https://www.prothomalony.com/

5821

north-america

উত্তর আমেরিকা

সিনেমার সাফল্যে কাঁটা হয়ে দাঁড়িয়েছে পাইরেসি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩ ০৩:২৮

মুক্তি পাওয়া আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ এবং শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা দুটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। উত্তর আমেরিকায় সুড়ঙ্গ সিনেমার টিকিট নিয়ে দর্শকের হুড়োহুড়ি দেখা গেছে। শুধু দেশেই নয়, বিদেশেও দাপট দেখাচ্ছে সুড়ঙ্গ ও প্রিয়তমা। একসঙ্গে দুই সিনেমার সাফল্যে সবাই যখন সুদিনের আভা দেখতে পাচ্ছিলেন, তখন সে পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে পুরোনো ব্যাধি পাইরেসি। গত কয়েক দিনে অনলাইনে ছড়িয়ে পড়েছে সিনেমা দুটির হল প্রিন্ট।

এমন দুঃসময়ে যখন ইন্ডাস্ট্রির সবার এক হয়ে লড়ার কথা, সেখানেও চলছে কাদা-ছোড়াছুড়ি। পরোক্ষভাবে একে অন্যকে দোষারোপের খেলায় মেতে উঠেছেন দুই সিনেমার শিল্পী-কলাকুশলীরা। সুড়ঙ্গর নির্মাতা রায়হান রাফী বলেছেন, ‘একটি চক্র পরিকল্পিতভাবে এমনটা করেছে। একটা ফিল্মকে পাইরেসি করা হলো পরিকল্পনা করে। শুরুতেই ছেড়ে দেওয়া হলো ইম্পর্ট্যান্ট ক্লাইমেক্স সিন। এখন পুরো সিনেমা। একটি সুনির্দিষ্ট চক্র সুড়ঙ্গের পেছনে লেগেছে, তাদের কারণে পাইরেসির শিকার হয়েছে সুড়ঙ্গ।’

২১ জুলাই পশ্চিমবঙ্গে সুড়ঙ্গ মুক্তির পরেই অনলাইনে ছড়িয়ে পড়ে সিনেমাটি। অনেকেই মন্তব্য করেন, ভারত থেকেই সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে। তবে সম্পাদক সীমিত রায় ও নির্মাতা রাফী জানিয়েছেন, সিনেমাটির বাংলাদেশি ভার্সন পাইরেসি হয়েছে এবং সেটি দেশের হল থেকে। তাঁদের অভিযোগ, সুড়ঙ্গ পাইরেসির সঙ্গে হল কর্তৃপক্ষ জড়িত। তা না হলে, ফাঁকা হলে পুরো সিনেমা চালিয়ে ভিডিও ধারণ করা অসম্ভব। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে রাফী বলেন, ‘ভিডিওগুলো যারা অনলাইনে দিয়েছে, তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। পাইরেসি শাস্তিযোগ্য অপরাধ। এবং এই অপরাধের শাস্তি অপরাধীদের পেতেই হবে। আমরা সেটা নিশ্চিত করবই।’
এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের তদন্ত বিভাগ ডিবি অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন সুড়ঙ্গের প্রযোজক ও নির্মাতা। এ সময় তাঁদের সঙ্গে প্রিয়তমা সিনেমার প্রযোজক আরশাদ আদনানও উপস্থিত ছিলেন।

দুই সিনেমার নির্মাতারা যখন একে অন্যের ছিদ্রান্বেষণে ব্যস্ত, তখন কেউ কেউ মনে করছেন সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ আর জনপ্রিয়তার কারণেই পাইরেসিতে সক্রিয় হয়ে উঠেছে একটি দল। ব্যবসা-চলতি সময়ে হঠাৎ করে পাইরেসির আক্রমণে সিনেমার ভবিষ্যৎ নিয়ে তাই শঙ্কিত হয়ে পড়েছেন নির্মাতা, লগ্নিকারক, অভিনয়শিল্পীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে পাইরেসির প্রতিবাদ জানিয়েছেন এস এ হক অলিক, আব্দুল আজিজ, সৈকত নাসির, তপু খান, অপূর্ব, সোহেল রানা বয়াতিসহ অনেকে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন