https://www.prothomalony.com/

5770

north-america

উত্তর আমেরিকা

রাশেদ আহমেদ প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ ০৭:৫৪

চ্যানেল আই'য়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। কোভিড প্যানডেমিকের ভয়াবহ দিনগুলোতে নিউইয়র্কে কমিউনিটির নিরলসভাবে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সহায়তা পৌঁছে দেয়া, কোভিড আক্রান্ত হবার ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে কমিউনিটির গণমাধ্যমকে সক্রিয় রাখা, বিনামূল্যে কোভিড টেস্ট ও ভ্যাক্সিনেশন প্রদানের প্রক্রিয়ায় স্থানীয় কমিউনিটির পাশে দাঁড়ানোর স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এ সম্মাননা পেয়েছেন।

অ্যাওয়ার্ডের পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেন স্বাক্ষরিত সনদপত্রও তার হাতে তুলে দেয়া হয়। সামাজিক খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এমেরি-কর্পস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিস থেকে তাঁকে এই সম্মাননা দেয়া হয় বলে সনদপত্রে উল্লেখ করা হয়।

২০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় জাতিসংঘ সদরদপ্তরের হিউম্যানিটরিয়ান ফোকাস ফাউন্ডেশনসহ জাতিসংঘের সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠান কর্তৃক যৌথভাবে আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন পিপল ইউনাইটেড ফর পিস এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, খান টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা নাইমা খান ও বাংলাদেশের চিত্রনায়ক জায়েদ খান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের প্রতিনিধি, ব্রংকস বোরো প্রেসিডেন্ট ভেনেসা এল গিভসন সহ আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ রাশেদ আহমেদের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে আগামী দিনগুলোতেও এমন প্রশংসনীয় কাজ অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এক নম্বর সেক্টর থেকে যুদ্ধে অংশ নেয়া এই বীর মুক্তিযোদ্ধা একজন সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে কাজ করার পাশাপাশি লেখক হিসেবেও তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জীবনের নানামুখী সংকট, সম্ভাবনা, সাফল্য, উল্লেখযোগ্য বিষয় এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিসমূহ তুলে ধরা তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'আমার জীবন আমার মুক্তিযুদ্ধ' বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এ প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, রাশেদ আহমেদ আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ সংগঠনের  যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি। এছাড়াও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির সাথে সম্পৃক্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি দীর্ঘদিন থেকে জড়িত রয়েছেন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন