https://www.prothomalony.com/
18705
north-america
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ০৪:১১
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা গত ১৫ বছরে ১৪১ শতাংশ বেড়েছে। ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটিতে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ার তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের (সিআইএস) এক বিশ্লেষণে।
বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বেড়েছে ২৯ শতাংশ। অর্থাৎ গত পাঁচ বছরে দেশটিতে বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়ের বিস্তার আরও দ্রুত হয়েছে।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অভিবাসীদের মধ্যেও একই সময়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে নেপালি অভিবাসীর সংখ্যা বেড়েছে ২৫৬ শতাংশ এবং আফগান অভিবাসীর সংখ্যা ৩৯০ শতাংশ। এ ছাড়া ভেনেজুয়েলার অভিবাসীর সংখ্যা বেড়েছে ৪৭১ শতাংশ।
সিআইএসের বিশ্লেষণে আরও বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিদেশে জন্মগ্রহণকারী মোট জনসংখ্যা বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ। বিপরীতে একই সময়ে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী জনসংখ্যা বেড়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ।
তবে এসব পরিসংখ্যানকে সরাসরি নতুন অভিবাসীর সংখ্যা হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, জনসংখ্যা বৃদ্ধির এই হিসাবের মধ্যে নতুন অভিবাসীদের আগমন ছাড়াও মৃত্যু এবং যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে চলে যাওয়া ব্যক্তিদের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
সামগ্রিকভাবে এই পরিসংখ্যান যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়ের ক্রমবর্ধমান উপস্থিতি ও বিস্তারের একটি চিত্র তুলে ধরেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন