https://www.prothomalony.com/

18704

literature

সাহিত্য

উত্তরের সাহিত‍্য 

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ০৪:০৯

অশ্রু, রঙ ও নীরবতা 

কাকন রেজা

ও'দুটো চোখের কথা বলি 

সম্প্রতি চশমায় পড়েছে যা ঢাকা

ও'দুটো চোখের কথা বলি

গল্পের আড়ালে অশ্রু জুড়ে থাকা

এবার মুখের কথা বলি

ক্যানভাসে আঁকা দৃশ্যের মতো স্থির

এবার মুখের কথা বলি

কপোলে কপালে সকল রঙ অস্থির

এবং ঠোঁটের কথা বলি 

থাক, যত কম বলা যায় কথা 

এবং ঠোঁটের কথা বলি 

কী দারুণ ধরে রাখে না বলার ব্যাকুলতা

 

খুব কাছে, সূর্যাস্ত

সাকিব জামাল 

নক্ষত্র-নক্ষত্র দূরত্ব লুকিয়ে, দিনান্তে

ঘরে ফেরা পাখির মনস্তত্ত্ব

শঙ্খচিল বোঝে না।

পশ্চিমাকাশের রঙে নুনজমাট চোখ—

জেব্রাক্রসিং ভুলে, শর্টকাট দুঃখ

তাড়াবার ধ্যানে ছায়া থেকে কখন বিচ্ছিন্ন,

এপিটাফ লেখা হয় বহু আগে তার

সন্ধ্যারাতের দেয়ালে!

 

ঘাসেরও কিছু অভিমান থাকে 

লিপন মুস্তাফিজ

কুয়াশার ভেতর ভোর হলে
একটি ঘাসের ডগায় শিশির জমে।
পৃথিবী তখনো জানে না,
রাতের সমস্ত কান্না
কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে।

শহরের উঁচু দালানে
মানুষেরা জানালা বন্ধ করে ঘুমায়,
নিচে ফুটপাতের শিশুটি
এক টুকরো আকাশের জন্য
সারারাত জায়গা বদলায়।

অথচ দেখেছি,
একটি মৃত গাছের গুঁড়িতে
পিঁপড়েরা বাসা বাঁধছে।
কেউ কাউকে জিজ্ঞেস করছে না—
এখানে বেঁচে থাকা কতটা নিরাপদ!

একটি পিঁপড়ে খাবার পেলে
অন্যদের খবর দিতে ফিরে যায়,
আর মানুষ সম্পদের পাহাড় গড়ে
প্রতিবেশীর ক্ষুধার খবর রাখে না।

 

 

অভিমান

এনাম রাজু

আমারও অভিমান হয়,

গাল বেয়ে পড়ে বৃষ্টির মতো লবণাক্ত জল—

কলমের নিব ভেঙে শরীরে লাগা দাগের মতো

অন্তর জুড়ে আসে কালোর ঢেউ।

আমিও পারি মুখ লুকাতে,

যেভাবে নদী স্মৃতিচিহ্ন রেখে বিলীন হয়,

গোলাপ ঝরে যায় বোঁটা রেখে,

কলম অক্ষত থেকেও কালির অভাবে ডাস্টবিন খোঁজে—

ঠিক সেভাবেই।

মারও অভিমান আছে;

মনের বিরুদ্ধে যেতে পারি আমিও—

হাসতে হাসতে সবচেয়ে অপছন্দের হাত চেপে,

অথবা বুকের মাঝে কাউকে জাপটে নিয়ে

হাঁটতে পারি তোমার সামনে দিয়ে...।

এসব ছাইপাশ আমিও পারি,

করা হয়ে ওঠে না মনুষ্যত্ব অবিক্রিত ভেবেই...।


 

বিগ মার্ডার 

আ ই না ল  হ ক 

মৃত্যুর দায়ে আদালতের কাঠগড়ায় দাঁড়াবে একজোড়া 

চোখ; যার মায়াবী চাহনি নৃশংসভাবে

খুন করেছে আমায়। ক্রুশবিদ্ধ লাশ হয়ে ঝুলে রয়েছি 

বিদগ্ধ দুপুরের প্রশস্ত দিগন্তে; মার্ডার, বিগ মার্ডার!

বিশ্বাস করো; তোমার হৃদয়ের সমুদ্রে

নীল প্রবাহ চেয়েছিলাম, নাগরিক ব্যস্ততা শেষে 

চেয়েছিলাম একটুকরো নরম প্রশান্তি—

তোমাকে পাওয়া হলে আর কী বাকি থাকে বলো?

অতঃপর মরিয়া প্রমাণ করলাম, একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি 

কত সুকৌশলে ইহজাগতিক মায়া সাঙ্গ করায়।

 

 

কৃষ্ণপক্ষ 
নুসরাত হাসেমী

এক একটা মৃত্যু আমাকে বদলে দেয়।

পাতার আড়ালে উঁকি দেওয়া সূর্যটা ক্রমশ বিলীন হয় অন্ধকারে;

এক লহমায় উড়িয়ে নেয় মনের মধ্যে জমানো ভালোত্ব।

উজাড় হয়ে যাওয়া সেই শূন্যতাকে সাথে নিয়ে

মন্দের গালিচায় আমি হেঁটে চলি একা—

যেখানে প্রতিটি পদক্ষেপ আরও বেশি ভারী,

আরও বেশি অচেনা।

যেথায় নক্ষত্র রাত পেরোলেই

চেনা মেঘগুলোকে বড্ড কালো মনে হয়।

আমি কি পথভ্রষ্ট?

নাকি বয়ে বেড়াচ্ছি

এক অনিয়ন্ত্রিত আয়ুষ্কাল!


 

অপরাহ্নের ডার্ক ম্যাটার

ইসলাম মুহাম্মদ তৌহিদ

একটি মৃত অভিধান

রক্তের ভেতর রচে যায় বানান-সন্ত্রাস।

কারা যেন বাতাসের মেরুদণ্ডে

পেরেক ঠুকে বদলে দিচ্ছে পাখিদের উচ্চারণ।

পাথর আজকাল

নিজের ছায়াকেই কিবলা বানায়;

অথচ ডার্ক ম্যাটার স্বার্থান্বেষী বিভেদ নয়, 

নাক্ষত্রিক সততা খোঁজে।

কেবল মানুষই

নিজের কক্ষপথ ছেড়ে

পতনকে

মুক্তি বলে।

 

 

কী লিখি তোমায় 

রকিবুল ইসলাম

প্রিয়তমেষু! কী লিখি তোমায়!

শব্দরা আজ হয় না চয়ন আমার কলম দিয়ে;

একলা আমার অসহায়ত্বের নেয় না খোঁজ কেহ,

একলা আমায় ভেবে।

তবে, কী লিখি তোমায়!

ফুরিয়েছি কলম কত, লিখতে তোমায় শত!

জানতে পারিনি কভু সেসব লেখা পেয়েছ কি না—

পড়েছ কি কভু? তবে, কেন লিখি তবু?

কী লিখি তোমায়!

অপেক্ষারা আজ মানে না বাঁধ, 

আক্ষেপরাও তাই যোগ দিল তত্রসাথ!

কী লিখি তোমায়!

কবুতরটা আজ হয়ে গেছে বয়োবৃদ্ধ, মেলতে পারে 

না ডানা; 

কিংকর্তব্যবিমূঢ় আমি ভাবি, কীভাবে পাঠাব 

এখন তোমায় লেখা নীল খামে ভরা মোর চিঠিখানা!

তবে, কেন লিখি তোমায়?

কী-ই বা লিখি তোমায়!

স্বপ্নরা আজ হয় না বিবৃত, কালি নেই আজ দোয়াতে;

হৃদয়ক্ষরিত রক্ত দিয়ে লিখি আজ তাই—

তোমায় মনে হলে।  কী লিখি তোমায়!

 

ইন্ধন

বশির আহমেদ

আকিব অভীর

রাতের ছায়ায় ঢেকে যায় শহর, ঘড়ির কাঁটা যখন নয়ের গা 

ছুঁই ছুঁই। এদিকের অন্ধকারটা যেন আরও বেশি গাঢ়; যেন শহরের দুঃখগুলো এখানে আরও বেশি তীব্র, আরও বেশি জমাটবদ্ধ। গলির মুখে টিপটিপ করে জ্বলতে থাকা টিউবলাইটটা যেন পিচঢালা রাস্তায় নিরবচ্ছিন্ন অন্ধকারের চপেটাঘাত করে যাচ্ছে। দালানের ফাঁকে ফাঁকে কবুতরের বাসা, সেখান থেকে ভেসে আসছে বাকবাকুম ধ্বনি।

আমি এগিয়ে যাই নির্লিপ্ত পায়ে। দুদিকে সারি সারি বিল্ডিং দাঁড়িয়ে আছে কত শত ইতিহাস গোপন করে। প্রতিটি দালানের বাইরের দেয়ালে হাবিজাবি আঁকিবুঁকি। রিন্তির প্রেমিক রিন্তির বাড়ির দেয়ালে লিখে গেছে 'রিন্তি+সুমন'। সোলেমান ব্যাপারীর বাড়ির দেয়ালে গত নির্বাচনের ছেঁড়া পোস্টার সাঁটানো। পোস্টারে প্রার্থীর চোখটাই আছে অক্ষত; শুকিয়ে যাওয়া কাকের মল সেখানে এঁকে দিয়েছে সাদা অশ্রুচিহ্ন। নির্বাচনে হেরে গিয়ে লোকটা হয়তো কেঁদে উঠেছিল ঠিক এভাবেই।

গলির শেষ মুখে খোলা নর্দমার পাশে উল্টে পড়ে আছে আরশোলার দেহাবশেষ; পিঁপড়ার বহর সেখানে আনন্দভোজে মেতেছে। গত বছর ম্যানহোলের শেষ ঢাকনাটাও চুরি গেছে, এরপর কারও আর গরজ হয়নি নতুন করে ঢাকনা বসানোর। সেখানে বড় বড় নীল মাছির আড্ডাখানা—দুর্গন্ধ এখন আর নতুন করে নাকে লাগে না।

নর্দমার ঠিক উপরে দাঁড়িয়ে আছে জরাগ্রস্ত চারতলা বিল্ডিংটা; চুন খসে ইটের কঙ্কাল বেরিয়ে এসেছে দেয়ালে। দরজায় ঝুলছে একটি জংধরা তালা, চাবি ঘুরিয়ে মোচড় দিতেই খুট করে খুলে গেল সেটা। কপাটটা ফাঁক করতেই হুড়মুড় করে নাকে এসে বাড়ি খেলো দমবন্ধ করা ফাঁপা বাতাস। মুহূর্তেই সারা গা রি রি করে উঠল। বিদ্যুৎ বিল সাশ্রয়ের আশায় আজকাল সন্ধ্যার পর মধ্যের ঘরটায় বাতি জ্বলে না। নিজেকে স্থির করলাম অন্ধকারে, এরপর দেয়াল হাতড়ে সুইচ টিপে জ্বালালাম অল্প পাওয়ারের বাল্বটা।

ঘরময় শূন্যতা। এখানে যে দুটো মানুষ গত সাত বছর ধরে সংসার পেতে বসেছে, কে বলবে? তাদের অস্তিত্বও যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর সংসারে নতুন মানুষ না এলে ধীরে ধীরে সবকিছুই স্থবির হয়ে পড়ে।

আমি ধীর পায়ে এগিয়ে গেলাম শোবার ঘরের দিকে। প্রতিদিন যে দৃশ্যটা দেখি, আজও তার ব্যত্যয় হলো না। ঘরের এক কোণে একটি নরম অবয়ব পশ্চিমে মুখ করে দাঁড়িয়ে আছে। পিলারের ওপাশে লাইটের আলো পৌঁছায় না বলে জায়গাটা রাতদিন আলো-আঁধারি হয়ে থাকে। ওখানেই সে দাঁড়িয়ে নামাজ পড়ে প্রতিদিন, যেন ওই ছোট্ট জায়গাটাকেই সে নিজের মতো করে বানিয়ে নিয়েছে ইবাদতখানা হিসেবে। নিমগ্ন হয়ে মাথা ঠেকাচ্ছে সে সামনের মেঝেতে; এরপর দুদিকে মুখ ফিরিয়ে শান্ত ভঙ্গিতে হাত দুটো তুলে ধরেছে। প্রার্থনায় সে কী চাইছে, অনুমান করতে আমার ভুল হয় না কখনো। সাত বছরের সংসারে নিঃসন্তান দম্পতি আল্লাহর কাছে প্রার্থনায় কী-ই বা চাইতে পারে!

মাঝে মাঝে মনে হয়, এই নষ্ট পৃথিবীতে একটা নিষ্পাপ শিশুর আগমন না হলেই বা ক্ষতি কী—বরং সেটাই তো উত্তম। যে নরকে আমরা পুড়ছি দুজনে, সে নরকে একটা নতুন প্রাণের সঞ্চার খুব বেশি স্বার্থপরের মতো শোনায় না?

তবুও মনে হয়, আমাদের সকল সুখের আধার যেন লুকিয়ে আছে সেই অনাগত নিষ্পাপ আত্মার মাঝে। সে আসলেই হয়তো সকল গ্লানি মুছে যাবে এক নিমেষে; বুকের উপর থেকে নেমে যাবে পাহাড়সমান ওজনের পাথরটা। নির্মল হাসিতে মুখরিত হবে চারদিক। তাই কিছুটা স্বার্থপরের মতোই চাই আমরা—সে আসুক, সে এসে আমাদের উদ্ধার করুক।

জীবনযুদ্ধে হেরে গিয়ে কেউ কেউ ঝাঁপ দেয় রেললাইনে, আর কেউ কেউ গলা টিপে হত্যা করে ঔরসজাত সন্তানকে; এরপর নিজেও গলায় দড়ি দেয়। দমবন্ধ করা এই শহরে বেঁচে থাকাটাই যেন একটা মহাপ্রাপ্তি। নিঃশ্বাস আছে যতদিন, আশ্বাস আছে—হয়তো সব ঠিক হয়ে যাবে; বেঁচে আছি তো এখনও। বেঁচে থাকা মানে, এখনও ক্লাইম্যাক্স আসেনি।

বাতাসে নিভুনিভু করা সেই প্রদীপটাও সংগ্রাম করে, যতক্ষণ তার গায়ে তেল আছে সে জ্বলবে। আমাদেরও তো বেঁচে থাকতে ইন্ধনের প্রয়োজন হয়; তেল ছাড়া যেমন প্রদীপ জ্বলে না, ইন্ধন ছাড়া আমরাও বেঁচে থাকতে পারি না। আমি সেই ইন্ধন খুঁজে পাই দিনে পাঁচবার পরম করুণাময়ের দরবারে হাজিরা দিয়ে।

আতরে আতরে কাটাকাটি হয়, ছড়ায় মায়াময় সুগন্ধি। ধবধবে সাদা পাঞ্জাবিগুলোর দিকে তাকিয়ে আমি ভুলে যাই জীবনের সব কলুষতা। সিজদায় অবনত হয়ে অনুভব করি মাথায় অদৃশ্য এক শীতল স্পর্শ—যেন মাথার উপর থেকে ঋণের বোঝা এক এক করে সরিয়ে নিচ্ছে কেউ। আমি পুরো দিনের ইন্ধন জোগাই পাঁচবার আল্লাহর দরবারে মাথা নত করে; নর্দমার ওপর জরাজীর্ণ এই বাড়িতে টিকে আছি হয়তো সেই ইন্ধনশক্তিতেই।

এরপর বাড়ি ফিরে যখন দেখি ঘরের ওই ছোট্ট কোণটায় নামাজের ওড়না মাথায় পেঁচিয়ে সুর করে সে কোরআন পড়ছে, মনে হয় যেন একেই বলে অর্ধাঙ্গিনী। এই যুদ্ধ তো শুধু আমার একার নয়, আমরা দুজনই লড়ছি সমানভাবে। আমার প্রার্থনা পর্ব শেষ হয়েছে মসজিদের চার দেয়ালে, কিন্তু নিরবচ্ছিন্ন প্রার্থনা চলছে আমার এই নির্জন কক্ষে।

আমার উপস্থিতি টের পেয়ে সে মুখ তুলে তাকাল। চোখে তার নির্মল স্নিগ্ধতা, ঠোঁটে স্মিত হাসি; সে তাকিয়ে আছে আমার হাতের দিকে। আমি হেসে বললাম, "এনেছি।"

এরপর মুঠো খুলে বাদামপাপড়ির প্যাকেটটা বের করে কপট রাগ দেখিয়ে বললাম, "আগে ডিনার, তারপর।"

সে বাচ্চা মেয়েদের মতো মুখ ভেংচাল; এরপর জায়নামাজ ভাঁজ করে উঠে দাঁড়াল। নামাজের সাদা ওড়নায় তাকে পরীর মতো লাগছে। এই অপরূপ দৃশ্যে আমি ভুলে যাই খোলা নর্দমার পাশে উল্টে থাকা আরশোলার দেহাবশেষ, নীল মাছিদের আনন্দমেলা—ভুলে যাই মাথার উপর বীণ বাজানো ঋণের বোঝা, লাখ লাখ টাকার ব্যবসায় ধরা খেয়ে জীবন থমকে যাওয়া। সবকিছুর শেষে এই একটা কিছুই আছে আমার কাছে, আমার সাথে এই যুদ্ধের সঙ্গী হয়ে। সে কতদূর যেতে পারবে, আমিই বা কতদূর যেতে পারব—জানা নেই।

সাহিত্য থেকে আরো পড়ুন