https://www.prothomalony.com/

5790

north-america

উত্তর আমেরিকা

ওবামার বাবুর্চি পানিতে তলিয়ে মারা গেছেন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ ০৯:০১

ম্যাসাচুয়েটসের একটি হ্রদ থেকে টাফারি ক্যাম্পবেল (৪৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চি ছিলেন। ২৪ জুলাই সোমবার তাঁর লাশ উদ্ধার করা হয়।

রোববার রাতে প্যাডল বোর্ডিং করতে গিয়ে এডগারটাউনের গ্রেট পন্ড নামে একটি হ্রদে টাফারি ক্যাম্পবেল নিখোঁজ হন। ওই হ্রদের পাশে ওবামার মালিকানাধীন একটি বাড়িও রয়েছে। সোমবার ওবামা ও মিশেল ওবামা এক যৌথ বিবৃতিতে জানান, হোয়াইট হাউসে টাফারি বাবুর্চি হিসেবে কাজ করতেন। বিবৃতিতে বলা হয়, ‘টাফারি আমাদের পরিবারের প্রিয়পাত্র ছিলেন। তিনি ছিলেন সৃজনশীল এবং খাদ্য সম্পর্কে উৎসাহী ছিলেন। আমরা তাঁকে একজন উষ্ণ, মজাদার, অসাধারণ সদয় ব্যক্তি হিসেবে জেনেছি। তিনি আমাদের সবার জীবনকে খানিকটা আলোকিত করে তুলেছিলেন।’

রোববার নিখোঁজের পর থেকেই ডুবুরিরা টাফারিকে উদ্ধারে কাজ শুরু করেন। পুলিশের কাছে খবর আসে, একজন পুরুষ প্যাডল বোর্ডার পানিতে তলিয়ে গেছেন। তিনি আর ভেসে ওঠেননি। নিহত টাফারির স্ত্রী ও যমজ ছেলে রয়েছে। ম্যাসাচুয়েটস স্টেট পুলিশ জানিয়েছে, টাফারি ভার্জিনিয়ার ডামফায়ারের বাসিন্দা ছিলেন। তিনি এখানে বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় ওবামা ওই বাড়িতে উপস্থিত ছিলেন না। মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন