https://www.prothomalony.com/
18702
science-tech
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ২২:২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে অর্থ উপার্জনের নতুন সুযোগ তৈরি করতে পরীক্ষামূলক ডিজিটাল ওয়ালেট চালু করেছে বৈশ্বিক অর্থ লেনদেন প্রতিষ্ঠান ভিসা। ‘ভিসা সিএলআই’ নামের এ ওয়ালেটের মাধ্যমে এআই এজেন্ট বিভিন্ন অনলাইন কাজ সম্পন্ন করে ডিজিটাল মুদ্রায় পারিশ্রমিক আয় করতে পারবে।
গত রোববার চালু হওয়া এ সেবার মাধ্যমে ভিডিও তৈরি, সংগীত রচনা, গেমিং, বাজার গবেষণা ও অনলাইন জরিপের মতো কাজ করতে পারবে এআই এজেন্ট। ব্যবহারকারীর হয়ে কাজ খোঁজা, সমন্বয় করা এবং পারিশ্রমিক গ্রহণের প্রক্রিয়াও স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে।
ভিসা ক্রিপ্টো ল্যাবসের প্রধান কুয়ি শেফিল্ড জানান, ক্লড কোড, কোডেক্স, হারমিস ও গ্রোকসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থার সঙ্গে ওয়ালেটটি ব্যবহার করা যাবে। যাচাইয়ের জন্য ব্যবহারকারীকে নিজের ভিসা কার্ড যুক্ত করতে হবে। তবে এ প্রক্রিয়ায় কার্ড থেকে কোনো অর্থ কাটা হবে না। একটি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫টি এআই এজেন্ট যুক্ত করা যাবে।
এ ব্যবস্থায় কাজের পারিশ্রমিক দেওয়া হবে স্থিতিশীল ডিজিটাল মুদ্রায়। প্রতিটি লেনদেনের আগে এআই এজেন্টকে তার মালিকের অনুমতি নিতে হবে। পাশাপাশি মালিকের নির্ধারিত ব্যয়ের সীমাও নিজে থেকে বাড়াতে পারবে না।
প্রাথমিকভাবে এ সেবা শুধু যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট ভিসা কার্ডধারীদের জন্য আমন্ত্রণের ভিত্তিতে চালু করা হয়েছে। প্রিপেইড ও করপোরেট কার্ডসহ কয়েক ধরনের কার্ড এখনো ব্যবহারের সুযোগ নেই। সেবাটি সবার জন্য উন্মুক্ত করার সময়সীমাও ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি।
বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আরো পড়ুন