https://www.prothomalony.com/
18489
north-america
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ০৩:২৪
যুক্তরাষ্ট্রে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে রায়ের পরও হাজারো ভিসাপ্রত্যাশীর অপেক্ষা শেষ হয়নি। প্রশাসনিক জটিলতা, অতিরিক্ত যাচাই ও সাক্ষাৎকারে বিলম্বের কারণে অনেক অভিবাসী এখনো নিজ দেশে আটকে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওর (এনপিআর) এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করে। তখন অনেকের আবেদন প্রক্রিয়াধীন ছিল। এমনকি কারও কারও ভিসা অনুমোদিত হলেও পাসপোর্টে ভিসা সংযুক্ত হওয়ার অপেক্ষায় ছিলেন তারা।
গত আগস্টে এক ফেডারেল বিচারক নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন। তবে অভিবাসন আইনজীবীদের অভিযোগ, আদালতের নির্দেশের পরও ভিসা প্রক্রিয়াকরণে ধীরগতি বজায় রয়েছে। ফলে পরিবার পুনর্মিলনসহ যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর দূতাবাস ও কনস্যুলেটগুলোকে এমন অভিবাসীদের শনাক্ত করার বিষয়ে অতিরিক্ত প্রশিক্ষণ দিচ্ছে, যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন। এ কারণে আগে ভিসা অনুমোদন পাওয়া আবেদনকারীদেরও অতিরিক্ত যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
এই জটিলতায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেক অভিবাসী। যুক্তরাষ্ট্রের সাবেক সেনাসদস্য ডাস্টিন হফম্যানের স্ত্রী ও সন্তানরাও ভিসার অপেক্ষায় আর্জেন্টিনায় আটকে রয়েছেন। প্রায় এক বছর ধরে তাদের যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রক্রিয়া চললেও এখনো সমাধান মেলেনি।
এদিকে কলম্বিয়ার চিকিৎসা গবেষক ফের্নান্দো লিজকানো বিশেষ যোগ্যতাসম্পন্ন অভিবাসীদের জন্য নির্ধারিত ইবি-১এ ভিসার আবেদন করেছিলেন। তার যোগ্যতা অনুমোদিত হলেও চূড়ান্ত ভিসার জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে।
ভিসা প্রক্রিয়ায় বিলম্বের কারণে অনেক পরিবার আর্থিক ও মানসিক চাপের মধ্যে রয়েছে। আদালতের নির্দেশের পরও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না আসায় অভিবাসীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন