https://www.prothomalony.com/

18662

opinion

অভিমত

প্রশ্ন    

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ০৩:৫৩

আষাঢ়ের প্রথম সপ্তাহ। বর্ষাকাল। তবুও রোদের প্রখরতা এখনো কমেনি। ধান কাটা হয়ে গেছে। দুই পার্শ্বে ফাঁকা ধানখেত। পরিত্যক্ত খোলা মাঠ। তার মাঝ দিয়ে পিচঢালা পথ। সেই পথ ধরে গাড়ি নিয়ে ছুটছি আমরা। বাইরে ভ্যাপসা গরম। গাড়িতে শীতল বাতাস বইছে বলে রক্ষা। গাড়িতে মেয়ে, জামাই, ছোট ভাই, ভাইবউসহ আরও চার-পাঁচজন—সবাই আনন্দে মাতোয়ারা।

আলতাদিঘির উদ্দেশ্যে ছুটে চলেছি। ধামইরহাট উপজেলায় প্রায় ২৬৪ হেক্টর জমির বিশাল বনভূমি 'আলতাদিঘি জাতীয় উদ্যান'। তার ঠিক মাঝখানে ৪৩ একর জায়গায় প্রকাণ্ড একটা দীঘি। বর্তমানে দীঘিটির খননকার্য চলছে, তবুও দারুণ দৃষ্টিনন্দন। দিঘির উত্তর পাশেই ভারত। আমরা বর্ডারলাইন অতিক্রম করলাম। ছবি তুললাম। সবাই মিলে হৈচৈ করলাম।

একসময় জামাইবাবুকে ডেকে বললাম, "এই দিঘি নিয়ে চমৎকার একটা লোককাহিনি প্রচলিত আছে, শুনবে?"

জামাইবাবু বলল, "জ্বি, শুনব।"

একটু ভেবে নিয়ে আমি গল্প শুরু করলাম—"পানীয় জলের সংকট সাধনে তৎকালীন রাজা বিশ্বনাথ রাজমাতার সন্তুষ্টিকল্পে এ দিঘিটি খনন করেছিলেন। কিন্তু শর্ত ছিল, রাজমাতা যতদূর হেঁটে যাবেন, দিঘিটি ততদূর পর্যন্ত হবে। সেই মোতাবেক রাজমাতা হাঁটা শুরু করলেন। কিন্তু রাজমাতার হাঁটা আর শেষ হয় না। পরিস্থিতি প্রতিকূল দেখে মন্ত্রীবর রাজমাতার পায়ে আলতা ঢেলে দিয়ে বললেন, 'মা, আপনার পা ফেটে রক্ত বেরিয়ে গেছে, আপনি আর হাঁটতে পারবেন না।'

রাজমাতা বাধ্য হয়ে হাঁটা বন্ধ করলেন। সেই থেকে এর নাম হলো 'আলতাদিঘি'।"

জামাইবাবু খুব খুশি হয়ে বলল, "বাহ! চমৎকার কাহিনি তো!"

বললাম, "আরও গল্প আছে সামনে। চলো, আজকে তোমাকে শোনাব।"

তারপর আলতাদিঘি শেষে আমরা যখন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে পৌঁছালাম, তখন দুপুর গড়িয়ে বিকেল। স্থানীয় হোটেলে দুপুরের খাওয়া শেষ করে রেস্টহাউসে কিছুটা বিশ্রাম করলাম।

আমাদের মতো অনেকেই এসেছেন পরিবার নিয়ে। গাছের ছায়ায় ছড়িয়ে-ছিটিয়ে অনেকে বিশ্রাম করছেন। অনেকেই আড্ডা দিচ্ছেন। কেউ কেউ ছবি তুলছেন। নানান রকম ফুল ফুটেছে এখানে। ফুলের সৌন্দর্য উপভোগ করছেন কেউ কেউ।

আমি এখানে আগেও এসেছি। কিন্তু এবারের আসা যেন অন্যরকম। মেয়ে এবং জামাইবাবুর হাসিখুশি মুখ দেখে আমরাও আপ্লুত। এক ফাঁকে জামাইবাবুকে ডেকে বললাম, "আমার কাছে এসে বসো, তোমাকে পাহাড়পুরের গল্প শোনাই।"

জামাইবাবু পাশে এসে বসলে আমি গল্প বলা শুরু করলাম—"এই 'পাহাড়পুর বৌদ্ধবিহার'-এরও ঐতিহাসিক গল্প আছে। এর আসল নাম ছিল সোমপুর মহাবিহার। এটাই ভারতীয় উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ মহাবিহার। পাল বংশীয় দ্বিতীয় রাজা ধর্মপাল (৭৭০-৮১০ খ্রিষ্টাব্দ) এটি নির্মাণ করেছিলেন। নবম শতাব্দীর শেষের দিকে পাল রাজাদের সাথে সেন রাজাদের যুদ্ধ শুরু হয়। যুদ্ধে পাল রাজারা পরাজিত হয়েছিলেন। পরিশেষে দ্বাদশ শতকের দিকে এই বঙ্গ অঞ্চলটি সেন রাজাদের হস্তগত হয়েছিল। ধীরে ধীরে এটি পরিত্যক্ত হতে থাকে। বৌদ্ধ ভিক্ষু এবং পূজারীরা এই পাহাড়পুর ত্যাগ করে চলে যান—মোটামুটি এই হলো পাহাড়পুরের সংক্ষিপ্ত গল্প।"

হাসিমাখা মুখ নিয়ে জামাইবাবু বললেন, "আপনি খুব চমৎকার করে গল্প বলেন—শুনে আমি খুব খুশি হলাম।"

জামাইবাবুকে পাহাড়পুর বৌদ্ধবিহার এবং জগদ্দল বিহারের ইতিহাস বলা শেষ হয়েছে অনেক আগেই।

ইতোমধ্যেই সূর্যের প্রখরতা অনেকটা কমেছে। সেজন্য যে যার মতো ঘুরছে। মেয়ে-জামাইয়ের সাথে যুবকরা আলাদা একটা গ্রুপ হয়ে গেছে। তারাও মনের আনন্দে হাসছে-খেলছে। আমিও আনমনা হয়ে একা একা হাঁটছি। রৌদ্রস্নাত পাহাড়পুর বৌদ্ধবিহারের সৌন্দর্য প্রাণভরে উপভোগ করছি...

এমন সময়ে পিছন থেকে একজন ডেকে বললেন,

—"স্যার, কি একাই আইছেন? কোনো অসুবিধা নাই, ফোনটা দেন, আমি আপনার কয়ডা ছবি তুইলা দিই।"

চমকে পাশ ফিরে দেখি, হাসিমুখ নিয়ে একটা লোক। কাঁধে একটা বাক্স।

জিজ্ঞেস করলাম, "আমি ছবি তুলতে চাই, এটা আপনি কীভাবে বুঝলেন?"

মাথা নিচু করে লোকটি বললেন, "মনে হইলো, স্যার, তাই জিগাইলাম। তুলবেন, স্যার?"

আমি আর কিছু না বলে লোকটাকে আমার ফোনটা দিলাম। খুশিমনে লোকটি আমার কয়েকটা ছবি তুলে দিলেন। দেখে মনে হলো, তিনি ছবি তুলতে বেশ সিদ্ধহস্ত।

ছবি তোলা শেষে জিজ্ঞেস করলাম, "কী করেন আপনি?"

লোকটা কাঁধে ঝোলানো বাক্সটি দেখিয়ে বললেন, "আইসক্রিম বেচি, স্যার। আর মাঝেমধ্যে কেউ চাইলে ছবি তুইলা দিই। কখনোসখনো গাইডেরও কাম করি, স্যার।"

পৃথিবীতে কিছু কিছু মানুষ আছেন, যাঁদের দেখলেই মনে একধরনের মায়া জন্ম নেয়। মনে হয় যেন কত দিনের চেনা! এ লোকটাও ঠিক তেমনি।

—"জিজ্ঞেস করলাম, কী নাম আপনার?"

কাঁধ থেকে বাক্সটি নামিয়ে রেখে লোকটি বললেন, "আমারে আপনি-টুপনি কইরা কইতাছেন ক্যান, স্যার? নজ্জা লাগে। আমার নাম হারুন। তয় হক্কলে আমারে হারু কইয়া ডাকে। কেউ তুমি কয়, কেউ তুই কয়; আপনিও আমারে তাই কইবেন, স্যার।"

—"বললাম, তাহলে আপনি কেন আমাকে স্যার স্যার বলতেছেন?"

লোকটা বললেন, "হায় হায়, কয় কী! আপনি তো আমার স্যারই!"

লোকটার সরলতা দেখে তাঁর সাথে গল্প করতে আমার ভীষণ ইচ্ছে হলো।

তাঁকে পাশে বসার জায়গা করে দিয়ে জিজ্ঞেস করলাম, "কত দিন থেকে আপনি এখানে?"

লোকটি জবাব দিলেন, "হেই ছোটকাল থাইক্কা, স্যার।"

—"বাড়ি কোথায়? বাড়িতে কে কে আছেন?"

লোকটি বললেন, "কেউ নাই, স্যার। একলা থাহি।"

—"একা কেন? বিয়ে করেননি?"

—একটি দীর্ঘশ্বাস ফেলে লোকটি বললেন, "করছিলাম, স্যার। কিন্তু বউডা বেশি দিন বাঁচলো না। ক্যান্সার হইছিল। গাই আছিল দুইখান, কয়েকটা ছাগল আছিল—সবগুলা বেইচ্চা চিকিৎসা করাইছি। তাও বউডা বাঁচলো না, স্যার!"

—"বললাম, আর একটা বিয়ে করলেই পারতেন?"

—লোকটি বললেন, "তা পারতাম, স্যার। কিন্তু ফের হ্যারো যদি ক্যান্সার হতো? চিকিৎসা করামু কেমনে? আমার তো বিক্রি করার মতো আর কিচ্ছু নাই, স্যার!"

একটু থেমে লোকটি আবার বলতে শুরু করলেন, "হেডা আসল কথাও না, স্যার। আসল কথাডা হইলো, আমি হিন্দু আছিলাম। আমার নাম আছিল কার্তিক। বাপ-মা, ভাই-বোন—হক্কলে হিন্দু আছিল। আমরা গরিব ভূমিহীন, স্যার। মাইনসের বাড়িত কাম করতাম, এস্টেটে কাম করতাম। আমার বাড়ির লগেই আমার বউ হালিমার বাড়ি আছিল। হেরাও গরিব। বাপ নাই, খালি বুড়া মা। হালিমাও এস্টেটে থালাবাসন ধুইত। একলগে থাকতে-থাকতে, কাম করতে-করতে আমি হ্যারে পছন্দ করতে লাগলাম। হেও আমারে ভালোবাসলো, স্যার! মনে হইলো, হেরে ছাড়া আমি বাঁচুম না। শেষে হের মায়ে একদিন কইলো, মুছলমান না হইলে বিয়া হইবো না। হালিমারে পাওনের লাইগা বাবা-মা, ভাই-বোন, সমাজ-সংসার—হকলোরে ছাইড়া আমি মুছলমান হইলাম। নাম হইলো হারুন। আনন্দেই আছিলাম, স্যার! টুকটুকে একটা মাইয়া হইলো, চাঁদের লাহান। নাম থুইলাম বিপাশা। কিন্তু এত সুখ কপালে বেশি দিন সইল না, স্যার! এক রাইতে বুইড়া শাশুড়িডা সাপে কাইট্যা মইল! মাকে হারাইয়া বউডা চ্যান কেমন হইয়া গেল! সারাক্ষণ মনমরা হইয়া থাকে। তারপরে একদিন হেও চইলা গেল! আমার দুনিয়াডা হটাৎ আন্দার হইয়া গেল, স্যার!"

—"প্রসঙ্গটা ঘোরানোর জন্য বললাম, বিপাশা কি এখন আপনার সাথে থাকে?"

লোকটি গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বললেন, "হেই শরমের কতা ক্যামনে কবো, স্যার! মাইয়াডা একটা হিন্দু পোলার লগে ভাইগ্যা গিয়া বিয়া করল! হুনছি, এহন ঢাকায় থাহে। ছেলেটা সেলুনে নাকি কাম করে। হেগো লগে কোনো যোগাযোগ নাই, স্যার! বউডা মরণের কালেও কইছিল, মাইয়াডারে দেইখ্যা রাইখো। কিন্তু হেডা আর হইলো কই, স্যার! এই পোড়া দিলডার ভিতরে এখন হালিমা ছাড়া আর কাও নাই, স্যার। শুধু হালিমার লাইগা দিলডা শুধু পোড়ে..."

কী বলব ভেবে পাই না। একজন আইসক্রিম বিক্রেতার বুকের ভেতরে এ কোন বিধ্বংসী অনলের হাহাকার! মনটা খুব খারাপ হয়ে গেল।

লোকটা একটু দম নিয়ে আবারও তাঁর জীবনকাহিনি বলতে শুরু করলেন। আমি যতই শুনি, ততই বিস্মিত হই! একবুক যন্ত্রণা ও বঞ্চনা নিয়ে একটা মানুষ কীভাবে পুড়ে পুড়ে যায়—তার জ্বলন্ত প্রমাণ হারুন নামের এই লোকটি।

সুদীর্ঘ চল্লিশ বছরে ঘুনেধরা এই সমাজের প্রতি, ধর্মের প্রতি, মানুষের প্রতি তাঁর কত তীব্র অভিমান এবং কত দুঃখ-কষ্ট-ঘৃণা বুকের গভীরে জমা হয়ে আছে, বাইরে থেকে তা বোঝার কোনো উপায় নেই।

কথা বলতে বলতে কখন যে এতটা সময় পার হয়ে গেছে, টের পাইনি। বৌদ্ধবিহার দর্শনের সময়সীমার শেষ সাইরেন বেজেছে অনেক আগে। লোকটার সাথে কথা বলার সময় মেজভাইয়ের ফোন এসেছিল কয়েকবার। জানি, তারাও আমার জন্য অপেক্ষায় আছে। আমাদের মতো যাঁরা ঘুরতে এসেছিলেন, তাঁরাও বেরিয়ে গেছেন অনেক আগে। তখনও লোকটার চোখে টলমল করছে জল। হঠাৎ আমার শ্বাসকষ্টটা বেড়ে গেল। মনে হলো যেন আমারও অক্সিজেন ফুরিয়ে আসছে...

লোকটির ঘাড়ে হাত রেখে বললাম, "আপনার অনেক সময় নষ্ট করলাম। আজকে আর আইসক্রিম বিক্রি করা হলো না..."

লোকটা মলিন হাসি দিয়ে গামছায় চোখ মুছতে মুছতে বললেন, "আপনারে একডা কতা জিগামু, কিছু মনে করবেন না, স্যার?"

—"বলুন।"

লোকটা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, "আমার তো, স্যার, দুকূলই গ্যাছে। আমি মইলে কেউ তো আর মুখে আগুন দিবার আইবো না—হেডা আমি জানি। না দিক আগুন! কিন্তু যাঁদের লগে এই আমি আছি, উঠতাছি, বসতাছি, হেরাও কী আমার জানাজার নামাজ পড়বো, স্যার? আমার জানাজা না হইলে আমি তো হালিমার লগে দেখা করতে পারুম না! সত্যি করে কন, স্যার, হেরা কী আমার জানাজার নামাজ..."

এমন সময় সিকিউরিটি গার্ডের বাঁশি বেজে উঠল। তিনি বাঁশি বাজাতে বাজাতে দ্রুত এগিয়ে আসছেন এদিকে। তাঁকে দেখে উঠে দাঁড়ালাম।

তিনি আইসক্রিমওয়ালাকে হুংকার দিয়ে বললেন, "আজকেও তুই দেরি করেছিস? কাল থেকে তুই আর এখানে আইসক্রিম বিক্রি করতে পারবি না—এটা আমার অর্ডার। যদি কালকে তোরে দেখি..."

তাড়াতাড়ি ওয়ালেট থেকে আমার ভিজিটিং কার্ড গার্ডের হাতে তুলে দিয়ে বললাম, "ওঁর কোনো দোষ নেই। আমিই তাঁর সাথে গল্প করছিলাম। সব দোষ আমার। প্লিজ, এবারের মতো ওকে ক্ষমা করে দিন।"

সিকিউরিটি গার্ড আমার কার্ডটা ভালো করে দেখে নিয়ে বললেন, "দেখুন, মিস্টার রহমান, আপনি এত বড় পত্রিকার একজন সম্পাদক, তাই ওকে এবারের মতো মাফ করলাম।"

আমি খুশি হয়ে আইসক্রিমওয়ালাকে বললাম, "দুটো ভালো আইসক্রিম দিন।"

আইসক্রিম দিয়ে তিনি বললেন, "দুটো আইসক্রিমের দাম তো চল্লিশ টেহা। আপনি আমারে এত টেহা দেন ক্যান, স্যার?"

লোকটার পিঠে হাত রেখে বললাম, "আজকে আপনার অনেক সময় নষ্ট করেছি, তাই দয়া করে এটা রাখুন।"

তারপর সিকিউরিটি গার্ডকে আমি আইসক্রিম দিতে গেলে তিনি বললেন, "কারও কাছ থেকে কিছু নেওয়া বা খাওয়া আমাদের একদম নিষেধ—তাই আমি এটা নিতে পারব না।"

আমি বললাম, "ভালোবেসে দিচ্ছি, প্লিজ, আজকে আর না করবেন না। ভয় নেই, এটা অবশ্য আমার পত্রিকায় আসবে না।"—বলে দুজনেই আমরা হেসে উঠলাম।

আইসক্রিম খেতে খেতে ভাবলাম, অনেক বিলম্ব হয়ে গেছে। তাই আর কালক্ষেপণ না করে তাড়াতাড়ি গেটের দিকে ছুটলাম। দেখি, মেজভাই গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তার চোখে-মুখে কিছুটা বিরক্তির ছাপ। আমি কারও সাথে কোনো কথা না বলে সোজা গাড়িতে গিয়ে বসলাম।

রক্তমাখা গোধূলির রং তখনো পশ্চিমাকাশ ছেয়ে আছে। লাল ও কমলা রঙের মিষ্টি আলো গাড়ির জানালায় এসে লুটোপুটি খাচ্ছে। বাড়ি অভিমুখে সাঁই সাঁই করে ছুটে চলেছে আমাদের গাড়ি। গাড়িতে রবীন্দ্রসংগীত বাজছে—"চোখের আলোয়দেখেছিলেম চোখের বাইরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে..."

গোধূলির সেই মায়াভরা সন্ধ্যা, রবীন্দ্রসংগীত, দিগন্তবিস্তৃত মাঠ আর গাড়ির ভেতরের কোলাহল—সবকিছু ছাপিয়ে আমার কানে তখন শুধুই ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছিল হারুনের সেই গগনভেদি প্রশ্ন—"আমি মইলে, হেরা কী আমার জানাজার নামাজ পড়বো, স্যার?"

অভিমত থেকে আরো পড়ুন