https://www.prothomalony.com/

5509

north-america

উত্তর আমেরিকা

অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির সাথে প্রথম আলোর মতবিনিময়

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩ ০৭:৫৮

নিউজার্সির সমৃদ্ধ শহর আটলান্টিক সিটিতে একজন বাংলাদেশি মেয়র নির্বাচিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। এরমধ্যেই তালিকাভুক্ত বাংলাদেশী আমেরিকান ভোটার নিজেদের ঐক্য ধরে রাখতে পারলে সিটি হল বাংলাদেশীদের দখলে থাকার কথ। যদিও এখন একজন মাত্র বাংলাদেশী আমেরিকান কাউন্সিলম্যান রয়েছেন। বাংলাদেশীদের সমর্থন নিয়ে আরও একজন পাকিস্তানি আমেরিকান এখন রয়েছেন কাউন্সিলম্যান হসেবে। প্রান্তিক শহর আটলান্টিক সিটিতে বাংলাদেশীদের এমন বিভেদের কারণেই নিজেদের এখনও রাজনৈতিকভাবে শাক্তিশালী অবস্থানে যেতে পারছেন না বাংলাদেশীরা।
 
বঙ্গ সম্মেলনে যোগ দিতে যাওয়া লেখক সাংবাদিকদের সাথে সৌজন্য সভায় এসব কথাই উঠে এসেছে। প্রথম আলো উত্তর আমেরিকার লেখক সাংবাদিকদের সাথে ২ জুলাই রোববার মতবিনিময় সভা অনুষ্টিত হয়    বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি কার্যালয়ে। সাংবাদিক সুব্রত চৌধুরীর উদ্যোগ আয়োজনে এ সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন আব্দুর রফিক, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া,জাকিরুল ইসলাম খোকা,আবু নসর, মোঃ মনিরুজজামান, পিন্টু রায়, মোঃ আইয়ুব, ফারুক তালুকদার, কনক রাউথ, মনোজ দেব রায়। প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষে সম্পাদক ইব্রাহীম চৌধুরী, লেখক সাংবাদিক রহমান মাহবুব, শেলী জামান খান, ভায়লা সালিনা, মৌ মধুবন্তি, সুলতানা ফেরদৌসী, মুকুল হক, ঊষা রহমান, নাসিমা সুলতানা ফ্লোরা প্রমুখ।

৪৩ তম বঙ্গ সম্মেলন উপলক্ষে আটলান্টিক সিটিতে উপস্থিত প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারকে ব্যাপকভাবে অভিবাদন জানিয়েছেন অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি নেতৃবৃন্দ। তাঁরা সংগঠনের নিজস্ব কার্যালয় ঘুরিয়ে দেখান। এ কার্যালয় থেকে বাংলাদেশীদের কনস্যুলেট সেবা প্রদান সহ নানা সেবা প্রদান করা হয়ে থাকে। নিয়মিত ফুড ব্যাংক পরিচালনার মাধ্যমে লোকজনের কাছে খাবার বিতরণ করা হয়ে থেকে এ কার্যালয় থেকে। সরকারী অনুদানে সংগঠনের কার্যালয় রূপান্তর করা হচ্ছে। অচিরেই তাঁরা শহীদ মিনার স্থাপনের কাজ শুরু করবেন বলে জানালেন।

প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশীদের এমন এগিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপে পাশে থাকার কথা জানানো হয়। অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি তাদের বার্ষিক মেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। আটলান্টিক সিটি সাগর পাড়ের একটি সমৃদ্ধ শহর হিসেবে পরিচিত ছিল। গত এক দশকে এ শহরের অর্থনৈতিক অবস্থা উঠা নামা করছেন। ক্যাসিনো সহ নানা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশীরা কাজ করছেন। এরমধ্যেই নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের উত্থান ঘটছে। অন্তত অর্ধ শতাধিক নতুন প্রজন্মের বাংলাদেশীরা এ শহর থেকেই কেউ চিকিৎসক হয়েছে, কেউ হওয়ার পথে। অন্যান্য পেশা ও মূলধারার কাজকর্মে নতুন প্রজন্মের সাফল্যের সাথে অংশগ্রহনের কথা জানালেন পরিশ্রমী প্রবাসীরা। নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে অচিরেই আটলান্টিক সিটিতে বাংলাদেশীদের অবস্থান আরও সংহত করার প্রত্যাশার মধ্য দিয়ে আড্ডা আলোচনার সমাপ্তি ঘটে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন