https://www.prothomalony.com/
18708
opinion
ভাষা মানুষের জন্মগত অস্তিত্বের পরিচায়ক। ভাষার মাধ্যমেই ঘটে ভাবের বিনিময়। চেতনার স্বতোৎসারিত সুখ-দুঃখ, আনন্দ বেদনা আবেগ উচ্ছ্বাস চেনা ছবি মাতৃভাষাতেই সম্ভব। জন্মগ্রহণের পর শিশু যে পরিবেশে পরিচিত, লালনপালন, নাড়ির টান তার হাত ধরেই আত্মপরিচয় ও আত্মবিকাশের প্রাণস্পন্দন মাতৃভাষা। কবি বলেছেন, মানুষ মাত্রই দ্বিজ, মানুষ দু'বার জন্ম গ্রহণ করে- একবার মাতৃক্রোড়ে আর একবার মাতৃভাষার ক্রোড়ে। মাতৃভাষাই রৌদ্র জ্যোৎস্নার সম্যক লাভ বিশেষত মীর মশাররফ, কবি ফররুখ, বেগম রোকেয়া, রবীন্দ্র নজরুল-সুকান্ত সাহিত্যিক, কবি, লেখক প্রমুখ দিকপাল মনীষীগণ প্রতিভার সর্বশ্রেষ্ঠ উপাচার দিয়ে নৈবেদ্য রচনায় মহিরুহ হয়ে ওঠেন মধুর বাংলা ভাষার স্ফুরণ ঘটিয়ে।
ইংরেজী ভাষার মাধ্যমে আমরা সুদূর বিশ্বকে জেনেছি কিন্তু আমরা ঘরকে, ঘরের মানুষের সুখ-দুঃখকে জানতে পারিনি। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছেন, 'চারিদিকে আবহাওয়ার থেকে এ বিদ্যা বিচ্ছিন্ন, আমাদের ঘর ইস্কুলের মধ্যে ট্রাম চলে ‘মন চলে না বাংলার কথা। গানে মন সাঁতার কাটে, ওই গানটা - "আমি বাংলায় গান 'গাই, আমি বাংলায়। অসাধারণ প্রতিভাবান মাইকেল বিদেশি ইংরেজি ভাষার মোহে অনেকটা দূর এগিয়ে গেলেন। ছড়িয়ে দিলেন ইংরেজি সাহিত্যে কিছু রতন ও তাতে তাঁর চিত্ত বিগলিত হয়নি। ফিরে এসে বাংলায় তারই রচিত 'বঙ্গভাষা' কবিতায় তাঁর আক্ষেপ, খেদ প্রকাশ পায় হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধনে মত্ত কুক্ষণে আচড়ি,সুখ পরিহরি। দিলেন কবিত্ব প্রতিভার অনন্য দক্ষতার পরিচয়। কাব্য সুষমার ছন্দ অলঙ্কারে। মন ভরে গেল তার স্বাচ্ছন্দ্য ও তৃপ্তিতে। বাংলা ভাষায় যে পুলক, হৃদয়ানুভূতির অবাধ বিচরণ, খুঁজে পান আত্মপরিচয়ের পথ, খনির পূর্ণমণিরূপ সুখানুভূতির অনির্বচনীয় আস্বাদন।
যে শস্য যে মাটিতে উৎপাদনের প্রয়োজন, তাকে ভিন্ন মাটিতে উৎপাদনের ব্যবস্থা করা হলে তার পরিণতি যেরূপ সেরূপই হয়েছে বিদেশি শিক্ষার ফল যা দেশের সংহতি ও কল্যাণের পক্ষে বিশেষ ক্ষতিকর। সহজে অল্প সময়ে অন্তরঙ্গ হয়ে ওঠে প্রত্যেক ভাষাভাষী জনগোষ্ঠীর মাতৃভাষা। মননে, চিন্তনে, ধ্যান-ধারণা জ্ঞানার্জনের বিকাশে মন প্রাণ ঢেলে দেওয়া যায়। এবার হাবিবুল্লাহ সিরাজীর কণ্ঠে বলি। একুশে ফেব্রুয়ারি কোনো মাস নয় / কোনো দিন নয়/ কোনো গ্রাম নয়। কোনো পথ নয় / কোনো ফুল নয় / কোনো গাছ নয়/আকাশ নয়/নদী ও নয়/পঞ্চান্ন হাজার বর্গমাইলে/অবিরাম কথা বলা। সভ্যতা, সংস্কৃতি, আদর্শ ঐতিহ্যের বাহন মাতৃভাষা। যার অনুশীলন একান্ত দরকার। মাতৃভাষা স্বীকৃতির জন্য উত্তাল আন্দোলনের মাধ্যমে নতুন রাষ্ট্রের আত্মপ্রকাশ পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত। প্রায় দুশো বছর শাসনের পর ইংরেজ সাম্রাজ্যবাদী ব্রিটিশ যখন ভারতের হিন্দু, মুসলমানসহ অন্যান্য ধর্মবিলম্বীদের চাপে অখণ্ড ভারত ভূমি ছাড়তে বাধ্য হয়, তখন অর্থনৈতিক, গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষঙ্গের ভিত্তিতে ভারতভূমি দ্বিখণ্ডিত হয়ে গঠিত হয় যার এক অংশের নাম ভারত অপর অংশ পাকিস্তান। আর মূল ভারত ভূমির দুই প্রান্তে অবস্থিত দুই ভূখণ্ড পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ। পূর্ব পাকিস্তানে মুসলমান হলেও এরা যে বাঙালী। তাই পূর্ব পাকিস্তানের বেশির ভাগ জনগোষ্ঠীর ভাষা বাংলা। পশ্চিম পাকিস্তানের বেশির ভাগ ভাষা ছিল পাঞ্জাবি, উর্দু, সিন্ধি, পশতু, বেলুচি।
১৯৪৮ সালে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল দুই অংশের জনগোষ্ঠীর উপর শোষণ নীতির অন্যায় মতামত চাপিয়ে দিলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এ নীতি শাসক গোষ্ঠীর কূটকৌশলের চক্রান্ত। কোনো ভাবেই বাঙালী এ ষড়যন্ত্রের উদ্যোগে মাথা নোয়ায়নি বরং এ আক্রমণাত্মক চক্রান্তে তদানীন্তন পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী গর্জে উঠে রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই।
ঢাকার ছাত্ররা একত্রিত হয়ে গঠন করল বাংলা ভাষা সংগ্রাম পরিষদ। এ সংগ্রাম বিভিন্ন মিটিং মিছিল ধর্মঘট বাদ প্রতিবাদের মধ্য দিয়ে বিশাল আকার ধারণ করে। এক নাগাড়ে চলতে থাকে এ আন্দোলন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি উত্তাল হয়ে উঠে এ সংগ্রাম। প্রতিবাদ প্রতিরোধের দাবিতে ঝড় উঠে 'বাংলা ভাষার কণ্ঠরোধ করা যাবে না, রাষ্ট্রভাষা বাংলা চাই... বাংলা চাই।
মায়ের ভাষায় কথা বলার অধিকার যারা কেড়ে নিতে চায় সেই প্রেক্ষাপট, ইতিহাস মনে করতেই শিউরে উঠি। ওই কারা আসছে বুটের শব্দের পদভারে দুর্নীতির বীজ সমূলে বিনষ্ট করতে চাইছে শিকড়ের গভীরতা। চ্যালেঞ্জের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হল একত্রিত। রাজপথে অজগর আকারে ফুঁসে ফুঁসে আসছে মিছিল। এ মিছিলে শুধু ছাত্র নয়, বৃহত্তর একটা অংশের জনগণ, সাধারণ থেকে বুদ্ধিজীবী, বিদ্রোহ হয়ে ওঠে সব। তীব্র রূপ নেয়। এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে সবখানে। ১৪৪ ধারা অগ্রাহ্য করে জনগণ। নিরস্ত্র ছাত্র, জনগণের উপর পুলিশের লাঠিচার্জ, গুলিবর্ষণ, টিয়ার গ্যাসের মাঝখানে উথালপাতাল আওয়াজ খান খান। হাজারো পায়ের শব্দে নড়ে উঠে রাজপথ। যন্ত্রের বিরুদ্ধে আজি এ দুর্দিনে উত্তেজনার প্রবল জোয়ার। ক্ষোভে ফেটে পড়ছে চোখ-মুখ। শিরা-উপশিরা, স্নায়ু, রক্তে প্রবল চাপ, চোখে-মুখে ঠিকরে পড়ছে প্রশ্নচিহ্ন, আকাঙ্খিত মুহূর্ত ফিরে পেতে। কী হবে এই নিয়ে চিন্তায় চরম মুহূর্ত। দৌড়াচ্ছে মানুষ। ছত্রভঙ্গ মিছিল বন্দিদের তুলে নিয়ে যাচ্ছে ট্রাকে করে। রাস্তার পানে চেয়ে আছেন কত মা। ছোটো বোন ছটফট করছে তার ভাইয়ের জন্য বিষাদ চোখে। গাছতলায় পড়ে থাকে একখণ্ড কাগজে লেখা টুকরো কথার চিঠি কোনো এক মাকে। কবি 'আবু জাফর ওবায়দুল্লাহের' কথাগুলো বড় বেশি মনে পড়ছে “কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা / সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা/ ডালের বড়া শুকিয়ে রেখেছি খোকা/তুই কবে আসবি। কবে ছুটি?/চিঠিটা তোর পকেটে ছিল। ছেঁড়া আর রক্তে ভেজা ঝরে গেল তরুণ তাজা প্রাণ বরকত রফিক জব্বার/সালাম নাম না জানা আরও কত প্রাণ। মৃত্যুর মধ্য দিয়েও শহিদগণ চিরসবুজ হয়ে বেঁচে রইল মানুষের হৃদয়ে। তবু মায়ের মন, ভেসে আসে আর্তনাদ, জোরদার সংগ্রাম, আন্দোলন, আত্মত্যাগ সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে মুক্তি ঘটে রাষ্ট্রভাষা বাংলার। ন্যায় ও সত্যের রূপায়ণে বিকশিত ফুল অলক্ষ্যে কে যেন গেয়ে ওঠে 'ঝরাপাতা, ঝরাপাতা গো আমি তোমারই দলে। জয় হোক বাংলা ভাষার, জয় হোক মানবতার। কেউ কেউ যাদের বিধি ভাষা আয়ত্ত করার ক্ষমতা আছে তারা নিজের প্রয়োজনে, সুবিধার্থে জ্ঞানের পরিধি বিস্তৃত করতে পারে। তা বলে মাতৃভাষাকে উপেক্ষা করে নয়, 'মাতৃভাষা মাতৃদুগ্ধ রবীন্দ্রনাথের কথা। তাই মাকে ভালোবেসে, মায়ের ভাষাকে সম্মান জানিয়ে তারপর অন্য ভাষা আয়ত্ত করা কোনো দোষের ব্যাপার নয়। কিন্তু এ যুগের অভিভাবকরা ছেলেমেয়েদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে পারলে আত্মতুষ্টি লাভ করেন, করেন গর্ববোধ 'আমার ছেলে ইংরেজিটা ভালো রপ্ত করেছে। বাংলাটা ভুলেই গেছে। কী করে জানবে এ শিশুরা রবীদ্রনাথ, নজরুল, রোকেয়া, মীর মশারফদের। তাই তো হারিয়ে গেছে ঠাকুরমার ঝুলি। রূপকথার গল্প, অদ্ভুত আঁধার নেমেছে আজ পৃথিবীর বুকে। বিশ্বায়নের যুগে এ কোমলমতি শিশুরা কার্টুন চরিত্রের পাশাপাশি পড়বে ইংরেজি 'মিকিমাউস' ‘পোকেমন’ ‘টম অ্যান্ড জেরি'। শিশু বয়সেই উ™£ান্ত থাকে এদের চোখ-মুখ। যেন কী দিগি¦জয় করে এসেছে। মাতৃদুগ্ধে বঞ্চিত শিশু যেমন সুস্বাস্থ্য লাভ করতে পারে না, মাতৃভাষা জ্ঞানহীন সন্তানরাও নিজস্ব সংস্কৃতি, শিক্ষা, ঐতিহ্যের সাথে যথার্থভাবে পরিচিত হতে পারে না। পৃথিবী থেকে আজ দুর্বল ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। ভাষাভাষী অন্যান্য জনগোষ্ঠীর নিকট তা ক্ষতির কারণ। কর্পোরেট দুনিয়ায় সংখ্যাগরিষ্ঠ ভাষার প্রভুত্ব ও আগ্রাসনের কারণে ঘটছে এ বিলুপ্তি। আমাদের সকলের সতত সচেতন হওয়া উচিত কোনো ভাষারই যাতে বিলুপ্তি না ঘটে। প্রতিটি ভাষারই গুরুত্ব আছে, ছোটো হোক বড় হোক, প্রতিটি ভাষাভাষী জনগোষ্ঠী তার ভাষাগত সত্তা ও বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্যবোধে প্রতিষ্ঠিত হোক। এটাই আমাদের কাম্য।
লেখক: সাংবাদিকও কলামিস্ট
অভিমত থেকে আরো পড়ুন