https://www.prothomalony.com/
6141
opinion
ভূমিকম্পের 'ডেঞ্জার জোন' সিলেট!
ভূমিকম্পের ‘ডেঞ্জার জোন’ হয়ে উঠেছে সিলেটের সীমন্তবর্তী ‘ডাউকি ফল্ট’। দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ডেঞ্জার জোন হিসেবে পরিচিত সিলেট। এর মূল কারণ সিলেটের সীমান্তবর্তী ডাউকি ফল্ট। এই ফল্টের কাছে আবার ভূমিকম্প হওয়ায় ডাউকি ফল্ট নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সিলেটে ১৪ আগস্ট সোমবার রাত ৮টা ৪৯ মিনিট ২৯ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও নগরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৫.৫ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো সিলেটের কানাইঘাট ও ভারতের মেঘালয় মিলে তৈরি হওয়া ‘ডাউকি ফল্ট’ বা ‘ডাউকি চ্যুতি’। আর এই ‘ডাউকি ফল্ট’-ই সিলেটের জন্য আতঙ্ক। এটা সিলেটসহ সারা দেশে বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, এর উৎস ছিল ঢাকা থেকে ২২৮ কিলোমিটার দূরে সিলেটের কানাইঘাট ও ভারতের আসাম সীমান্তের কাছে। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। ভূমিকম্পটির কম্পন সারা দেশে ভালোই অনুভূত হয়েছে।
কোনো ভূমিকম্পের মাত্রা ৫–এর ওপরে গেলে তাকে মাঝারি মাত্রার ভূমিকম্প বলা হয়। এর নিচে হলে তাকে মৃদু কম্পন হিসেবে গণ্য করা হয়।ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কালে বাংলাদেশের ভূখণ্ডে উৎপত্তি হওয়া ভূমিকম্পের মধ্যে বেশি মাত্রা ছিল ২০০৩ সালের ২৬ জুলাইয়ে সৃষ্টি হওয়া একটি ভূমিকম্পের। সেটি চট্টগ্রাম ও খাগড়াছড়িতে অনুভূত হয়। মাত্রা ছিল ৫ দশমিক ৬। বাংলাদেশে গত এক বছরে তিনটি ৫ মাত্রার বেশি ক্ষমতার ভূমিকম্প হয়েছে। সোমবারেরটির বাইরে বাকি দুটি হলো ২০২২ সালের ১৫ আগস্ট ৫ দশমিক ১ মাত্রা এবং গত ২৩ জানুয়ারি ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। সবমিলিয়ে গত এক বছরে বাংলাদেশে ১৭টি ভূমিকম্প হয়েছে। বেশির ভাগের মাত্রা ছিল ৪ থেকে ৫–এর মধ্যে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, এবারের ভূমিকম্পটি হয়েছে বাংলাদেশের ভূগর্ভের ডাউকি চ্যুতি নামে পরিচিত চ্যুতিরেখা বা ফাটল বরাবর। গত কয়েক বছরে এই চ্যুতিরেখায় বেশ কিছু ভূমিকম্প হয়েছে। এটা বড় ভূমিকম্পের আশঙ্কা জাগাচ্ছে। ২০ বছরে সাড়ে ৫ মাত্রার ভূমিকম্প হয়নি দেশে। সোমবারের ভূমিকম্পের উৎসস্থলটি ডাউকি চ্যুতি বরাবর। সেখানে ভূমিকম্প বাড়ছে। এটা ওই এলাকায় বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের সিলেট ও ভারতের আসাম মিলিয়ে ডাউকি চ্যুতি পূর্ব-পশ্চিমে প্রায় তিন শ কিলোমিটার বিস্তৃত। ১৮৯৭ সালে ‘ডাউকি ফল্টে’ ৮ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সীমন্তবর্তী এলাকা হওয়া তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে সিলেট বিভাগ। সিলেটে বড় ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে যেকোনো সময়। সিলেট ভূমিকম্পের বিপজ্জনক জোন হিসেবে চিহ্নিত। টেকটোনিক বাউন্ডারি ও ফল্টের পাশাপাশি ইন্দো-অস্ট্রেলিয়ান ও ইউরো-এশিয়ান প্লেটের কাছাকাছি অবস্থান হওয়ায় সিলেটকে এমনটা বলা হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা।
তুরস্ক কিংবা সিরিয়া, ফিলিপাইন কিংবা ইন্দোনেশিয়া-দুনিয়ার যেখানেই যখন ভূমিকম্প হোক, আতঙ্ক ছড়ায় বাংলাদেশেও। বিশেষ করে সিলেট অঞ্চলে মানুষের ভয় জাগে বেশি। এর কারণ, সিলেট আছে বড় ভূমিকম্পের ঝুঁকিতে। এখানে যদি ৬ মাত্রার ভূকম্প হয়, তাহলে ব্যাপক ক্ষতির শঙ্কা আছে। অতীত ইতিহাস বলছে, সিলেট অঞ্চল বরাবরই ভূমিকম্পপ্রবণ। ১৫৪৮ সালে প্রচন্ড ভূমিকম্পে সিলেট এলাকায় ব্যাপক ভূ-পরিবর্তন ঘটে। উঁচু-নিচু ভূমি সমতলে পরিণত হয়। এরপর ১৬৪২, ১৬৬৩, ১৮১২ ও ১৮৬৯ সালের ভূমিকম্পে সিলেটের মানচিত্র পাল্টে যায় অনেকটাই। সিলেটে এ যাবতকালের মধ্যে সবচেয়ে ভয়ানক ভূমিকম্প হয়েছিল ১৮৯৭ সালের ১২ জুন। সেদিন বিকাল সোয়া ৫টার দিকে সংঘটিত ভূমিকম্প ‘গ্রেট ইন্ডিয়ান আর্থ কোয়াক’ নামে পরিচিত। ৮ দশমিক ৭ মাত্রার সেই ভূকম্পে বাংলাদেশের গোটা সিলেট অঞ্চল ও ভারতের সীমান্তবর্তী অঞ্চল মিলিয়ে ৩ লাখ ৭৫ হাজার ৫৫০ বর্গ কিলোমিটার এলাকার ব্যাপক ক্ষতি সাধিত হয়। করে। শুধু সিলেট জেলারই ৫৪৫টি ভবন ভেঙে পড়ে। মারা যান হাজারো মানুষ। ওই ভূকম্পের ফলেই সিলেটজুড়ে সৃষ্টি হয় বিশালাকারের হাওর, বিল, জলাশয়ের। বিশেষজ্ঞদের মতে, সিলেট ভূমিকম্পের ‘ডেঞ্জার জোনের’ (বিপজ্জনক এলাকা) মধ্যে পড়েছে। সিলেট একদিকে ভূকম্পের উৎপত্তিস্থল ‘ডাউকি পয়েন্টে’র মাত্র ২শ কিলোমিটার দূরে অবস্থিত, অন্যদিকে শাহবাজপুর ফল্টও (ভূগর্ভস্থ প্লেটের ফাঁক, এটি হবিগঞ্জ-কুমিল্লা এলাকাধীন) সিলেটের কাছাকাছি। যে কারণে সিলেটের জন্য ভূমিকম্পের ঝুঁকি খুব বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিভেদে তিনটি বলয় নির্ধারিত রয়েছে। তন্মধ্যে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ তথা প্রথম বলয়েই সিলেটের স্থান। এ বলয়ে ৭-৯ মাত্রার ভূমিকম্প হতে পারে। এই প্রথম বলয়কে ভূকম্পের ‘ডেঞ্জার জোন’ বলে বিবেচনা করা হয়।বিশেষজ্ঞদের মতানুসারে, সিলেট অঞ্চল যে টেকটোনিক প্লেটে রয়েছে, তা ক্রমেই উত্তর-পূর্ব দিকে সরছে। এক শতাব্দিতে সরে যাওয়ার পরিমাণ এক মিটার। এ কারণে এই অঞ্চল প্রবল ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসার্টিয়াম ১৯৯৮-এর জরিপ অনুসারে, সিলেট অঞ্চল ১০০ বছরের বেশি সময় ধরে সক্রিয় ভূকম্পন এলাকা হিসাবে চিহ্নিত হয়ে আসছে।২০০৯ সালে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) পরিচালিত জরিপে ওঠে আসে, সিলেট অঞ্চলে ৫২ হাজার ভবন রয়েছে। তন্মধ্যে ২৪ হাজার ভবনই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ওই জরিপের তথ্য দেখে ভূমিকম্প বিশেষজ্ঞরা বিল্ডিং কোড অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেও তা বাস্তবায়িত হয়নি। ২০০৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি জরিপ চালায়। জরিপ অনুযায়ী, সিলেট মহানগরীতে শতাধিক প্রাচীন ভবন রয়েছে, যেগুলোর বয়স একশ থেকে দেড়শ বছর। এসব ভবন ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ২০২১ ও ২২ সালে কয়েকদফা ভূমিকম্পের পর ঝুঁকি মোকাবেলায় কিছু উদ্যোগ নেয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।
অভিমত থেকে আরো পড়ুন