিল। এ সময় স্থানীয় প্রতিবাদকারীরা বাঁধা প্রদান করে এবং বাস আটকে দিলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। উন্মত্ত আচরণের জন্য ৯ জনের নামে সমন ইস্যু করেছে পুলিশ। একজনকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটেছে। পুরো এলাকাটি পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং আশ্রয়কেন্দ্রের চারদিকে পুলিশ পাহারা বসানো হয়েছে।
আমেরিকার দক্ষিণের সীমান্ত দিয়ে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে এক লাখ দশ হাজারের বেশী এখন নিউইয়র্কে। এরমধ্যে ৬০ হাজার এমন নথিপত্রহীন অভিবাসীদের রাখা হচ্ছে সিটি পরিচালিত আশ্রয়কেন্দ্রে। সিটির পাঁচটি বোরোতেই এমন আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রতিটি এলাকায় স্থানীয় লোকজন এমন কেন্দ্রের বিরোধিতা করছেন। স্টেটেন আইল্যান্ডে অভিবাসী স্থানান্তর করা নিয়ে আগেও প্রশাসনকে বাঁধার সম্মুখীন হতে হয়েছে। এসব আশ্রয়প্রার্থী অভিবাসী কর্মহীন। কর্মক্ষম লোকজনেরও কাজের অনুমতি নেই। এদের থাকা, খাওয়া এবং চিকিৎসা সেবা দেয়াসহ অভিবাসী সন্তানদের শিক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হচ্ছে সিটি প্রশাসনকে। এসব সামাল দিতে গিয়ে এরমধ্যেই সিটির বাজেটে টান পড়েছে। সিটির বার্ষিক বাজেট এরমধ্যেই কর্তনের ঘোষণা দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস।
স্টেটেন আইল্যান্ডের ঘটনার পর মেয়র এরিক অ্যাডামস বলেছেন, আমরা সবাই মিলে এ পরিস্থিতিতি মোকাবেলা করবো। স্টেটেন আইল্যান্ডে কিছু লোকের আচরণ নিউইয়র্কের পরিচয় হতে পারে না উল্লেখ করে মেয়র অ্যাডামস বলেছেন, এ সিটির ৮০ লাখের বেশী মানুষ অত্যন্ত ধৈর্যশীল এবং বন্ধুবৎসল। আশ্রয়প্রার্থীদের বৈষম্যের আচরণে চিহ্নিত করা নিউইয়র্কের পরিচয় হতে পারে না বলে মেয়র উল্লেখ করেছেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন