https://www.prothomalony.com/
6191
new-york
মুসলিম কমিউনিটির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নিউইয়র্ক সিটির মসজিদে মাইকে আজান দেয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে অনুমতি সংক্রান্ত পরিপত্রে সিটি কোডের কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। সূর্যাস্তের পর থেকে সকাল ৯ টা পর্যন্ত শব্দ নিয়ন্ত্রণের আইন রয়েছে। ফলে ফজরের এবং এশার নামাজের সময় মসজিদের মাইকে আজান প্রচার করা যাবে না।
নিউইয়র্ক সিটির পুলিশ প্রশাসনের ডেপুটি কমিশনার মার্ক টি স্ট্যুয়ার্ট ২৪ আগস্ট বৃহস্পতিবার এ সংক্রান্ত এক পরিপত্রে কমিউনিটি এফেয়ার্সের সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছেন। পরিপত্রে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র উল্লেখ করে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তার কথা স্মরণ করা হয়েছে। বলা হয়েছে,মুসলিম জনগোষ্ঠী তাদের জীবন যাপনে আজানের মাধ্যমে প্রার্থনায় যোগ দিয়ে থাকেন। আজানের মাধ্যমে প্রার্থনার জন্য আহ্বান জানানো মুসলিম সম্প্রদায়ের জীবনের অংশ।আজানের জন্য দুই থেকে পাঁচ মিনিট সময় লাগে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে এবং পাঁচ বারের আজানের সময় ও প্রহরের কিছুটা হেরফের হয় বলেও উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্ক সিটির মসজিদে আজান প্রদানের অনুমতি নিশ্চিত করে বলা হয়েছে এ নিয়ে মুসলিম কমিউনিটি যেন প্রতিবেশীদের সাথে আলাপ করেন, সুসম্পর্ক সৃষ্টি করেন। সহনীয় শব্দমাত্রায় আজান প্রচারের জন্যও সংশ্লিষ্টদের বলা হয়েছে।এ বিষয়ে সিটির কমিউনিটি এফেয়ার্স সিটিবাসীকে সচেতন করতে কাজ করবে বলেও বলা হয়েছে। সিটির প্রশাসনিক কোড অনুযায়ী শব্দযন্ত্র মসজিদের সাথে সংযুক্ত থাকতে হবে এবং সহনীয় মাত্রার শব্দে তা ব্যবহার করতে হবে। সূর্যাস্তের পর এবং সকাল ৯টার আগে শব্দযন্ত্র ব্যবহার করে আজান দেয়া যাবে না।
নিউইয়র্ক সিটিতে মাইকে আজান দেয়ার অনুমতি হওয়ায় বাংলাদেশী মুসলমানরা ব্যাপকভাবে উৎফুল্ল। তারা বলছেন, দীর্ঘদিন থেকে এ দাবী আদায়ের জন্য নানা মহল থেকে চেষ্টা করা হচ্ছিল। এ চেষ্টার সাফল্যকে তারা ধর্মীয় ও নাগরিক অধিকারের পক্ষে উল্লেখযোগ্য অর্জন বলে মন্তব্য করছেন।
বাংলাদেশী ছাড়াও নিউইয়র্ক সিটিতে বসবাসরত অন্যান্য মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন থেকে মসজিদে মাইকে আজান দেয়ার অনুমতির জন্য চেষ্টা করে আসছিলেন। তারাও সিটির এ সিদ্ধান্তকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন