https://www.prothomalony.com/
18658
opinion
যেকোনো কাজে সাফল্যের জন্য প্রয়োজন বাস্তবায়ন পর্যায়ে সততা, স্বচ্ছতা, পরিশ্রম ও আন্তরিকতা। কিন্তু আমাদের মধ্যে এসব গুণের অভাব রয়েছে বলেই কাজে সফলতা আসে না। উদ্দেশ্য ও লক্ষ্য যতই সুন্দর ও নিখুঁতভাবে সাজানো হোক না কেন, সুষ্ঠু বাস্তবায়নের ওপরই এর সাফল্য নির্ভরশীল। আমাদের দেশে বিভিন্ন সময়ে অনেক পরিকল্পনা ও মহাপরিকল্পনা, এমনকি আইনও রচিত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়নের অভাবে তা শুধু কাগজ-কলমেই রয়ে গেছে—কাজের কাজ কিছুই হয়নি।
সম্প্রতি সরকার সন্ত্রাসী তৎপরতা, ধর্ষণ ও অন্যান্য মারাত্মক ধরনের অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। সরকারের উদ্দেশ্য হলো সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলার উন্নয়নে ন্যায়বিচারের শাসন প্রতিষ্ঠা। এর অধীনে সারা দেশে পুলিশ ও র্যাব একযোগে তৎপরতা শুরু করেছে এবং সন্দেহবশত ও নির্ধারিত মামলার অভিযোগে অনেক লোককে গ্রেপ্তার করেছে। কিন্তু তুলনামূলকভাবে অস্ত্রশস্ত্র যেমন উদ্ধার হয়নি, দুষ্কৃতকারী, মাস্তান, অপরাধীরাও তেমনি ধরা পড়েনি। কিন্তু সাধারণ ও শান্তিকামী মানুষের চাহিদা—যার দোষ, তার বিচার হোক, দোষ প্রমাণ হলে শাস্তি হোক, সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরে আসুক। আবার এও শোনা যাচ্ছে, বিভিন্ন স্থানে পুলিশ নিরপরাধ লোককে গ্রেপ্তার করে ভয়ভীতি দেখিয়ে ও হয়রানি করে টাকা-পয়সা আদায় করছে। এভাবে জাতীয় কর্মসূচিতে আইনের অপপ্রয়োগ হলে পুরো কর্মসূচিই ব্যর্থ হয়, সরকার জনপ্রিয়তা হারায়। শেষ পর্যন্ত পুলিশি কর্মকাণ্ডের জন্য সরকারকেই দায়ী করা হয় সর্বক্ষেত্রে।
সন্দেহবশত গ্রেপ্তার করা হলেই কেউ দুষ্কৃতকারী হয় না। অনেক নিরপরাধ লোক গ্রেপ্তার ও হয়রানির শিকার হয়। সমাজের বর্তমান হালহকিকত, মানুষের প্রবণতা সকলেরই জানা। প্রশাসনের দায়িত্বে যারা, তাদেরও এ কথা না জানার কথা নয়। ঈর্ষা, বিদ্বেষ, হিংসা-প্রতিহিংসাবশত সম্পূর্ণ নিরপরাধ লোককে ডাকাত, চোর, খুনি হিসেবে অভিযুক্ত করা বা মিথ্যা অভিযোগে হয়রানি করার ঘটনার অভাব নেই। আবার দেখা যায়, খুন, ডাকাতিসহ মারাত্মক ধরনের অপরাধে অভিযুক্ত অপরাধীরাও বেপরোয়া চলাফেরা করছে—হুমকি দিচ্ছে প্রতিপক্ষকে। কোনো প্রতিকার নেই, বিচার বা শাস্তি দূরের কথা, তারা গ্রেপ্তার পর্যন্ত হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করতে পারলে বরং সাহায্যপ্রার্থী, আশ্রয়প্রার্থী, নিরপরাধ লোকও অত্যাচার ও হয়রানির শিকার হয়। আমরা প্রত্যক্ষ করেছি, এর আগে সন্দেহবশত অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে। আবার সন্ত্রাসীরা খুন করার মতো অপরাধ করেও তাদের গ্রেপ্তার না করার ঘটনাও বিরল নয়। আইনের প্রয়োগে বৈষম্য থাকলে কর্মসূচি ঘোষণা কেবল ব্যর্থই হয় না, জনঅসন্তোষ সৃষ্টি হয় এবং সময়ের ব্যবধানে সে অসন্তোষ গণবিক্ষোভে পরিণত হয়। এ গণবিক্ষোভকে তখন আর ক্ষমতা দিয়ে দমন করা যায় না। আমরা বুঝেও বুঝি না যে, কোনো অন্যায়কারীকে একালে না হলেও পরকালে তার পাপকর্মের জন্য জবাবদিহি করতে হবে। শাস্তি ভোগ করতে হবে। ধর্মের কথা আমরা মুখে বলাবলি করলেও অন্তরে যেন তা পৌঁছায় না। আর এ জন্য ন্যায়নীতিবোধ আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। সত্য হচ্ছে লাঞ্ছিত, জালেম ও জুলুম সাময়িকভাবে প্রাধান্য বিস্তার করছে। কিন্তু তারা অনুধাবন করতে পারছে না যে, তাদের বিনাশ অবশ্যম্ভাবী, কারণ এটা আল্লাহর বিধান। আল্লাহর ইচ্ছায় মানুষ বিভিন্ন পর্যায়ে ক্ষমতাপ্রাপ্ত হয়। ক্ষমতা লাভের পর যদি ক্ষমতাবানের হৃদয়ে আল্লাহর প্রতি প্রেম ও ভীতি অক্ষুণ্ণ থাকে, তাহলে তিনি ক্ষমতার অপব্যবহার করতে পারেন না। কিন্তু ভাব দেখে মনে হচ্ছে, বর্তমান সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তা মোটেই প্রয়োগ হচ্ছে না। আল্লাহর দেওয়া দান ও রহমতকে অস্বীকার করলেই মানুষ স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং স্বেচ্ছাচারিতাই তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। ইতিহাস তার সাক্ষী।
আমাদের দেশে প্রায়ই দেখা যায়, অপরাধী মারাত্মক অপরাধ করেও শাস্তি ভোগ না করে মুক্তি পায়। প্রভাবশালীরা প্রভাবের জোরে, বিত্তশালীরা অর্থ খরচ করে মুক্তি পায় আর বিপরীতে নিরপরাধ লোক চরম শাস্তি ভোগ করে। এ জাতীয় ঘটনা হরহামেশাই আমাদের চোখে পড়ে। কিন্তু আমাদের সকলের মনে থাকা দরকার, মজলুমের বুক থেকে যে আর্তি উচ্চারিত হয়—আল্লাহর দরবারে তা তাড়াতাড়ি পৌঁছে। আল্লাহর অমোঘ শাস্তি থেকে কেউই রেহাই পাবে না—পাওয়ার কথাও নয়। সুযোগ-সুবিধার আড়ালে নিজেকে আচ্ছন্ন করার জন্য ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রচেষ্টা কোনো সময়ই কল্যাণকর হয় না। মিথ্যাকে চাপিয়ে দিয়ে জনগণকে বিশ্বাস করানোর যে প্রয়াস চলে, তা বাস্তব ক্ষেত্রে কার্যকর হয় না। শিক্ষিত বা অশিক্ষিত সব মানুষই সহজাত বুদ্ধিতে বিচার করে চলে।
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্তদের মনে আল্লাহর ভয় থাকলে ক্ষমতার অপব্যবহার হয় না, পরিস্থিতির অবনতি হয় না, সরকারের জনপ্রিয়তা কমে না। আল্লাহ শান্তি রক্ষার জন্য শাসক নিয়োগ করে দেন। শাসক তার কর্মীদের ওপর আস্থা নিয়ে শাসনতন্ত্র পরিচালনা করে থাকেন। তাই দায়িত্বপ্রাপ্ত মানুষ যখন প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে, দুর্নীতিতে জড়িয়ে পড়ে, অত্যাচারী বা স্বৈরাচারী হয়ে যায়, তখন সে আল্লাহ তায়ালার নিকট যেমন—জনগণের নিকটেও তেমনি হয়ে ওঠে বিশ্বাসভঙ্গকারী, ধিকৃত ব্যক্তি হিসেবে। এর পরিণতি কোনো দিনই কল্যাণকর হয় না। বিশ্বাসভঙ্গের জন্য মানুষের এড়ানো এ জগতে সম্ভব হলেও নাফরমানি ও বিশ্বাসঘাতকতার জন্য আল্লাহর শাস্তি এড়ানো যায় না—তার বিচার একদিন হবেই। এটা সত্য; চিরন্তন সত্য।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট।
অভিমত থেকে আরো পড়ুন