https://www.prothomalony.com/

18703

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ১০ বছর ধরে বসবাসকারী অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার প্রস্তাব

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ২২:২৯

যুক্তরাষ্ট্রে অন্তত ১০ বছর ধরে বসবাস করছেন এবং বহিষ্কারের চূড়ান্ত আদেশের আওতায় রয়েছেন—এমন নির্দিষ্ট অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার সুযোগ তৈরির প্রস্তাব করেছে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এ লক্ষ্যে ‘প্রোটেক্ট আওয়ার নেইবারস অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি পাস হলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিছু অভিবাসী বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন।

গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি লতিফা সাইমন, জো লোফগ্রেন, জন গ্যারামেন্ডি ও হুয়ান ভার্গাস বিলটি উত্থাপন করেন। এতে অ্যাটর্নি জেনারেল অথবা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিবকে নির্দিষ্ট ক্ষেত্রে বহিষ্কারের চূড়ান্ত আদেশ বাতিল করে যোগ্য অভিবাসীদের বৈধ স্থায়ী বসবাসের মর্যাদা দেওয়ার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বিল অনুযায়ী, বহিষ্কারের চূড়ান্ত আদেশ জারির পর অন্তত ১০ বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হবে। এ সময় অভিবাসীকে তদারকিমূলক নির্দেশনা বা শর্তসাপেক্ষ মুক্তির নিয়ম মেনে চলতে হবে এবং কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে আত্মগোপন করা যাবে না।

তবে সবাই এই সুযোগ পাবেন না। যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধ, জাতীয় নিরাপত্তা বা ফেডারেল অভিবাসন আইনে উল্লেখিত অযোগ্যতার কারণ রয়েছে, তারা এ সুবিধার বাইরে থাকবেন। আবেদনকারীদের সর্বশেষ ফেডারেল আয়কর রিটার্নের সত্যায়িত কপি জমা দিতে হবে। আবেদন ফি সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

বিলটিতে বহিষ্কারের চূড়ান্ত আদেশের মেয়াদ নিয়েও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এতে বলা হয়েছে, কোনো বহিষ্কার আদেশ ১০ বছর পর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদোত্তীর্ণ হবে। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ চাইলে অভিবাসন বিচারকের কাছে আদেশটির মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বিলম্বের কারণ ব্যাখ্যা এবং মেয়াদ বাড়ানো জনস্বার্থে প্রয়োজন—তা প্রমাণ করতে হবে।

কোনো অভিবাসীর বহিষ্কারের আদেশ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর নবায়ন না হলে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) কাছে নিজের যোগ্যতা অনুযায়ী বৈধ অভিবাসন মর্যাদার জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাকে টানা অন্তত ১০ বছর যুক্তরাষ্ট্রে শারীরিকভাবে অবস্থান করতে হবে এবং এমন কোনো অপরাধে দণ্ডিত হওয়া যাবে না, যার সর্বোচ্চ সম্ভাব্য সাজা এক বছরের বেশি।

বিলটির পক্ষে যুক্তি তুলে ধরতে আইনপ্রণেতারা ৭৩ বছর বয়সী হরজিৎ কাউরের ঘটনা উল্লেখ করেছেন। তিনি তিন দশকের বেশি সময় ক্যালিফোর্নিয়ায় বসবাস করেছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে নিয়মিত অভিবাসনসংক্রান্ত সাক্ষাৎকারে অংশ নিতে গিয়ে আটক হওয়ার পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

বিলটির অন্যতম উদ্যোক্তা জো লোফগ্রেন বলেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসকারী এবং সেখানে নিজেদের জীবন গড়ে তোলা মানুষদের পুরোনো বহিষ্কার আদেশ নিষ্পত্তি করে বৈধ স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার ন্যায্য পথ তৈরি করবে এ প্রস্তাব।

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর তথ্য উদ্ধৃত করে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিইর অ-আটক তালিকায় থাকা প্রায় ১৬ লাখ মানুষের বিরুদ্ধে বহিষ্কারের চূড়ান্ত আদেশ ছিল। তবে এমন আদেশ থাকলেই তাৎক্ষণিকভাবে কাউকে নিজ দেশে ফেরত পাঠানো হয় না।

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণ ও বহিষ্কার কার্যক্রম জোরদার করেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে আইসিই ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনকে বহিষ্কার এবং ৪ লাখ ৯১ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে।

এদিকে বিলটি পাস হওয়া নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে। বর্তমান কংগ্রেসের অধিবেশনে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকলেও মধ্যবর্তী নির্বাচনের পর নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নতুন কংগ্রেসে বিলটি পাস হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো দেওয়ার ক্ষমতা থাকবে।

ট্রাম্প সম্প্রতি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিছু অভিবাসীর বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার সম্ভাবনার কথা বললেও সাধারণ ক্ষমার মতো কোনো চুক্তিতে রাজি নন বলে জানিয়েছেন। ফলে প্রস্তাবিত আইনটি শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন