https://www.prothomalony.com/
18697
opinion
জুন মাস। রৌদ্রকরোজ্জ্বল এক সকাল। সিদ্ধান্ত নিলাম, আজকের দিনটি একান্ত আমার। ফোন ধরব না, সেলফোন ব্যবহার করব না। একা—শুধুই একা। দিনটা নিজের মতো করে কাটাব। সেই সিদ্ধান্ত অনুযায়ী সকালে গাড়ির ট্যাংকিতে জ্বালানি ভরে যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন শহর থেকে আই-৭৫ হাইওয়ে সাউথ ধরে এগোতে থাকলাম। গান শুনতে শুনতে যাচ্ছিলাম, ঘণ্টায় সত্তর মাইল বেগে ছুটছিল গাড়ি। জানালার ফ্রেমে গাছপালা, বাড়িঘর আর দোকানপাট একের পর এক ছবি হয়ে ভেসে উঠছিল, তারপর মিলিয়ে যাচ্ছিল পেছনে। সেই দৃশ্য দেখে মনে পড়ছিল শ্রীমঙ্গল থেকে জয়ন্তিকা এক্সপ্রেসে ঢাকা যাওয়ার পুরোনো দিনের কথা। সেই স্মৃতিতে ছিল আখাউড়ায় নরসিংদীর সাগরকলা, সিলেটের কমলা, বরিশালের আমড়া, গরম চা—আরও কত কী। সাংবাদিকের অনুসন্ধিৎসু মন—চোখে আরও পড়ত আখাউড়া থেকে ওঠা একদল নারীর কথা, যারা ভারতীয় কাপড় নিয়ে যেতেন আর টঙ্গীতে নেমে পড়তেন। জীবিকার জন্য কত ঝুঁকিপূর্ণ কাজই না করতেন সে সময় নারীরা!
ঘড়ির কাঁটা এগিয়ে চলছে। প্রায় ঘণ্টাখানেক গাড়ি চালানোর পর এক হাইওয়ে থেকে আরেক হাইওয়ের এক্সিট নিলাম। গতি তখন ঘণ্টায় ৬০ মাইল। গান, কবিতা ও শ্রুতিনাটক শুনছিলাম। হাইওয়ের তিন লেনের রাস্তা নেমে এল দুই লেনে, যানবাহনও কমে এসেছে। রাস্তা ফাঁকা, গতি বাড়িয়ে এগিয়ে যাচ্ছি। রাস্তার পাশে মাঝেমধ্যে হরিণের বিচরণ। দূরের মাঠে গরু, ঘোড়া দেখা যাচ্ছে, যা সচরাচর চোখে পড়ে না। প্রায় দুই ঘণ্টা গাড়ি চালানোর পর একটু ক্ষুধা লাগল; তাই হাইওয়ে থেকে একটি লোকাল রাস্তায় এক্সিট নিলাম।
ধীরে ধীরে এগোচ্ছি। এলাকাটাকে একটু গ্রামীণ ধাঁচের মনে হলো। দূরে লেক—দেখতে সাগরের মতো লাগছে। এর পাড় ঘেঁষে একটি জনপদ। কাঁচা রাস্তায় গাড়িগুলো ধুলো উড়িয়ে যাচ্ছে। সেদিকেই যেতে থাকলাম। এ রাস্তায় গতিসীমা ২৫ মাইল; মাঝেমধ্যে ধীরে চলার ও স্কুলের সাইনবোর্ড। আস্তে আস্তে এগোতে থাকলাম। একদিকে বিশাল জলরাশি, তার ধার ঘেঁষে সাপের মতো এঁকেবেঁকে গেছে রাস্তাটি। অন্য পাশে সারিবদ্ধ বাড়ি। প্রতিটি বাড়িই বেশ বড় বড়, নান্দনিকতার ছাপ। একটি বাড়ির জানালার পর্দায় কেমন যেন একটু লাল-সবুজের দেখা পেলাম। গাড়িটা ঘুরিয়ে সেই বাড়ির সামনে গেলাম। না, দেখাটা ভুল নয়—জানালায় লাল-সবুজের পতাকা। আবেগ, অনুভূতি, ভালোবাসা, দেশপ্রেম—সব মিলিয়ে মনের গভীরে কেমন যেন মায়াময় আলোড়ন জেগে উঠল। বাড়িটির দিকে আবারও ভালো করে তাকালাম। সামনে ফুলের বাগানে গাঁদাফুল, পেছনে শিম ও লাউয়ের গাছ। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও কত কাছে দেশ!
দরজা খুলে বয়স্ক এক ভদ্রলোক ধীর পায়ে এগিয়ে এলেন। জিজ্ঞাসা করলেন, কাউকে খুঁজছেন? বললাম, না। গাড়ি থেকে নামলাম। কেন এসেছি, সেটা বললাম। তিনি এক গাল হাসি দিয়ে বললেন, ‘চলুন, বাড়ির ভেতরে যাই।’ আমি তাকে অনুসরণ করলাম। খুব সুন্দর, পরিপাটি একটি লিভিং রুম। আলমারিগুলো বইয়ে ঠাসা, টেবিলে পড়ে রয়েছে আখতারুজ্জামান ইলিয়াস ও আরজ আলী মাতুব্বরের দুটি বই। আমি ঘরের চারদিকে চোখ বুলাচ্ছিলাম। দেয়ালে জয়নুল আবেদিনের সেই বিখ্যাত ছবি ‘মনপুরা-৭০’।
ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে এসে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, ‘তোমার ছেলে এসেছে।’ যদিও তখন পর্যন্ত তিনি আমার পরিচয়ই জানতে চাননি। আমাকে পেয়ে যেন তারা দুজনই খুবই আনন্দিত, আপ্লুত। আমাকে আপ্যায়ন করার জন্য দুজনই ব্যস্ত হয়ে পড়লেন। নাশতা যেন মধ্যাহ্নভোজ। আমাকে পেয়ে তারা দুজন যেন শিশুর মতো আচরণ করতে লাগলেন। আপ্যায়ন, ভালোবাসা, স্নেহ-মমতা কাকে বলে, সেটা এখানে না এলে বুঝতাম না। এমন সুন্দর মনের মানুষগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছেন—কয়জনের খোঁজ আমরা জানি? এঁরা আছেন বলেই পৃথিবীটা আজও এত সুন্দর।
একসময় জিজ্ঞাসা করলাম, বাঙালি অধ্যুষিত এলাকা ছেড়ে এখানে কেন? প্রশ্নটা শুনে দুজনের মুখেই রাজ্যের বিস্ময়!
তারা শোনালেন আপনজনের প্রতারণার কথা, বিশ্বাসভঙ্গের কথা, অকৃতজ্ঞতা ও কৃতঘ্নতার কথা। আশির দশকে একটু ভালো জীবনযাপন তথা সন্তানদের মানুষ করতে আমেরিকায় এসেছিলেন এ দম্পতি। সিলেটের আম্বরখানায় ছিল পৈতৃক বাড়ি ও ব্যবসা। এখানে এসে দুজনে পরিশ্রম করে ছেলেমেয়ে দুজনকে মানুষ করেছেন। দেশে বাড়ি ও ব্যবসার উন্নতি করেছেন; ভাইবোনদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। তাদের সবাইকে আমেরিকায় এনে বাড়িঘর কিনে দিয়ে সাহায্য করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। ইচ্ছা ছিল, শেষ জীবনটা দেশে কাটাবেন। পৈতৃক জমি, বাসাবাড়ি ও ব্যবসা দেখাশোনা করবেন। সেই উদ্দেশ্যে দেশে গিয়ে দেখেন, ভাইবোনেরা অধিকাংশ জায়গা, জমি ও ব্যবসা হয় বিক্রি করে দিয়েছেন, নয়তো নিজেদের আত্মীয়স্বজনের জিম্মায় দিয়ে রেখেছেন। দেশে থাকার মতো একটু জায়গাও তার হয়নি। হোটেলে কয়েক দিন থেকে এরপর মনের দুঃখে এখানে চলে এসেছেন।
আমি বললাম, ‘আপনার পৈতৃক সম্পত্তিতে আপনার অধিকার আছে, মামলা করলে তো ফেরত পাবেন।’
তিনি বললেন, ‘এসব ঝামেলায় যাওয়ার মতো ধৈর্য, বয়স নেই। আর আমি তো এখানে ভালোই আছি। তারা ভালো থাকলে ভালো। ছেলেমেয়েরা খোঁজ নেয়, টাকা-পয়সা পাঠায়—যদিও আমরা যে অবসর ভাতা (রিটায়ার্ড বেনিফিট) পাই, তা দিয়েই ভালোভাবে চলে যায়। ছেলেমেয়েরা তাদের বাচ্চাকাচ্চা নিয়ে ছুটিতে আসে, হইচই হয়, আনন্দ হয়। এভাবেই তো জীবনটা কেটে যাচ্ছে। তা ছাড়া গ্রীষ্মে ফুলের বাগান, সবজি চাষ, বই পড়া, গল্প করা, টেলিভিশন দেখা—এসব নিয়েই কেটে যায় সময়। আর আজ আপনাকে নিয়ে আমাদের দুজনের যে ব্যস্ততা, সেটা কেমন আনন্দ, বলে বোঝাতে পারব না।’
দুপুর গড়িয়ে সূর্য তখন হেলিয়ে পড়ছে পশ্চিম আকাশে, অজানা সেই শহরে। শহরসহ তাদের নাম-ঠিকানা কিছুই জিজ্ঞাসা করিনি সংগত কারণেই। কয়েকবার ওঠার চেষ্টা করেছি, কিন্তু তাদের ‘আরেকটু থাকুন আমাদের সাথে’—এই অনুরোধ উপেক্ষা করতে পারিনি। তবু একসময় তো উঠতেই হয়।
তারা দুজনেই বললেন, ‘আবার আসবেন।’
আমি জবাবে বললাম, ‘আসব।’
চাচা বললেন, ‘আসবেন কীভাবে? আপনার কাছে তো আমাদের নাম-ঠিকানা কিছুই নেই। এই নিন একটা বই, এর ভেতরে আমাদের নাম-ঠিকানা সব আছে। বই পড়ে কিন্তু ফেরত দিতে হবে।’ বলে আলেকজান্ডার দ্যুমার লেখা 'দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো' বইটি দিলেন।
বিদায় জানিয়ে ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি; তারা দুজনেই আমার পিছু পিছু আসছেন। বিদায় বলে গাড়িতে উঠলাম। তাদের দিকে শেষবারের মতো তাকালাম—তাদের দুজনের চোখ অশ্রুসজল। আমিও চোখের জল ধরে রাখতে পারলাম না। গাড়িটা ধীরে ধীরে চলতে শুরু করল। আমি লুকিং গ্লাসে তাদের হাত নাড়ানো দেখছিলাম। গাড়ি যত সামনে এগোচ্ছিল, তাদের হাত নাড়ানোর দৃশ্যটা ততই ছোট হয়ে আসছিল। একসময় গাড়ির ধুলোয় পেছনের পথটা আবছা হয়ে যায়। মনের পথটা কি আবছা হয়? তাই ভাবছিলাম আর গাড়ির গতি বাড়াচ্ছিলাম।
অভিমত থেকে আরো পড়ুন