https://www.prothomalony.com/
5139
north-america
প্রকাশ: ০৬ জুন ২০২৩ ০৫:৫৩
ডাঃ মোহাম্মদ সাদুজ্জামান চৌধুরী
বাংলাদেশের কৃতি সন্তান, খ্যাতনামা চিকিৎসক ডাঃ মোহাম্মদ সাদুজ্জামান চৌধুরী তাঁর কর্মজীবনের স্বীকৃতি হিসেবে আরেকটি সম্মাননা পেয়েছেন। সম্মানজনক 'গোল্ড-হেডেড ক্যান অ্যাওয়ার্ড' পদকে ভূষিত হয়েছেন তিনি। গত সপ্তাহান্তে আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন (AUA) নিউইয়র্কে এক আনুষ্টানের মাধ্যমে তাঁকে এ পদক হস্তান্তর করেছে। ডাঃ মোহাম্মদ সাদুজ্জামান চৌধুরী, এমডি নিউইয়র্ক মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশে ইউরোলজিস্টদের শিক্ষা ও প্রশিক্ষণে নিবেদিতভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন (AUA) তাঁকে ২০২৩ সালের গোল্ড-হেডেড ক্যান অ্যাওয়ার্ডে প্রদান করে।
.jpg)
ডাঃ মোঃ সাদুজ্জামান চৌধুরী সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলিনগর গ্রামের বাসিন্দা। ১৯৭২ সালে সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। মেধাবী হওয়ায় ছাত্রাবস্থায়ই আমেরিকার স্কলারশিপ লাভ করেছিলেন। তাঁর স্ত্রী ডাঃ সফিকুন্নছা চৌধুরীও ১৯৭২ সালে সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তাঁদের দুই কন্যা। দু'জনই বিবাহিত।
সতেরো শতাব্দীতে লন্ডনের গোল্ড ক্যান ঐতিহ্য থেকে আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন ১৯৯১ সালে 'গোল্ড-হেডেড ক্যান অ্যাওয়ার্ড' সম্মাননাটি চালু করেছে। ইতিহাসের বিখ্যাত চিকিৎসকরা এ স্বর্ণ খচিত বেত বা ক্যান ব্যবহার করেছেন। চিকিৎসাবিজ্ঞানী ডাঃ জন রেডক্লিফ ১৬৮৯ সাল থেকে ১৭১৪ সাল পর্যন্ত গোল্ড ক্যান হাতে রাখতেন। মহান চিকিৎসক ডাঃ রেডক্লিফ তাঁর উত্তরাধিকার হিসেবে যাকে শ্রেষ্ট চিকিৎসক মনে করেছেন , তাঁর কাছে গোল্ড ক্যান হস্তান্তর করেছেন। ডাঃ রেডক্লিফের মৃত্যুর একশ বছর পর পরম্পরা হিসেবে ৫ জন ব্রিটিশ চিকিৎসক এ ক্যান বহন করেছেন ক্রমান্বয়ে। ১৮২৫ সালে একজন চিকিৎসকের বিধবা স্ত্রী গোল্ডেন ক্যানটি রয়েল কলেজ অব ফিজিসিয়ানস' এর কাছে হস্তান্তর করেন। তখন থেকে গোল্ডেন ক্যানটি চিকিৎসকদের জন্য প্রদর্শিত হয়ে আসছে। গোল্ড হেডেড ক্যানকে চিকিৎসা পেশার অনন্য সম্মাননা বলে মনে করা হয়। নিউইয়র্কে বসবাসরত ডাঃ মোঃ সাদুজ্জামান চৌধুরী বাংলাদেশি কমিউনিটির কাছেও ব্যাপকভাবে সম্মানিত।
বাংলাদেশ এবং আমেরিকার অনেক হাই প্রোফাইল লোকজনের চিকিৎসা করে সম্মানিত ও প্রশংসিত হয়েছেন তিনি। ডাঃ চৌধুরী দীর্ঘ ৩৫ বছর নিউইয়র্ক মেডিকেল কলেজের প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ২৫ বছর তিনি ইউরোলজী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। খুব কম চিকিৎসকই এমন দীর্ঘ সময়ে এমন সব গুরুদায়িত্ব এক নাগাড়ে পালন করে আসছেন।
আমেরিকায় সার্বক্ষনিক পেশাগত ব্যস্ততার মধ্যেও ডাঃ সাদুজ্জামান চৌধুরী বছরে অন্তত দুইবার বাংলাদেশ সফর করেন। সেখানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজে ইউরোলজি নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। তাঁর একান্ত প্রয়াসে বাংলাদেশের বেশ কয়েকজন ইউরোলজি চিকিৎসক আমেরিকায় এসে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ডাঃ মোহাম্মদ সাদুজ্জামান চৌধুরী একজন ইরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পুরো আমেরিকা জুড়ে খ্যাত এবং সমাদৃত। গোল্ডন হেডেড ক্যান অ্যাওয়ার্ড পাওয়ার পর ৩ মে শনিবার নিউইয়র্কে চ্যাপ্টার বাংলাদেশ ম্যাডিকেল এসোসিয়েশন তাঁকে ব্যাপকভাবে অভিনন্দন জানিয়েছে। আমেরিকায় থাকা বাংলাদেশি চিকিৎসকরাও তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন