https://www.prothomalony.com/

5739

north-america

উত্তর আমেরিকা

ওয়াটার হিটারে সাশ্রয় করার উদ্যোগ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ ০২:১২

আমেরিকার লোকজন বছরে উপার্জনের উল্লেখযোগ্য ব্যয় করে থাকে ঘরকে গরম রাখতে। দেশ জুড়ে ওয়াটার হিটার একটি জ্বালানি খেকো গৃহস্থালি এপ্লায়েন্স। মার্কিন জ্বালানি মন্ত্রণালয় ২১ জুলাই  শুক্রবার ওয়াটার হিটার যন্ত্রের জন্য একটি নতুন জ্বালানি দক্ষতা মানদণ্ড প্রস্তাব করেছে। এ প্রস্তাবের বাস্তবায়ন হলে ভোক্তারা জ্বালানি ও পানির বিল বাবদ ১ হাজার ১৪০ কোটি ডলার সাশ্রয় করতে পারবেন।

আবাসিক পর্যায়ে ওয়াটার হিটারের জ্বালানি দক্ষতার মানদণ্ড গত ১৩ বছরে হালনাগাদ করা হয়নি। কংগ্রেস চাইছে জ্বালানি দক্ষতার নতুন মানদণ্ড প্রণয়ন করা হোক। যুক্তরাষ্ট্রে একজন সাধারণ ভোক্তা তাঁর মোট বার্ষিক খরচের ১৩ শতাংশই ব্যয় করে থাকেন বাসাবাড়িতে পানি গরম, বিদ্যুৎ ও পানি বাবদ।
জ্বালানি খরচে সাশ্রয়ী হওয়ার এই প্রস্তাবে সাধারণ আকারের বৈদ্যুতিক ওয়াটার হিটারের ব্যবহারকে প্রাধান্য দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। এ ক্ষেত্রে হিট পাম্প প্রযুক্তি ও গ্যাসচালিত ওয়াটার হিটারের ব্যবহার করার কথা বলা হয়েছে।

চূড়ান্ত করা হলে এই মানদণ্ড ২০২৯ সালে কার্যকর করা হবে। এর ফলে আগামী ৩০ বছরে প্রায় ২০ হাজার কোটি ডলার সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এই পরিকল্পনা বাস্তবায়ন হলে এই সময়ে ৫০ কোটি মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইডের নির্গমন কমবে বলেও আশা করা হচ্ছে। জ্বালানি বিভাগ বলছে, কার্বন নির্গমনের এই পরিমাণ বর্তমানে ৬ কোটি ৩০ লাখ বাড়ি, যা দেশটির মোট বাড়ির অর্ধেক, বছরে যে পরিমাণ কার্বন নির্গমন করে তার প্রায় সমান।

এনার্জি সেক্রেটারি জেনিফার গ্রানহোম বলেন, এই প্রস্তাব ‘ইতিমধ্যে কর্মজীবী পরিবারগুলোর জ্বালানি ব্যয় কমাতে সরকার যে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে, তার অতিরিক্ত। ওয়াটার হিটার নির্মাতা রিম, পরিবেশবাদী গোষ্ঠী ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল ও ভোক্তাদের অধিকার নিশ্চিতে কাজ করা প্রতিষ্ঠানগুলো এই মানদণ্ডকে স্বাগত জানিয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন