https://www.prothomalony.com/

18486

north-america

উত্তর আমেরিকা

নিউজার্সিতে আমেরিকান ক্রিকেট ক্লাবের কমিউনিটি ক্রিকেট ডে অনুষ্ঠিত

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ০২:২১

নিউজার্সিতে খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বন্ধনে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ক্রিকেট ক্লাবের ‘কমিউনিটি ক্রিকেট ডে’। ক্রিকেট ম্যাচের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের খেলাধুলা, খাবারের স্টল ও নানা পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি পরিণত হয় এক মিলনমেলায়।

নিউজার্সির হিলসবোরোতে অবস্থিত কলোনিয়াল পার্কের নব হিল প্যাভিলিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকান ক্রিকেট ক্লাব। এতে ক্রিকেট খেলোয়াড়, তাঁদের পরিবার, স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং ক্রিকেটপ্রেমীরা অংশ নেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার তিনটি রঙের প্রতিনিধিত্ব করে তিনটি দল অংশ নেয়। দলগুলো হলো নিউজার্সি টাইগার্স (সাদা), নিউজার্সি গ্ল্যাডিয়েটরস (লাল) এবং ইস্ট কোস্ট টাইটানস (নীল)। দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রিকেট প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে দলীয় সহযোগিতা, পারস্পরিক সম্মান ও ক্রীড়াসুলভ মনোভাবের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকেরা জানান, এ আয়োজন কেবল ক্রিকেট প্রতিযোগিতায় সীমাবদ্ধ ছিল না। পরিবার ও শিশুদের জন্য ছিল বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম, ফেস পেইন্টিং, র‍্যাফল ড্র, শিশুদের খেলা, খাবারের স্টল এবং সাংস্কৃতিক পরিবেশনা। এসব আয়োজনের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি ও প্রজন্মের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি জোরদারের চেষ্টা করা হয়।

আমেরিকান ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট এম. মারুফ আলম বলেন, কমিউনিটি ক্রিকেট ডে শুধু ক্রিকেটের উদ্‌যাপন নয়; এটি ঐক্য, বৈচিত্র্য, স্বেচ্ছাসেবা এবং কমিউনিটিকে শক্তিশালী করার সম্মিলিত মূল্যবোধের উদ্‌যাপন। পরিবার, তরুণ প্রজন্ম ও কমিউনিটির সদস্যদের একসঙ্গে অংশ নিতে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন বলেও জানান।

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের প্রেক্ষাপট সামনে রেখে আয়োজনটিতে খেলাধুলার মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্যকে কাছাকাছি আনার বিষয়টিও তুলে ধরা হয়। আয়োজকদের মতে, ক্রিকেটের মতো খেলা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব গড়ে তুলতে এবং প্রজন্মের মধ্যে সামাজিক সম্পর্ক দৃঢ় করতে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানটি সফল করতে স্বেচ্ছাসেবক, স্পনসর, বিক্রেতা, পরিবেশক, খেলোয়াড়, পরিবার এবং কমিউনিটির সমর্থকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আমেরিকান ক্রিকেট ক্লাব।

সংগঠনটি জানিয়েছে, ভবিষ্যতে নিউজার্সিজুড়ে আরও কমিউনিটিভিত্তিক কর্মসূচি, তরুণদের ক্রিকেট উন্নয়ন কার্যক্রম, সাংস্কৃতিক আয়োজন এবং বিনোদনমূলক ক্রীড়া কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান আমেরিকান ক্রিকেট ক্লাব ক্রিকেটের প্রসার, তরুণদের অংশগ্রহণ, কমিউনিটির সঙ্গে অংশীদারত্ব এবং খেলাধুলার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরিতে কাজ করে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন