https://www.prothomalony.com/
18650
literature
বস্তার ভেতর শব্দ
সাবিত রিজওয়ান
ভোররাতে সাভারের কসাইখানাগুলোতে তখনো পুরোপুরি আলো ফোটেনি।
রাস্তার পাশের স্যাঁতসেঁতে দোকানটার কাঠের তক্তাগুলো একটা একটা করে নামাচ্ছিল মানিক। বয়স চৌদ্দ-পনেরোর বেশি হবে না। হাত দুটোয় রক্ত আর ধুলোময়লা লেগে আছে। প্রতিদিন দোকান পরিষ্কার করা, মাংসের টুকরো ট্রেতে সাজানো আর বড় কসাই হাসেম ভাইয়ের হুকুমমতো চাপাতি ও পানি এগিয়ে দেওয়াই তার কাজ। এই কাজের চার হাজার টাকা বেতন থেকে গাঁয়ের অসুস্থ মায়ের ওষুধের খরচ চলে। রাতে দোকানের কাঠের তক্তাতেই ঘুমায় সে।
দোকানের একপাশে কাঁচা চামড়ার স্তূপ। চারদিকে চর্বি আর রক্তের গন্ধ। হাসেম কসাই পানের জর্দা চিবোতে চিবোতে কাঠের গুঁড়িতে বড় ভোজালি দিয়ে হাড় কোপাচ্ছিল।
"মানিক, পেছনের ড্রামটা ধুয়ে ফেল তো জলদি।"
হাসেমের কথায় মানিক বাঁশের বালতি হাতে দোকানের পেছনে গেল। চামড়ার স্তূপের পাশে পড়ে থাকা একটা বড় পাটের বস্তা হঠাৎ নড়ে উঠল।
ভেতর থেকে ছোট্ট একটা শব্দ এল। ঠিক কান্না নয়, যেন কোনো প্রাণী কষ্ট করে শ্বাস নিচ্ছে।
মানিক থামল। একবার বস্তাটার দিকে তাকিয়ে আবার ড্রামের দিকে এগোল। রাতে ঠিকমতো ঘুম হয়নি। খিদেও পেয়েছে। তার মনে হলো, হয়তো কোনো বেড়াল বস্তার পেছনে ঢোকার চেষ্টা করছে।
"কী রে, দাঁড়িয়ে আছিস কেন?" হাসেমের গলা শোনা গেল।
"ওই বস্তাটা নড়ল, হাসেম ভাই।"
হাসেম মুখ থেকে জর্দার থুতু ফেলল।
"ওটা ওভাবেই থাক। হাত দিবি না। রফিক ভাই একটু পর এসে নিয়ে যাবে।"
মানিক ড্রামের কাছে গিয়েও থেমে গেল। বস্তাটা আবার নড়ে উঠল। এবার ভেতর থেকে একটা চাপা শব্দ এল।
সে ফিরে গিয়ে বস্তার মুখটা একটু খুলতেই ভেতরে একটা ছোট বাছুর দেখতে পেল। গায়ের লোম ভেজা, পা দুটো দড়ি দিয়ে বাঁধা। বাছুরটা কুঁকড়ে পড়ে আছে। বুকটা দ্রুত ওঠানামা করছে।
আজ ভোরেই আড়ত থেকে একটা গাভী আনা হয়েছিল। হাটে নেওয়ার আগেই সেটাকে জবাই করেছে হাসেম। মানিক তখন দোকানের সামনের মেঝে পরিষ্কার করছিল। গাভীটার পেটে যে বাছুর ছিল, তা সে জানত না।
"হাসেম ভাই!"
মানিকের গলা শুকিয়ে এল।
"এটা তো জ্যান্ত!"
হাসেম ভোজালিটা কাঠের গুঁড়িতে রেখে গামছা দিয়ে হাত মুছল।
"আড়তদার ওটাকে ফেলে দিত। রফিক ভাই পঞ্চাশ টাকায় কিনে নিছে। কী করবে, সেটা ওর ব্যাপার। তুই নিজের কাজ কর।"
"কিন্তু বস্তার ভেতর দম বন্ধ হয়ে যাবে যে!"
হাসেম বিরক্ত হয়ে তার দিকে তাকাল।
"তুই কি ওরে দুধ খাওয়াবি? নিজের পেটের ভাত জোটে না, আবার বাছুর বাঁচানোর শখ! যা, কাজ কর।"
মানিক চুপ করে বাছুরটার দিকে তাকিয়ে রইল। প্রাণীটা কোনো শব্দ করছে না। শুধু চোখের পাতা কাঁপছে, বুকটা দ্রুত ওঠানামা করছে।
বস্তাটা খুলে বাছুরটাকে বাইরে রাখলেও কী হবে? সে নিজেই তো অন্যের দোকানে পড়ে থাকে। বাছুরটাকে নিয়ে কোথায় যাবে?
দোকানের সামনে একটা ভ্যান এসে থামল। রফিক ভেতরে ঢুকে বলল, "কী রে হাসেম, মাল রেডি?"
"ওই কোণায় রাখা আছে। নিয়ে যা।"
রফিক বস্তাটার কাছে গিয়ে মুখটা শক্ত করে ধরল। টান দিতেই ভেতর থেকে একটা ক্ষীণ গোঙানি শোনা গেল।
মানিক দাঁড়িয়ে রইল। সে চাইলে বাছুরটার পায়ের দড়ি খুলে দিতে পারত। কিন্তু সে নড়ল না।
রফিক বস্তাটা টেনে ভ্যানের ওপর তুলে ফেলল। তারপর ভ্যানে উঠে চালককে চলতে বলল। কিছুক্ষণের মধ্যে ভ্যানটা রাস্তার ধুলোয় হারিয়ে গেল।
মানিক সেদিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর বালতিটা তুলে ড্রামের কাছে ফিরে গেল। পানি ঢালতেই ড্রামের তলায় জমে থাকা রক্ত মেঝের দিকে গড়িয়ে পড়ল।
"মানিক! খদ্দের দাঁড়িয়ে আছে। পাঁচ কেজি মাংস টুকরো কর!"
হাসেমের হাঁকে সে ফিরে তাকাল।
মানিক কাঠের গুঁড়ির কাছে গিয়ে ভোজালিটা হাতে তুলে নিল। মাংসের ওপর প্রথম কোপটা বসানোর সময় তার হাত সামান্য কেঁপে উঠল। সে এক মুহূর্ত থেমে রইল।
বাইরে কুয়াশা কেটে সকালের রোদ এসে পড়েছে। মানিক আবার ভোজালিটা তুলল। কাঠের গুঁড়িতে কোপ পড়ল। সে আবার ভোজালিটা তুলল।
দোকানের সামনে খদ্দেরের ভিড় বাড়ছে।
মানিক মাংস কাটতে থাকল।
অতঃপর রোদেল
অনিক খুরশীদ
পর্ব- ১
চায়ের দোকানে মাথা নিচু করে বসে থাকে রবি। আজ রবির মন খুব খারাপ। মন খারাপের অবশ্য যথেষ্ট কারণও আছে। কিছুদিন আগে রবি একটা চাকরির ভাইভা দিয়েছিল। আজ তারই রেজাল্ট দিয়েছে-তাতে তার নাম নেই। এত সুন্দর ভাইভা দেওয়ার পরও ওর চাকরিটা হলো না। মাথা নিচু করে রবি নিচের দিকে তাকিয়ে থাকে। পায়ের আঙুল দিয়ে মাটিতে কী সব আঁকাআঁকি করে। জোরে হর্ন দিয়ে একটা লাল প্রাইভেট কার দোকানের সামনে এসে দাঁড়ায়। রবি চোখ তুলে গাড়িটির দিকে তাকাতেই দেখে মাঝবয়েসী এক ভদ্রলোক গাড়ি থেকে নেমে আসে। লোকটির পরনে লাল রঙের টি-শার্ট। খাকি রঙের প্যান্ট। পায়ে সাদা কেডস। চোখে কালো চশমা।
ভদ্রলোকটি রবির পাশে এসে বসে দোকানদারকে বলল—"ভাই, দুটো পুরী দেন।" বলতে বলতে লোকটি একটি সিগারেটের প্যাকেট ও লাইটার বের করল। সিগারেট ধরিয়ে আয়েশ করে টানতে লাগল। এরই মধ্যে দোকানদার দুটো পুরী লোকটির সামনে রেখে চলে গেল। ভদ্রলোক বাম হাতে সিগারেটে এক টান দেয় আর ডান হাতে পুরীতে এক কামড় দেয়। খুব আয়েশ করে পুরী আর সিগারেট খাচ্ছে।
রবি লোকটির এরকম খাওয়া দেখে ফিক করে হাসি দিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে। লোকটি রবির এ ধরনের হাসি দেখে চশমা খুলতে খুলতে রবির দিকে অদ্ভুতভাবে তাকায়। রবি সেদিকে ভ্রুক্ষেপ না করে অন্যদিকে মুখ ফিরিয়ে হাসতে থাকে। হাসি থামিয়ে রবি বুঝতে পারে ওর মন খারাপ ভাবটা কোথায় যেন পালিয়ে গেছে।
কিছুক্ষণ পর রবি লোকটির দিকে তাকিয়ে বলে—"আপনি কিছু মনে না করলে আমি আপনার বিলটা দিতে চাই।"
—কেন? আপনি আমার বিল দেবেন কেন?
—আমার খুব ইচ্ছে হচ্ছে আমি বিলটা দিই।
—আমি কি বলেছি আমার বিল আপনি দিন?
—না, তা বলেন নাই... বলে আমতা আমতা করতে থাকে রবি।
লোকটি রবির এইরকম অবস্থা দেখে বলে—"OK, young man, no problem. দিতে যখন চাচ্ছো, দাও..." বলে লোকটি গাড়িতে গিয়ে বসে। লাল গাড়িটির দিকে রবি তাকিয়ে থাকে যতক্ষণ গাড়িটা দেখা যায়।
রবি ফুটপাত দিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে। এক এক করে নিয়ন বাতিগুলো জ্বেলে উঠবে।
পর্ব -২
রোদেলা কিছুই বুঝতে পারছে না। এখন কী করবে? রবিকে এতগুলো কল দেওয়ার পরও কোনো রিপ্লাই নেই। রবির সঙ্গে কি তাহলে ফোন নেই? ভুল করে কি ফোনটা বাসায় রেখে আসল? না, তা তো হওয়ার কথা না। রুমের মধ্যে পায়চারি করছে আর এসব ভাবছে রোদেলা। রোদেলার মোবাইল ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। সে ফোনটা দ্রুত লুফে নেয়। কিন্তু রবি না, মিথিলার কল।
—রোদেলা, কী করিস? ফোন ধরতে তোর এত সময় লাগে!
—ফোন আসলেই ধরতে হবে নাকি?—একটু ঝাঁঝালোভাবে বলে রোদেলা।
—কিরে, তোর কি মুড অফ? কিছু হয়েছে কি?
—খালি মুড অফ না, অনেক মুড অফ... রোদেলা একটু থেমে আবার বলে, ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়ি। মাথায় আগুন জ্বলছে। সরি দোস্ত, মার সঙ্গেও খারাপ আচরণ করেছি।
—কী হয়েছে, বলবি আমাকে?
—তোর ব্রিলিয়ান্ট, অমায়িক, কথার রাজা—আরও কত কী...
—এবার বুঝতে পারছি, রবি ভাইয়া তোর কল ধরছেন না।
—দ্যাখ, আমার কিছুই ভালো লাগছে না। আর কিছু বলবি তুই?
—আরে দোস্ত, এত উতলা হোস না। নিশ্চয়ই রবি ভাইয়া ব্যস্ত আছে, ফ্রি হয়ে তোকে কল দেবে।
—ব্যস্ত না ছাই! আমি ওর সঙ্গে আর কথাই বলব না। কল দিলেও রিসিভ করব না। কী ভেবেছে ও আমাকে?
—রোদেলা, একটা কথা বলব?
—বল। তবে ওকে নিয়ে কোনো কথা বলবি না।
—বিশ্বাস কর, রবি ভাই তোকে অনেক ভালোবাসে। তুই তো তার ব্যাপারে সবই জানস।
—আমি কিছু জানি না। জানতেও চাই না। আমি ফোন রাখছি, মিথিলা।
—আরে শোন, শোন...
রবি বাসায় এসে ফ্রেশ হয়ে রোদেলাকে কল দিল। একবার না, দুইবার না, অনেকবার। কোনো সাড়া নেই।
রবি মনে মনে বলে, এই মেয়ের রাগ এত সহজে ভাঙবে না। রবি রোদেলাকে একটা টেক্সট করল—
"Sorry, janu. I love you..."
পর্ব -৩
সাতসকালে রোদেলার কল। ঘড়ির দিকে তাকিয়ে রবি দেখে ছ'টা বাজে। সারারাত মনে হয় মেয়েটা ঘুমায়নি।
দ্রুত কলটা রিসিভ করে রবি বলে—
—সরি, জানু! আর এরকম হবে না, প্লিজ প্লিজ...
—তোমার কথা শেষ হয়েছে?
—দেখো, রোদেলা... কথা শেষ করতে পারে না রবি।
—আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। আমি কি ওপরে উঠে আসব, না তুমি নিচে নামবে?
—আরে না, তুমি একটু দাঁড়াও, আমিই আসছি।
রবি দ্রুত নিচে নামতে থাকে আর দেখে খালা ওপরে উঠছেন।
—ভাইজান, এত সকালে কই যান? খাইবেন না?
—এসে খাব। তুমি এখন যাও, খালা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে রবি।
বাইরে বের হয়ে দেখে কুয়াশা আর কুয়াশা! এত কুয়াশা কোত্থেকে এল? কুয়াশা রোদেলার অনেক ভালো লাগে।
রবি একপ্রকার দৌড়ে রোদেলার কাছে এসে দাঁড়িয়ে বলে—
—সরি, সরি, আমার মহারানী! রাতে ঘুমাওনি, না?
—সেটা তোমার না জানলেও চলবে।
—বললাম তো, আর এরকম ভুল হবে না। সরি, সরি—অনুনয়ের সুরে বলে রবি।
—এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, না কোথাও যাবে?
—হ্যাঁ, চলো।
হাঁটতে হাঁটতে রোদেলা আর রবি একটা মাঠের পাশে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়। দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। সাদা কুয়াশা ওদের চারপাশ ঘিরে থাকে। এরকম কুয়াশার সাদা চাদরে রবিকে জড়িয়ে রাখতে চায় রোদেলা—সারাজীবনের জন্য, জনম জনমের জন্য।
—আমি জানি, তুমি আমাকে অনেক ভালোবাসো। পাগলের মতো আমাকে কাছে পেতে চাও। তোমার এত ভালোবাসার যোগ্য আমি নই। আমার কাছ থেকে তুমি তো শুধু কষ্টই পাবে।
—সেটা আমি বুঝব। তুমি কি আমাকে ভালোবাসো না, রবি?
—বাসি তো, অনেক ভালোবাসি, কিন্তু...
রোদেলা মুখের ওপর হাত দিয়ে থামিয়ে বলে—"তোমাকে কিছু বলতে হবে না। তুমি শুধু আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো।"
বলতে বলতে রোদেলার চোখ দুটো ভারী হয়ে আসে জলে। হাত দিয়ে রোদেলা তা মুছে নেয়।
রবিও মুছে দিতে দিতে দুহাতে রোদেলার মুখটা চেপে ধরে বলে—"দূর পাগলী! এরকম কান্না করতে হয় নাকি?"
রবি রোদেলাকে জড়িয়ে ধরে বুকের সাথে—"সারাজীবন এভাবেই ভালোবেসে তোমার পাশে থাকব এবং এভাবেই তোমাকে বুকের মাঝে শক্ত করে ধরে রাখব।"
—"আমিও এভাবেই তোমার হয়েই থাকতে চাই।"
—"শোনো, তুমি পায়েস খেতে ভালোবাসো, তাই নিজে রান্না করে তোমার জন্য নিয়ে এলাম।"
—"আচ্ছা দাও, বাসায় গিয়ে খেয়ে নেব।"
—"না। আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব।"
রোদেলা চামচ দিয়ে রবির মুখে তুলে দেয়। রবি তৃপ্তির সাথে খেয়ে নেয়। রবিও রোদেলাকে খাইয়ে দেয়। দুজন দুজনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে।
রবি রোদেলার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ আর মনে মনে বলে—"এই মেয়েটা এত ভালো কীভাবে বাসতে পারে?"
অহংকারের ওপারে
রোকেয়া দীপা
সকালে মেঘলা আকাশ ভেদ করে রোদের এক টুকরো আলো এসে পড়েছিল টেবিলের ওপর। ঠিক সেই মুহূর্তেই স্ক্রিনটা জ্বলে উঠল। স্ক্রিনের ওপারে অনির্বাণ। দীর্ঘ কয়েক মাসের নিস্তব্ধতা ভেঙে এই বার্তা যেন এক অদ্ভুত ঝড় তুলে দিয়ে গেল অনীমার মনে। অনীমা কেবল চেয়েছিল একটু চেনা-অচেনাকে জানতে, কাজের অবসরে দুটো স্বস্তির কথা ভাগ করে নিতে। অথচ সেই সহজ চাওয়াটাই যেন এক অদৃশ্য অহংকারের দেওয়ালে গিয়ে ধাক্কা খেল।
অনির্বাণের মুখভঙ্গিতে সেই পরিচিত তাচ্ছিল্য। সে ভেবেছিল, তার এই দীর্ঘ মৌনতা আর শীতল দূরত্বই বুঝি তার সবচেয়ে বড় অহংকার ও বিজয়ের প্রতীক। সহজ একটা কথার উত্তর দেওয়াকেও সে যেন নিজের আভিজাত্যে বা মর্যাদায় আঘাত বলে ধরে নিয়েছিল। অনীমা প্রতিদিন দেখত, অবহেলায় ফেলে রাখা অবিন্যস্ত শব্দগুলো কেমন যেন জমে জমে একটা পাহাড় তৈরি করছে। সে তো কোনো রূপকথার রাজপ্রাসাদ বা ভালোবাসার অবাস্তব দাবি নিয়ে আসেনি; সে চেয়েছিল কেবল একজন সমঝদার মানুষের সান্নিধ্য, একটু মনের খোঁজ।
—"সিদ্ধান্তটা বেশ তবে!"
অনির্বাণের এই তাচ্ছিল্যভরা কথাটি কানে বাজছিল বারবার। সে কি ভেবেছিল এই কটু কথায় অনীমার আত্মসম্মান ধূলিসাৎ হয়ে যাবে? অনীমা মনে মনে হাসল। সে তো মরুর বুকে কখনো জলের ঝরনা বা অপার্থিব কোনো প্রতিশ্রুতির আশা করেনি। যেখানে মানুষের স্বাভাবিক কথার, অনুভূতির কোনো দাম নেই—সেখানে যোগাযোগ টিকিয়ে রাখার অর্থ তো কেবল নিজের আত্মাকে তিলে তিলে ক্ষয় করা।
অনির্বাণ তার ওই অহংকার আর শূন্য দম্ভ নিয়ে নিজের জগতে একা চুপচাপ পড়ে থাক। সে মানুষের সরল মনের খোলা কথার কদর করার মতো উদার মনের মানুষ নয়। এই উপলব্ধি আসার পরই অনীমার ভেতরের জমে থাকা সমস্ত পাথর যেন এক নিমিষে গলে জল হয়ে গেল। তার বুকের ভেতর দীর্ঘকাল ধরে আটকে থাকা সরল গল্পগুলো অবশেষে মুক্তি পেল নিজের মতো করে, নিজের স্বাধীন সুরে।
জীবনের দীর্ঘ পথ চলায় কিছু মানুষের অহংকার তাদের নিজেদেরই চারপাশ দিয়ে এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে। অনীমা পেছন ফিরে তাকাল না। অহংকারী সেই ছায়া আর একরোখা মানুষটিকে পেছনে ফেলে সে পা বাড়াল অচিন দূরের এক মুক্ত আকাশের দিকে, যেখানে ভালোবাসার অর্থ খাঁটি আর যোগাযোগ মানেই হলো পারস্পরিক সম্মান।
সাহিত্য থেকে আরো পড়ুন