https://www.prothomalony.com/
18672
literature
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ০৩:০০
আজ মুখোমুখি হয়েছি চার দশকেরও বেশি সময় ধরে বাংলা সাহিত্যের অঙ্গনে নীরব সাধনায় রত এক বিদগ্ধ প্রজ্ঞাবান ব্যক্তিত্ব পাঠকপ্রিয় কবি, কথাশিল্পী, সম্পাদক, অনুবাদক ও সাহিত্য সংগঠক সৈয়দ মাজহারুল পারভেজ-এর। সাহিত্য-ক্যানভাসে প্রায় প্রতিটি কূল স্পর্শ করে যার কলম ছুটে চলেছে নিরন্তর, সুধীমহলে তিনি পরিচিত অনন্য এক সব্যসাচী লেখক হিসেবে। উপন্যাস, কালজয়ী ছোটগল্প, স্পর্শকাতর কবিতা, শিশু-কিশোর সাহিত্য কিংবা ক্রীড়াঙ্গনের প্রাণবন্ত বয়ান—সবখানেই তার স্বাচ্ছন্দ্য বিচরণ। একই সাথে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অবিনাশী ইতিহাসকে তিনি গ্রন্থিত করেছেন নিপুণ মমতায়। দেশ-বিদেশের শীর্ষস্থানীয় পত্র-পত্রিকায় এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তার তিন হাজারেরও বেশি রচনা। বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত প্রকাশনীগুলো থেকে প্রকাশিত তার গ্রন্থসংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেছে। মৌলিক রচনার পাশাপাশি বিশ্বসাহিত্যের ক্লাসিক কবিতার বাংলা অনুবাদ এবং তার সম্পাদিত কালজয়ী গ্রন্থমালা পাঠকমহলে লাভ করেছে বিশেষ সমাদর। সাহিত্যের এই দীর্ঘ ঋদ্ধ যাত্রার স্বীকৃতিস্বরূপ তিনি ভূষিত হয়েছেন ভারত-বাংলাদেশ মৈত্রী সম্মাননা, পশ্চিমবঙ্গের 'ইতিকথা সাহিত্য পুরস্কার', 'উদার আকাশ আজীবন সম্মাননা', বিএসপিএ'র 'এআইপিএস-ডে সম্মাননা' এবং 'সোনার বাংলা পুরস্কার'-সহ দেশ-বিদেশের দুই শতাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার ও সংবর্ধনায়।
২০১৫ সাল থেকে তিনি পরম নিষ্ঠার সাথে 'বাংলাদেশ লেখক পরিষদ'-এর সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। এই কালজয়ী লেখকের মুখোমুখি হয়েছিলাম। উঠে এসেছে তার দীর্ঘ চার দশকের সাহিত্য-ভাবনা, অভিজ্ঞতা ও অন্তর্জগতের কথা। পাঠকদের জন্য সেই দীর্ঘ অন্তরঙ্গ সংলাপের অংশবিশেষ নিচে তুলে ধরা হলো:
আপনাকে এবং আপনার পত্রিকার সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই প্রশ্ন ছিল তাঁর সাহিত্য আগমনের নেপথ্যে প্রেক্ষাপট নিয়ে
কথা সাহিত্যিক সৈয়দ মাজহারুল পারভেজ জানান 'আমি কীভাবে লেখালেখির সাথে যুক্ত হলাম সে বিষয়ে ছোট্ট পরিসরে আলোকপাত করা যেতে পারে। সাহিত্যের প্রতি ভালোবাসা আমার ছেলেবেলা থেকেই। তবে লেখক হবো, বই লিখবো—এটা কখনও আমার মাথায় আসেনি। বলতে গেলে হঠাৎ করেই লেখালেখিটা শুরু করা। সেটারও নেপথ্যে একটা ঘটনা আছে। সেটা ১৯৮৯ সালের কথা। আমি একটা ক্রিকেটের বই কিনেছিলাম। বইটাতে অসংখ্য ভুল আমার চোখে পড়ে। আমি একদিন অন্য কাজে বাংলাবাজারে যাই। বলা যায়, সেটাই আমার প্রথম বাংলাবাজারে যাওয়া। তখন আমার মনে হলো ভুল বইয়ের প্রকাশকের সাথে দেখা করে ভুলের বিষয়টি বলে যাই। এই বই ছাপতে থাকলে মানুষের কাছে ভুল মেসেজ যাবে। এটা যেন আর না छापे। আমি সেই বইটির প্রকাশকের কাছে যাই এবং বইটির ভুল নিয়ে কথা বলি। কথার এক ফাঁকে প্রকাশক মহাশয় আমাকে বই লেখার প্রস্তাব দেন। আমিও না বুঝেই সম্মত হই। এর পরের বছর ওই প্রকাশনী থেকে আমার একসাথে ৬খানা বই প্রকাশিত হয়। যার মধ্যে একখানা উপন্যাস 'এই তো প্রেম' (বা 'এই তো জীবন'/'এরই নাম প্রেম') ও একখানা গল্পগ্রন্থ 'রং নাম্বার' ছাড়াও ৪খানা বিষয়ভিত্তিক বই ছিল। এরপর আর আমাকে ফিরে তাকাতে হয়নি। প্রতি বছর নিয়মিতভাবে ১০/১২খানা বই প্রকাশিত হতে থাকে এবং ৫ বছরের মধ্যে আমার প্রকাশিত বইয়ের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়ে যায়। যার ফলশ্রুতিতে ১৯৯৫ সালে একুশে বইমেলায় আমার একক বইয়ের স্টল ছিল, যা ছিল কোনো লেখকের প্রথম একক বইয়ের স্টল।
আর তাগিদ বা অনুপ্রেরণার কথা বলছেন? শুরুতে আমার মা এবং ভাতিজা-ভাতিজিদের একটা অনুপ্রেরণা ছিল। বিয়ের পর আমার স্ত্রী অধ্যাপক শাহানা পারভীন লাভলী এবং দুই কন্যা আয়েশা শাহরিনা ও সৈয়দা আয়েশা তারান্নুমের উৎসাহ আমাকে অনুপ্রাণিত করেছে।
আমার সাহিত্যিক হবার পেছনে সুনির্দিষ্ট কারো অনুপ্রেরণা নেই। ছেলেবেলা থেকেই সাহিত্যের প্রতি ভালোবাসা ছিল। খুব ছেলেবেলা থেকেই আমার বই পড়ার অভ্যাস ছিল। তখন থেকেই লেখক হবার একটা সুপ্ত বাসনা ছিল। কিছু দর্শন তো সবার লেখাতে থাকে। যেহেতু আমি গ্রামে বেড়ে উঠেছি, সে কারণে ছেলেবেলায় আমি যাদের বই পড়েছি তাদের মধ্যে রোমেনা আফাজ, কাজী আনোয়ার হোসেন, নীহাররঞ্জন গুপ্ত, ফাল্গুনী মুখোপাধ্যায়, শংকর, সতীনাথ ভাদুড়ী, অদ্বৈত মল্লবর্মণসহ অন্যরা ছিলেন। গ্রামে থেকে তখন বিদেশি লেখকদের বই পড়া হয়ে ওঠেনি। আমার লেখালেখিতে একটা দর্শন সবসময় কাজ করেছে, সেটা হচ্ছে—সমাজ গঠন। আমার লেখার কারণে সমাজে যাতে বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে সবসময় সচেষ্ট থেকেছি।
সুসাহিত্যের ও বর্তমানে বাংলা সাহিত্যের চর্চা প্রসঙ্গে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান —যে সাহিত্য একটি সুন্দর সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে, সেটাই সুসাহিত্য। আগেকার লেখকেরা বিশেষ করে ডা. লুৎফর রহমান, নজিবর রহমান সাহিত্যরত্নসহ অধিকাংশ কবি-লেখকেরা এ বিষয়ে সচেষ্ট ছিলেন। কিন্তু এখনকার অধিকাংশ লেখকেরা এ বিষয়ে খুব একটা সচেতন বলে আমার মনে হয় না। বরং অনেক লেখক সমাজে বিরূপ প্রভাব পড়তে পারে এমন বিষয়ভিত্তিক লেখাতেই বেশি মনোযোগী।
সাহিত্যের অঙ্গনে তাঁর সবচেয়ে প্ৰিয় বিষয় নিয়ে তিনি মতামত দেন 'আমি যেহেতু সব ধরনের লেখা লিখে থাকি, সে কারণে সবচেয়ে প্রিয় লেখা বলে সেভাবে কিছু মনে হয় না। তবে যেহেতু আমার লেখালেখি শুরু হয় উপন্যাস ও ছোটগল্প দিয়ে, সে কারণে এ বিষয়ের প্রতি একটা আলাদা দুর্বলতা তো আছেই। তবে যদিও আমি আমার লেখালেখির অনেক পরে কবিতার সাথে যুক্ত হই, সে কারণে কবিতাও আমার ভালোবাসার একটি অন্যতম মাধ্যম। কবিতার মধ্য দিয়ে খুব সহজে পাঠকের কাছে পৌঁছানো যায়' ।
জীবন সঙ্গী অধ্যাপক শাহানা পারভীন লাভলী র সাহিত্য কর্ম বিষয়ক প্রশ্ন র উত্তরে মন্তব্য করেন -শাহানা সম্পর্কে দু-রকমভাবে বলতে হয়। প্রথমত আমার জীবনসঙ্গী শাহানা পারভীন লাভলী, দ্বিতীয়ত একজন লেখক ও গবেষক শাহানা পারভীন লাভলী। জীবনসঙ্গীরূপে একজন মানুষকে পাওয়া ভাগ্যের ব্যাপার। এমন আর একজন নারী পাওয়া যাবে কিনা সন্দেহ। অনেকে হয়তো বিশ্বাস করবেন না, শাহানা এমন একজন মানুষ যার কোনো বস্তুগত চাহিদা নেই, চাওয়া-পাওয়া নেই। সে আজ পর্যন্ত আমার কাছে কোনো কিছু চায়নি। তার প্রয়োজনীয় জিনিস আমাকেই খুঁজে বের করে কিনে দিতে হয়। সে অসম্ভব সুন্দর গান করতে জানে। বিটিভিতে একাধিকবার সুযোগ পেয়েও গান করেনি। ভালো রান্না করতে জানে। জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব সে একা হাতেই করে। কথায় বলে দোষে-গুণে মানুষ। কিন্তু এই মানুষটার দোষ কী, সেটাই আজ পর্যন্ত বের করতে পারিনি। আমি একা নই, অন্য কেউও বলতে পারবে না। এমন একজন নারীকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করি, যার মধ্যে আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই।আর লেখক ও গবেষক শাহানা পারভীন লাভলীকে নিয়ে বলতে গেলে বলতে হয়—শাহানা একজন সুলেখক ও গবেষক। তার লেখার বিষয় স্বতন্ত্র। তার লেখার প্রধান বিষয় নারী। নারী নিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা তিরিশের অধিক। শুধু নারী বিষয়ক এতোগুলো বইয়ের আর কোনো বাংলাভাষী লেখক আছেন কিনা আমার জানা নেই। তিনি যে বিষয়গুলো নিয়ে লেখেন, সে বিষয়ে তার আগে সেভাবে কোনো বইপত্র লেখা হয়নি। তার লেখা বাংলা সাহিত্যে ১০০ নারী, বাংলা সাহিত্যে ১০০ মুসলিম নারী, মুক্তিযুদ্ধে নারী, মুক্তিযুদ্ধে বিদেশি নারী, ভাষা আন্দোলনে নারী-সহ সবগুলো বই-ই অত্যন্ত পরিশ্রমের। এই বইগুলোর বেশিরভাগই নতুন বিষয় নিয়ে লেখা বলে তাকে পরিশ্রমও করতে হয় অনেক বেশি। কিন্তু দুঃখের বিষয়, তার লেখা অধিকাংশ বই প্রকাশিত হতে না হতেই কপি হয়ে যায়। আগে লেখকেরা চৌর্যবৃত্তিটাকে ঘৃণা করতো, এখন অনেকে সেটা করে গর্ব করে। যার কারণে গাছ লাগায় একজন আর ফল খায় অন্যজন। এ কারণে এরই মধ্যে ও (শাহানা) লেখার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছে।
.jpeg)
'প্রেম', 'মানবতা', 'মানবাধিকার'—এই বিষয় গুলি কে তিনি কিভাবে সংজ্ঞা দেন সেই প্রেক্ষিতে তিনি জানান ' জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে। একজন লেখককে এই বিষয়গুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। 'প্রেম ও মানবতা' না থাকলে একজন লেখক সত্যিকারের লেখক বা গণমানুষের লেখক হতে পারেন না। এছাড়া একজন ভালো লেখক হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হয়।
বর্তমান প্রজন্মের বই পড়ার ইচ্ছে কেন কম সেই বিষয়ে তিনি জানান 'এ কথা নিঃসন্দেহে ঠিক যে আগের তুলনায় বর্তমান প্রজন্মের পাঠকদের পাঠাভ্যাস অনেক কমে গেছে। যদিও তার অনেক কারণ রয়েছে। প্রথমে যে নামগুলো উঠে আসবে তার মধ্যে রয়েছে—গুগল, ফেসবুক, ইউটিউব। এগুলোর যেমন কিছু ভালো দিক রয়েছে, আবার অনেক খারাপ দিকও রয়েছে। আজকালকার পাঠকেরা বইয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আকৃষ্ট বেশি। ফলে তাদের বই পড়ার প্রতি আগ্রহ কম।
মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রকাশনার বর্তমান অবস্থা নিয়ে তিনি অভিমত দেন 'মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধ না হলে দেশ স্বাধীন হতো না, দেশ স্বাধীন না হলে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেতাম না। তবে দুঃখজনক বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে খুব বেশি কাজ হয়নি। এখনো মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ বিষয় অজানা রয়ে গেছে। স্বাধীনতার পরে যারা সরকারে এসেছে তারা মুক্তিযুদ্ধকে নিজেদের মতো করে ব্যবহার করেছে। এখনো অনেক কাজ করা বাকি রয়ে গেছে। এমনকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা, নারী মুক্তিযোদ্ধার সংখ্যা, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা, শহীদ নারী মুক্তিযোদ্ধার সংখ্যা, নির্যাতিত নারীর সংখ্যাসহ আরও অনেক বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। যদিও অনেকটা দেরি হয়ে গেছে, তারপরও আমি বিশ্বাস করি বর্তমান সরকারের সদিচ্ছা থাকলে এসব অমীমাংসিত বিষয়ের সুরাহা করতে পারে।'
মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণাভিত্তিক আমার নিজের লেখা বইয়ের সংখ্যা ষাটের অধিক। মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণাভিত্তিক সমৃদ্ধ সাহিত্য প্রকাশনা নিয়ে আমার বক্তব্য হচ্ছে—বিশেষ করে বিগত ২০ বছরে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে অসংখ্য মুক্তিযুদ্ধ ও গবেষণাভিত্তিক বই প্রকাশিত হয়েছে, যেসব বইয়ের অধিকাংশের মান নিয়ে প্রশ্ন রয়েছে। এসবের অধিকাংশ চর্বিতচর্বণ। অনেকে হয়তো কথাটা বুঝতে নাও পারেন। ধরুন, আমি অনেক খাটাখাটনি করে মুক্তিযুদ্ধ ও গবেষণাভিত্তিক একটা বই লিখলাম। আমার বই প্রকাশিত হবার পর এক মাস না যেতেই একাধিক কপি বের হয়ে গেলো। আমার ও আমার স্ত্রী শাহানার অধিকাংশ বইয়ের ক্ষেত্রে সেটাই হয়েছে।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি আগ্রহী করে তুলতে কী পদক্ষেপ জরুরি; এ বিষয়ে আমি বলবো—মুক্তিযুদ্ধ আমাদের সবার ওপরে। এটা কোনো দল বা ব্যক্তির একক অর্জন নয়। এটি বাংলাদেশের আপামর মানুষের (কিছু স্বাধীনতাবিরোধী ছাড়া) অর্জন। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সন্তান। প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম গঠিত সেক্টর ১ নং সেক্টরের অধিনায়ক। এমনকি মুক্তিযুদ্ধে যে ব্রিগেড (ফোর্স)টি প্রথম গঠিত হয় সেটিও তাঁর নামে 'জেড ফোর্স'। মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অবদান অপূরণীয়। জনাব তারেক রহমানের মা বাংলাদেশের প্রথম ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও মুক্তিযুদ্ধে অপরিসীম অবদান রয়েছে। বর্তমান সংসদে মহামান্য রাষ্ট্রপতি, স্পিকারসহ অনেক মন্ত্রী ও সাংসদ রয়েছেন, যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। বাংলাদেশের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। সে কারণে বর্তমান সরকারের উচিত মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বর্তমান প্রজন্মের পাঠকদের সামনে তুলে ধরা। সেটার জন্য সরকারের কাজ হবে বেশি করে মুক্তিযুদ্ধের বই প্রকাশ ও সারা দেশের পাঠাগারগুলোতে সংরক্ষণ করা।
আমার সাহিত্যের দীর্ঘ পথচলায় বলতে গেলে তেমন কোনো প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি। আমি যা লিখতে চেয়েছি তাই লিখেছি এবং প্রত্যেকটা বিষয়ে সফলতা পেয়েছি। একজীবনে চার শতাধিক বই লিখেছি, এটা আমার জীবনের পরম প্রাপ্তি। লেখালেখির প্রথম দিকে ক্রীড়া বিষয়ক বই লিখেছি। আমার লেখা ক্রীড়া বিষয়ক বই অর্ধশতাধিক, যা অন্য কোনো লেখকের নেই। আমার জীবদ্দশায় কেউ সেটা পারবে বলে মনে হয় না। উপন্যাস দিয়ে আমার লেখক জীবনের সূচনা। আমার প্রকাশিত উপন্যাসের সংখ্যা একশোর কাছাকাছি। কবিতা লেখা ছাড়াও কবিতা নিয়ে যে কাজগুলো করেছি, আমার মনে হয় বাংলা সাহিত্যের মানুষের মনে অনেকদিন বেঁচে থাকতে পারবো। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে আমার লেখা বইয়ের সংখ্যা ষাটের অধিক, যার অধিকাংশ ডকুমেন্টারি বই, যা পরের প্রজন্মের গবেষণার জন্য কাজে আসবে। সবকিছু মিলিয়ে আমি আমার সাহিত্যকর্মে হ্যাপি।
যারা নতুন লিখছেন তাদের উদ্দেশ্যে বলছি—সাহিত্যকর্ম হচ্ছে একটা সাধনার বিষয়। কোনো প্রাপ্তির আশা করলে ভালো সাহিত্য করা যায় না। সাহিত্যকে মনে-প্রাণে ধারণ করে, সবরকম মোহের ঊর্ধ্বে থেকে সাহিত্যচর্চা করতে পারলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
নিজের জন্ম শিক্ষা ও অবসর যাপন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি জানান, আমার জন্ম বাংলাদেশের ছোট্ট এবং সুন্দর জেলা মাগুরার পুখরিয়া গ্রামে। আমার পিতা সৈয়দ হাসান আলী (মাত্র ২ বছর বয়সে পিতাকে হারাই) এবং মা সৈয়দা আয়েশা হাসান; দুজনেই প্রয়াত। আমরা ৯ ভাইবোন, যাদের মধ্যে ৫ জন আজ মৃত্যুর ওপারে চলে গেছেন। আমার পড়াশোনার সূচনা গ্রামের স্কুলে। এরপর মাগুরা সরকারি কলেজে এবং স্নাতকোত্তর করি ঢাকায়।অবসরের কথা বলছেন? আমি খুব একটা অবসর পাই না। যতটা সময় সুস্থ থাকি লেখালেখি নিয়ে ব্যস্ত থাকি। লেখাটাই মুখ্য। আমি যা লিখে যাবো তার মধ্যে যদি একটি লেখাও আমাকে বাঁচিয়ে রাখে, তাহলেই আমার লেখক জীবন সার্থক।
অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা প্রসঙ্গে তিনি জানান 'আমাদের দেশে অনুবাদ সাহিত্যকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। যে কারণে আমরা অনেকেই বিদেশি সাহিত্য এবং লেখক সম্পর্কে খুব বেশি অবগত নই। অধিকাংশ প্রকাশক অনুবাদ বিষয়ে খুব একটা আন্তরিক নন। আমি নিজেও ২০টি বইয়ের অনুবাদ করেছিলাম, কিন্তু যথাযোগ্য সম্মানী না পাওয়ার পর আর করিনি। অন্যরা যারা অনুবাদ করেন, তাদের বেশিরভাগ অনুবাদক খুব একটা সম্মানী পান না; যে কারণে তারাও একসময় নিরুষাহীত হয়ে পড়েন। যার ফলশ্রুতিতে খুব বেশি ভালো অনুবাদকও সৃষ্টি হচ্ছে না। তবে বাংলাদেশ যতদিন অনুবাদে অগ্রগতি করতে পারবে না, ততদিন বিশ্বসাহিত্যেও পিছিয়ে থাকবে। বিশ্বসাহিত্যে জায়গা করে নেওয়ার প্রধান মাধ্যম হচ্ছে ভালো অনুবাদ। এ কারণে বাংলা একাডেমি ও প্রকাশকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। এই কথাটা মাথায় রাখতে হবে—অনুবাদ ছাড়া বিশ্বসাহিত্যে বাংলাদেশ জায়গা করে নিতে পারবে না।'
তাঁর সংগঠন 'বাংলাদেশ লেখক পরিষদ ' প্রসঙ্গে তাঁর মতামত ছিল 'একটি পরিচ্ছন্ন সাহিত্য সংগঠন। বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ডের কারণে অনেক সাহিত্য সংগঠন বিতর্কিত হয়ে পড়ে। বাংলাদেশ লেখক পরিষদের ৩৩ বছরের দীর্ঘ পথচলায় সকল বিতর্ক ও অনৈতিক কর্মকাণ্ডের ঊর্ধ্বে থাকার চেষ্টা করে চলেছে। কতটা সফল হয়েছে সেটা সাহিত্যামোদী মহল ভালো বলতে পারবেন। তাছাড়াও একটি সাহিত্য সংগঠন ৩৩ বছর অতিক্রম করাটাও কম কথা নয়।
১৯৯৫ সালে ঢাকার বাংলাবাজারের মান্নান মার্কেটের তৃতীয় তলায় বাংলাদেশ লেখক পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। দেড় শতাধিক প্রতিষ্ঠিত কবি-লেখকের প্রাণবন্ত উপস্থিতিতে প্রয়াত কবি, কথাসাহিত্যিক, ফোকলোরবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকীকে সভাপতি এবং আন্তর্জাতিক কবি ও বহুমাত্রিক লেখক সৈয়দ মাজহারুল পারভেজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করে পরিষদের যাত্রা শুরু হয়। ২০১৫ সাল থেকে আমি পরিষদের সভাপতির গুরুদায়িত্ব পালন করে আসছি। পরিষদ বিশ্বসাহিত্য কেন্দ্র, কারিতাস মিলনায়তন, টিচার্স ট্রেনিং কলেজ ক্যাফেটেরিয়া, উত্তরায় গ্রেট ওয়াল স্কুলসহ বিভিন্ন স্থানে পত্রিকাগুলোর প্রকাশনা অনুষ্ঠান এবং নিয়মিতভাবে সাহিত্য আসরসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও ২০২২ সাল থেকে বাংলাদেশ লেখক পরিষদের মুখপত্র 'পঙ্ক্তি' একুশে বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বরে স্টল নিয়ে আসছে।
পরিষদের শুভাকাঙ্ক্ষী পশ্চিমবঙ্গের কবি ডা. তপন সৎপথী, সদস্য অধ্যাপক ড. মুনীম খান নোমান, সিনিয়র সদস্য লে. কর্নেল (অব.) এম এম ইকবাল আলম, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ড. জসীমউদ্দিন আহমেদ, পরিষদের সদ্য প্রয়াত সিনিয়র সদস্য কবি এন. ইসলাম খন্দকার (খন্দকার নজরুল ইসলাম)-সহ অনেক প্রয়াত সদস্য এবং পরিষদের শুভাকাঙ্ক্ষীদের স্মরণসভার আয়োজন করেছে। বাংলাদেশ লেখক পরিষদ ২০১৫ সাল থেকে প্রতি বছর একজন বরেণ্য লেখককে এবং ২০১৯ সাল থেকে একটি স্বনামধন্য ও পুরনো প্রকাশনা প্রতিষ্ঠানকে আজীবন সম্মাননা দিয়ে আসছে। যিনি কোনো রাষ্ট্রীয় পদক বা সম্মাননা পাননি, সেরকম সত্তরোর্ধ্ব কবি বা লেখককে এই আজীবন সম্মাননা দেওয়া হয়। ২০১৫ সাল থেকে যে সকল কবি ও লেখককে এবং ২০১৯ সাল থেকে যেসব প্রকাশনা প্রতিষ্ঠানকে আজীবন সম্মাননা প্রদান করা হয় তারা হলেন—কবি, লেখক ও সাংবাদিক সাযযাদ কadir (২০১৫), কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক হাজেরা নজরুল (২০১৬), শিশুসাহিত্যিক ও ছড়াকার মাহমুদউল্লাহ (২০১৭), লেখক ও গ্রন্থাগার উন্নয়নের পথিকৃৎ ফজলে রাব্বী (২০১৮), কবি মোহাম্মদ শাহাজান আলী মিঞা (২০১৯), প্রকাশনা প্রতিষ্ঠান আহমদ পাবলিশিং হাউস (২০১৯), সাবির আহমেদ চৌধুরী (২০২০) ও প্রকাশনা প্রতিষ্ঠান নওরোজ সাহিত্য সম্ভার (২০২০)। স্পন্সর না পাওয়ায় কয়েক বছর আজীবন সম্মাননা প্রদান স্থগিত রয়েছে। যদিও পরিষদ এখন পর্যন্ত সম্মাননার সাথে সম্মানী যোগ করতে পারেনি, তবে স্পন্সর পাওয়া গেলে সম্মাননার সাথে উপযুক্ত সম্মানীও যুক্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজন সকলের সহযোগিতা। সকলের সহযোগিতা পেলে পরিষদ আগামীতে সম্মাননার সাথে উপযুক্ত সম্মানীও যুক্ত করতে পারবে। সকলের সহযোগিতায় পরিষদ আরও অনেক ভালো কাজ করতে আগ্রহী।
'পঙ্ক্তি' বাংলাদেশ লেখক পরিষদের মুখপত্র। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে পঙ্ক্তি কেবলমাত্র বিষয়ভিত্তিক প্রকাশনা করে থাকে, যাতে এসব প্রকাশনার সূত্র ধরে তারা আরও ভালো কাজ করতে পারে। বাংলাদেশ লেখক পরিষদের প্রতিষ্ঠাকাল ১৯৯৫ সালে হলেও পঙ্ক্তি'র কার্যক্রম শুরু হয় ২০১৫ সালে পরিষদের সভাপতি সৈয়দ মাজহারুল পারভেজের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে ১০০০ টাকা মূল্যের গ্রন্থ দীপ্তিময় ব্যাপ্তি দিয়ে। উল্লেখ্য, পঙ্ক্তি কেবলমাত্র বিষয়ভিত্তিক সংখ্যা প্রকাশ করে থাকে। তারই ধারাবাহিকতায় পঙ্ক্তি প্রকাশ করেছে—২০১৬ সালে অকালপ্রয়াত তরুণ ছড়াকার এমরুল হোসাইন স্মরণ সংখ্যা, মাগুরার লেখক অভিধান, সৈয়দ মাজহারুল পারভেজ-এর নির্বাচিত ১০০ লিমেরিক, বাইশে সেপ্টেম্বর, কালো মেয়ে তোমার জন্যে, শাহানা পারভীন লাভলীর কবিতার বই অনুক্ত; ২০১৭ সালে ড. রণজিৎ বিশ্বাস স্মরণ সংখ্যা; ২০২১ সালে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী সংখ্যা; ২০২২ সালে পদ্মা সেতু সংখ্যা; ২০২৩ সালে আমার শিক্ষক সংখ্যা (যা নিয়মিতভাবে প্রতি বছর প্রকাশিত হচ্ছে); ২০২৪ সালে জুলাই বিপ্লবে নারী সংখ্যা, আমার গ্রাম সংখ্যা, নারী সংখ্যা, পিতা সংখ্যা, মা সংখ্যা, মা (দ্বিতীয় খণ্ড), মা ছড়া সংখ্যা সংকলন ও বইগুলো।
তাঁর প্রকাশিত বইয়ের বিষয়ে তিনি জানান 'আমার প্রকাশিত বইয়ের সংখ্যা চার শতাধিক। একজন মানুষের এক জীবনে এর বেশি আর চাই-ই বা কী! আমার লেখালেখির শুরুতে ক্রীড়া বিষয়ক বই, প্রেমের উপন্যাস ও ছোটগল্প লিখেছি। সেসময় আমার এরই নাম প্রেম, ভালোবাসা কারে কয়, হৃদয়ের কথা, একটু ভালোবাসার জন্য, মন ভালো নেই, তোমার জন্য ভালোবাসা, পিয়া, প্রেম নয় ভালোবাসা, ভালোবাসা প্রেম নয়-সহ অন্যান্য উপন্যাসগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। পরে কফি হাউজের আড্ডা-র মতো কয়েকটি সিরিয়াস ও রাজনৈতিক উপন্যাস লিখি।
এরপর কবিতা লিখতে শুরু করি এবং কবিতা নিয়ে অনুবাদ ও সম্পাদনার কাজ করি। বিশ্বের সেরা ২০ জন কবির কবিতার ২০টি অনুবাদ বই প্রকাশিত হয়, যা পাঠক সমাজে ব্যাপক প্রশংসিত হয়। এছাড়াও হাজার বছরের হাজার কবির ১০০০০ কবিতা নামে একটি সিরিজ বইয়ের কাজ করছি, ইতিমধ্যে যার কয়েকটি খণ্ড প্রকাশিত হয়েছে। যদি এর ১০টি খণ্ড প্রকাশ করে যেতে পারি, তাহলে বাংলা কবিতার ১০,০০০ কবির একটি তালিকা হয়ে যাবে। এই সিরিজ বইতে একজন কবির একটি কবিতাই যাবে; প্রথম খণ্ডে যার কবিতা গেছে তার কবিতা আর কোনো খণ্ডে যাবে না। বাংলা সাহিত্যে কবি ও কবিতা নামে যে বইটি করেছি, সেটিও একটি অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে। ছড়া নিয়ে হাজার বছরের হাজার ছড়াকারের ১০০০ ছড়া নামে যে বইটি করেছি, সেটিও ছড়ার ইতিহাসের একটি অনন্য সংযোজন। কবিতা নিয়ে আমার আরও অনেক ভালো ভালো কাজ আছে, যা ভবিষ্যৎ প্রজন্মের লেখকদের কাজে আসবে। এছাড়াও মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে গবেষণাধর্মী আমার বইয়ের সংখ্যা ষাটের অধিক; পরবর্তীতে যারা মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে লিখবেন, বইগুলো তাদের কাজে আসবে।

ক্রীড়া বিষয়ক আমার বইয়ের সংখ্যা পঞ্চাশের অধিক, যা আর কারো নেই এবং নিকট ভবিষ্যতে হবে—সে সম্ভাবনাও নেই। যদি আপনার কাজে লাগে সে কথা ভেবে এখানে আমার উল্লেখযোগ্য বইয়ের একটা তালিকা দিলাম:
প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের তালিকা:
উপন্যাস: এরই নাম প্রেম (সাহিত্যমালা, ১৯৯১), হৃদয়ের কথা (সাহিত্যমালা, ১৯৯২), ভালোবাসা কারে কয় (স্বদেশ প্রকাশনী, ১৯৯৩), প্রেম নয় ভালোবাসা (রশিদ প্রকাশনী, ১৯৯৩), ভালোবাসার নিমন্ত্রণ (রানা বুক সেন্টার, ১৯৯৩), একটু ভালোবাসার জন্যে (এশিয়া পাবলিকেশন্স, ১৯৯৩), তোমার জন্যে ভালোবাসা (বিশ্বসাহিত্য ভবন, ১৯৯৪), পিয়া (প্রতিশ্রুতি প্রা. লি., ১৯৯৪), সুখের ঠিকানা (খাজা পাব. হাউস, ১৯৯৪), নয় প্রেম নয় ভালোবাসা (তরফদার প্রকাশনী, ১৯৯৪), সুখের ভালোবাসা (স্বদেশ প্রকাশনী, ১৯৯৪), হৃদয়হীনা (বর্তমান সময়, ১৯৯৪), শেষ বিকেলে (অনন্যা, ১৯৯৪), ভালোবাসা (সাদিয়া প্রকাশনী, ১৯৯৪), মনের আগুন (রূপা প্রকাশনী, ১৯৯৫), আকাশলীনা (রানা বুক সেন্টার, ১৯৯৫), প্রিয়তমা (সৃষ্টি প্রকাশনী, ১৯৯৩), যদি ভালোবাসা দাও (সৃষ্টি প্রকাশনী, ১৯৯৪), ভালোবাসা ভালো নয় (রূপা প্রকাশনী, ১৯৯৫), তৃতীয় পুরুষ (সৃষ্টি প্রকাশনী, ১৯৯৫), মনের খাঁচায় বন্দি (সালমা বুক ডিপো, ১৯৯৫), প্রেম (সাদিয়া প্রকাশনী, ১৯৯৫), চিঠি (সাদিয়া প্রকাশনী, ১৯৯৫), মনের মতো মন (সাদিয়া প্রকাশনী, ১৯৯৫), মন যারে চায় (হাফিজ বুক ডিপো, ১৯৯৫), লাজুকলতা (সৃষ্টি প্রকাশনী, ১৯৯৬), তবু মনে রেখো (রাজ্জাকস বুকস, ১৯৯৬), সোনালি বিকেল (জোনাকী প্রকাশনী, ২০০০), তুমি আমায় ডেকেছিলে (সূচীপত্র, ২০১৪), ভালোবাসা প্রেম নয় (জিনিয়াস পাবলিকেশন্স, ২০১৪), দুই প্রেম (সূচীপত্র, ২০১৪), কফি হাউসের আড্ডা (পার্ল পাবলিকেশন্স, ২০১৫), ভালোবাসার তিন দিক (নির্বাচিত ৩টি প্রেমের উপন্যাস, আহমদ পাবলিশিং হাউস, ২০১৬), ভালোবাসা ভালোবাসা (নির্বাচিত ৫টি প্রেমের উপন্যাস, জোনাকী প্রকাশনী), ভালোবাসার তিন রঙ (নির্বাচিত ৩টি প্রেমের উপন্যাস, গ্রন্থ কুটির, ২০১৮), মুক্তিযুদ্ধের উপন্যাস লাশ (গ্রন্থ কুটির, ২০১৯), তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ (গ্রন্থ কুটির, ২০১৯), ভালোবাসা মন্দবাসা (গ্রন্থ কুটির, ২০১৯) ইত্যাদি।
ছোটগল্প: রং নাম্বার (সাহিত্যমালা, ১৯৯১), সিঁড়ি (রানা বুক সেন্টার, ১৯৯৫), ভালোবাসা (সৃষ্টি প্রকাশনী, ১৯৯৭), সৎকার (২০১৮)।
মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক: মুক্তিযুদ্ধের কিশোর গল্প (গাজী প্রকাশনী, ২০১২), গল্পগুলো মুক্তিযুদ্ধের (জোনাকী প্রকাশনী, ২০১৪), গণহত্যা '৭১ (বঙ্গজ প্রকাশন, ২০১৬), এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্বগাথা (গুলশান প্রকাশন, ২০১৬), মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা (ঝিঙেফুল, ২০১৬), একুশের ভাষা শহীদ ও ভাষা সৈনিক (হাসি প্রকাশনী, ২০১৬), মুক্তিযুদ্ধের খেতাব, পুরস্কার ও সম্মাননা (শিখা প্রকাশনী, ২০১৭), * বিবিসির নির্বাচনে হাজার বছরের শ্রেষ্ঠ ২০ বাঙালি* (বাবুই প্রকাশনী, ২০১৭), একাত্তরের শহীদ বুদ্ধিজীবী (পার্ল পাবলিকেশন্স, ২০১৭), ৭ বীরশ্রেষ্ঠের বীরত্বগাথা (আহমদ পাবলিশিং, ২০১৭), বিনোদপুরের যুদ্ধ (বঙ্গজ প্রকাশন, ২০১৭), একুশ থেকে একাত্তর (গ্রন্থ কুটির, ২০১৮), ভাষার জন্যে যারা দিয়ে গেল প্রাণ (আহমদ পাবলিশিং হাউস, ২০১৮), শ্রেষ্ঠ ১০ বাঙালি (গ্রন্থ কুটির, ২০১৯), একাত্তর (গ্রন্থ কুটির, ২০১৮), গলা কাটা ঘোড়া (শিশু গ্রন্থ কুটির, ২০১৯), মুক্তিযুদ্ধের সূর্যসন্তানেরা (শিশু গ্রন্থ কুটির, ২০১৯), একাত্তরের ভূত (শিশু গ্রন্থ কুটির, ২০১৯), * বিবিসির নির্বাচনে শ্রেষ্ঠ ২০ গান* (গ্রন্থ কুটির, ২০১৯), মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের অবদান (গ্রন্থ কুটির, ২০১৯), একাত্তরের সেই ছেলেটি (আহমদ পাবলিশিং হাউস, ২০১৯), মুক্তিযুদ্ধের খেতাব (আহমদ পাবলিশিং হাউস, ২০২০), বীর কথা (বঙ্গজ, ২০২০), শহিদ বুদ্ধিজীবী (১-৫ খণ্ড, ২০২১), ছোটদের মুক্তিযুদ্ধের শহিদ বুদ্ধিজীবী (পার্ল পাবলিকেশন্স, ২০২১), মুক্তিযুদ্ধের শহিদ ১০ কিশোর (ইতি প্রকাশন, ২০২১), মুক্তিযুদ্ধে শহিদ শিক্ষক (প্রথম ও দ্বিতীয় খণ্ড, গুলশান প্রকাশন, ২০২১/বঙ্গজ প্রকাশন, ২০২১), মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার (আহমদ পাবলিশিং হাউস, ২০২২), পলাশী থেকে মুজিবনগর : ইতিহাসের কালো অধ্যায় (পার্ল পাবলিকেশন্স, ২০২২), মুজিবনগর (বাংলা প্রকাশ, ২০২২), রেসকোর্স ময়দান ১৯৭১ (অনন্যা, ২০২২), মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন (রিদম প্রকাশনা, ২০২২), মুক্তিযুদ্ধে শহিদ কিশোর (রিদম প্রকাশনা, ২০২২), মুক্তিযুদ্ধে কিশোর (আগামী প্রকাশনী, ২০২২), রোড টু বাংলাদেশ (২০২১), মুক্তিযুদ্ধে শহিদ সাংবাদিক (আকাশ প্রকাশনী, ২০২২), মুক্তিযুদ্ধে শহিদ পেশাজীবী (মিজান পাবলিশার্স, ২০২২), মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবী (মিজান পাবলিশার্স, ২০২৩), মুক্তিযুদ্ধে শহিদ কবি-লেখক (মিজান পাবলিশার্স, ২০২৩), ডেটলাইন ৩ নভেম্বর : জেল হত্যাকাণ্ড : ইতিহাসের কালো অধ্যায় (জ্ঞানকোষ, ২০২৪), মুজিবনগর থেকে রেসকোর্স ময়দান (তূর্য, ২০২২), স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান (আহমদ পাবলিশিং হাউস, ২০২৪) প্রভৃতি।
নোবেল বিষয়ক: নোবেলজয়ী মুসলিম (জ্ঞানকোষ, ২০২৪), নোবেলজয়ী সাহিত্যিক।
কিশোর গল্প-উপন্যাস, ভূত ও মুক্তিযুদ্ধ বিষয়ক: কিপ্টে মামা (তরফদার প্রকাশনী, ১৯৯৩), কিপ্টে মামার বিয়ে (সালমানী প্রকাশন ১৯৯৮, ইতি প্রকাশন ২০০৮, গ্রন্থ কুটির ২০১৮), তিন পাগলের কাণ্ড (ইতি প্রকাশনী, ১৯৯৩), বৈজ্ঞানিক ভূত (জোনাকী প্রকাশনী, ২০০২), এক কোটি ভূত (জোনাকী প্রকাশনী, ২০১২), ভৌতিক চশমা (গাজী প্রকাশনী, ২০১২), মামাবাড়ির মজার কাণ্ড (জোনাকী প্রকাশনী, ২০১৩), লেজ কাটা শেয়াল (বঙ্গজ, ২০২০) প্রভৃতি।
সম্পাদিত শিশুতোষ ও কিশোরগ্রন্থ: কিশোর রামায়ণ কাহিনী (অ. আ. প্রকাশন, ২০০২), গল্পে মোল্লা (শিখা প্রকাশনী, ২০০২), সেরা ১০০ ঈশপ (শিখা প্রকাশনী, ২০০২), ছোটদের নীতিকথার গল্প (সূচীপত্র, ২০০২), বাংলাদেশের সেরা লোকগল্প (অ. আ. প্রকাশন, ২০০৪), পঁচিশ ভূতের গল্প (সাহিত্যকথা, ২০১০)।
মৌলিক কবিতা: সৈয়দ মাজহারুল পারভেজের নির্বাচিত ১০০ কবিতা (আলোকবর্তিকা, ২০১৫), প্রেম-অপ্রেমের কবিতা (সাহিত্য কথা, ২০১৬), Nostalgic Poem (কালিকলম প্রকাশনা, ২০১৭), শান্তিনিকেতনে আবার দেখা (উচ্ছ্বাস প্রকাশনী, ২০১৯), Black Girl, For You (উচ্ছ্বাস প্রকাশনী, ২০২০), নির্বাচিত ১০০ লিমেরিক (পঙ্ক্তি, ২০২২), নির্বাচিত ১০০০০ হাইকু (পঙ্ক্তি, ২০২৭)।
অনূদিত ও সম্পাদিত কবিতা: মানুষের জন্যে কবিতা (পাবলো নেরুদা, নাজিম হিকমেত, ভ্লাদিমির মায়াকোভস্কি ও অক্টাভিও পাস-এর নির্বাচিত খণ্ড কবিতা; জোনাকী প্রকাশনী, ১৯৯৮), শ্রেষ্ঠ প্রেমের কবিতা (ওমর খৈয়াম, শেখ সাদী, হাফিজ ও মির্জা গালিবের নির্বাচিত খণ্ড কবিতা; জোনাকী প্রকাশনী, ১৯৯৮), দ্রোহে ভালোবাসায় (শার্ল বোদলেয়ার, ফেদেরিকো গার্সিয়া লোরকা, চেশওয়াফ মিওশ ও কাইফি আজমির নির্বাচিত খণ্ড কবিতা; জোনাকী প্রকাশনী, ১৯৯৮), পাবলো নেরুদার কবিতা (জোনাকী প্রকাশনী, ২০১২), শার্ল বোদলেয়ারের নির্বাচিত কবিতা (জোনাকী প্রকাশনী, ২০১২), গার্সিয়া লোরকার নির্বাচিত কবিতা (জোনাকী প্রকাশনী, ২০১২), চেশওয়াফ মিওশের নির্বাচিত কবিতা (জোনাকী প্রকাশনী, ২০১২), কাইফি আজমির কবিতা (জোনাকী প্রকাশনী, ২০১২), চার পৃথিবী (ওমর খৈয়াম, শেখ সাদী, হাফিজ ও মির্জা গালিবের নির্বাচিত খণ্ড কবিতা; জোনাকী প্রকাশনী), ওমর খৈয়াম: নির্বাচিত কবিতা (জোনাকী প্রকাশনী, ২০১২), শেখ সাদীর নির্বাচিত কবিতা (জোনাকী প্রকাশনী, ২০১২), হাফিজের নির্বাচিত কবিতা (জোনাকী প্রকাশনী, ২০১২), মির্জা গালিবের নির্বাচিত কবিতা (জোনাকী প্রকাশনী, ২০১২), স্বদেশপ্রেম (মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, ফররুখ আহমদ ও সুকান্ত ভট্টাচার্যের নির্বাচিত খণ্ড কবিতা; জোনাকী প্রকাশনী, ২০১২), মধুসূদন দত্তর নির্বাচিত কবিতা (জোনাকী প্রকাশনী, ২০১২), জীবনানন্দ দাশের নির্বাচিত কবিতা (জোনাকী প্রকাশনী, ২০১২), ফররুখ আহমদের নির্বাচিত কবিতা (জোনাকী প্রকাশনী, ২০১২), সুকান্ত ভট্টাচার্যের নির্বাচিত কবিতা (জোনাকী প্রকাশনী, ২০১২), মরূদ্যানে পাঁচ ফুল (ভারতের ইতিকথা পুরস্কারপ্রাপ্ত; পার্ল পাবলিকেশন্স, ২০১৩), নোবেল বিজয়ী পাঁচ কবির নির্বাচিত ১০০ কবিতা (কালিকলম প্রকাশনা, ২০১৫), নোবেল বিজিত পাঁচ কবির নির্বাচিত ১০০ কবিতা (কালিকলম প্রকাশনা, ২০১৬), রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটদের নির্বাচিত ১০০ কবিতা (রিদম প্রকাশনা সংস্থা, ২০১৭), বাংলা সাহিত্যে কবি ও কবিতা (বাংলা সাহিত্যের নির্বাচিত ২০০ কবির জীবনী, ছবি ও ১টি করে নির্বাচিত কবিতা; অন্যধারা প্রকাশন, ২০১৫), এক মোড়কে রবীন্দ্রনাথ (রবীন্দ্রনাথের নির্বাচিত ১০০ কবিতা, ১০টি গল্প, ১টি উপন্যাস, ১০০ গান, ১টি নাটক, ১টি গীতি ও নৃত্যনাট্য এবং কবির আঁকা ছবি সম্বলিত; হাসি প্রকাশনী, ২০১৫), বাংলা সাহিত্যের নির্বাচিত ১০০ প্রেমের কবিতা (শিখা প্রকাশনী, ২০১৬), আবৃত্তিকোষ (কালিকলম প্রকাশনা, ২০১৫), কিশোর আবৃত্তিকোষ (কালিকলম প্রকাশনা, ২০১৬), শিশুতোষ আবৃত্তিকোষ (কালিকলম প্রকাশনা, ২০১৭), পূর্ব-পশ্চিম (কবি শক্তি চট্টোপাধ্যায়, শামসুর রাহমান, সুভাষ মুখোপাধ্যায় ও সুফিয়া কামালের নির্বাচিত খণ্ড কবিতা, ২০১৮), এপার ওপার (সুনীল গঙ্গোপাধ্যায়, আল মাহমুদ, রফিক আজাদ ও জয় গোস্বামীর নির্বাচিত খণ্ড কবিতা, ২০১৮), দুই বাংলার ২০০ প্রেমের কবিতা (২০১২), নির্বাচিত মুক্তিযুদ্ধের কবিতা (গ্রন্থ কুটির, ২০১৮), নির্বাচিত একুশের কবিতা (গ্রন্থ কুটির, ২০১৮), হাজার বছরের হাজার কবির ১০০০০ কবিতা (প্রথম খণ্ড - জোনাকী প্রকাশনী, ২০১৮; দ্বিতীয় খণ্ড - গ্রন্থ কুটির, ২০১৯; তৃতীয় ও চতুর্থ খণ্ড), বাংলা সাহিত্যের নির্বাচিত ২০ কবি-লেখক প্রভৃতি।
খেলাধুলার বই: খেলাধুলার আইন-কানুন (সাহিত্যমালা, ১৯৯২), খেলাধুলার আইন-কানুন (সম্পাদিত, কাকলী প্রকাশনী, ১৯৯৪), খেলাধুলার আইন (হাতেখড়ি, ২০১৫), ফুটবলের আইন (সাহিত্যমালা, ১৯৯২), বিশ্বকাপ ফুটবল (তরফদার প্রকাশনী ১৯৯২, জোনাকী প্রকাশনী ১৯৯৬, শব্দশিল্প ২০১৬), ফুটবলের মহানায়কেরা (রানা বুক সেন্টার, ১৯৯৩), ফুটবল খেলার আইন-কানুন (অনন্যা, ১৯৯৩), বিশ্বকাপ ফুটবলের এ টু জেড (গাজী প্রকাশনী, ২০১৪), ফুটবল কুইজ (শিখা প্রকাশনী ১৯৯৭, শব্দশিল্প ২০১৪), ক্রিকেট খেলা (অবধূত বইঘর, ১৯৯১), ক্রিকেট খেলার আইন (সাহিত্যমালা, ১৯৯২), ক্রিকেট রেকর্ডস (সুবর্ণ বইঘর, ১৯৯২), ক্রিকেট খেলা শিখতে হলে (তরফদার প্রকাশনী, ১৯৯৩), ক্রিকেটের ইতিবৃত্ত (সাহিত্যমালা, ১৯৯৩), ক্রিকেট খেলার আইন-কানুন (অনন্যা, ১৯৯৪), ক্রিকেট খেলা কত সহজ (বোস ব্রাদার্স, ১৯৯৭), বিশ্বকাপ ক্রিকেট (অনুভব প্রকাশন ১৯৯৬, জোনাকী প্রকাশনী ১৯৯৯, গাজী প্রকাশনী ২০১৫), লর্ডস টু মেলবোর্ন বিশ্বকাপ ক্রিকেট (শব্দশিল্প, ১৯৯৫), বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ (বোস ব্রাদার্স, ১৯৯৮), বাংলাদেশের ক্রিকেট (রানা বুক সেন্টার, ১৯৯৪), ক্রিকেট কুইজ (শিখা প্রকাশনী, ২০০২), ছোটদের ক্রিকেটের আইন (বোস ব্রাদার্স, ১৯৯৮), মজার খেলা ক্রিকেট (ঝিঙেফুল, ২০১১), ক্রিকেটের এ টু জেড (গাজী প্রকাশনী, ২০১৪), বিশ্বকাপ ক্রিকেটের এ টু জেড (গাজী প্রকাশনী, ২০১৫), হকি খেলার আইন (আশীর্বাদ প্রকাশনী, ১৯৯২), ভলিবল ও হ্যান্ডবল খেলার আইন (আশীর্বাদ প্রকাশনী, ১৯৯২), বাংলাদেশের গ্রামীণ খেলা (অবধূত বইঘর, ১৯৯২), গ্রামবাংলার খেলাধুলা (সূচীপত্র, ১৯৯৭), স্বাস্থ্যবিষয়ক বই: ব্যায়াম করুন সুস্থ থাকুন (শিখা প্রকাশনী, ১৯৯৮), সুস্থ দেহ সুন্দর জীবন (অধ্যাপক শাহানা পারভীন লাভলীর সাথে যৌথভাবে; গাজী প্রকাশনী, ২০১৩), ছোটদের খেলাধুলার আইন (২০১৮), মুক্তিযুদ্ধের খেলোয়াড়েরা (২০১৮), ক্রিকেট কুইজ (গ্রন্থ কুটির, ২০১৯), ফুটবল কুইজ (গ্রন্থ কুটির, ২০১৯), ওয়ারউইকশায়ার টু মেলবোর্ন (মাহদী প্রকাশ, ২০১৮), স্পোর্টস কুইজ (মেরিট ফেয়ার, ২০২০), লং লেগ টু এক্সট্রা কভার : কমপ্লিট ক্রিকেট (মেরিট ফেয়ার, ২০২০) ইত্যাদি।
সম্পাদিত ও অন্যান্য বই: পঙ্ক্তির এমরুল হোসাইন সংখ্যা (২০১৫), ড. রণজিৎ বিশ্বাস সংখ্যা (২০১৭), বিজয়ের সুবর্ণজয়ন্তী সংখ্যা (২০২১), পদ্মা সেতু সংখ্যা (২০২২), আমার শিক্ষক সংখ্যা (২০২২), আমার গ্রাম সংখ্যা (২০২৩), মা সংখ্যা (প্রথম ও দ্বিতীয় খণ্ড), জুলাই বিপ্লবের কবিতা সংখ্যা (২০২৪), হাইকু সংখ্যা (২০২৫), পিতা সংখ্যা (২০২৫), বিশ্বের চিরন্তনী বাণী (সম্পাদিত; জোনাকী প্রকাশনী, ২০০০), ডেল কার্নেগী সমগ্র (সম্পাদিত; জোনাকী প্রকাশনী, ২০০১), বাংলাদেশের জাতীয় প্রতীক (শিশু গ্রন্থ কুটির, ২০২০), বাংলাদেশের জাতীয় সম্পদ ও প্রতিষ্ঠান (গ্রন্থ কুটির, ২০২০) প্রভৃতি।
আত্মজীবনী/স্মৃতিকথা: দীপ্তিময় ব্যাপ্তি (সাহিত্য কথা, ২০১৬), স্মৃতির ফ্রেমে প্রিয় মুখ (পঙ্ক্তি, ২০২৬)।
ভারতে প্রকাশিত বই: খেলাধুলার আইন-কানুন (বিভি পাবলিশার্স, কলেজ স্ট্রিট, কলকাতা, ১৯৯৬), খেলাধুলার আইন-কানুন (সম্পাদিত) (কামিনী প্রকাশালয়, কলেজ স্ট্রিট, কলকাতা, ১৯৯৭), লাশ (বিভি পাবলিশার্স, কলেজ স্ট্রিট, কলকাতা, ১৯৯৪), ভালোবাসা কারে কয় (কামিনী প্রকাশালয়, কলেজ স্ট্রিট, কলকাতা, ১৯৯৬), হৃদয়ের কথা (উজ্জ্বল সাহিত্য মন্দির, ১৯৯৪), মন ভালো নেই (কামিনী প্রকাশালয়, কলেজ স্ট্রিট, কলকাতা, ১৯৯৬), এরই নাম প্রেম (বসাক বুক স্টোর, কলকাতা, ১৯৯৯), একটু ভালোবাসার জন্যে (বসাক বুক স্টোর, কলকাতা, ১৯৯৯), ভালোবাসার নিমন্ত্রণ (কামিনী প্রকাশালয়, ১৯৯৬), পিয়া (কামিনী প্রকাশালয়, কলকাতা, ১৪২২), মন নিয়ে খেলা (কামিনী প্রকাশালয়, কলেজ স্ট্রিট, কলকাতা, ১৪১১), মনের মানুষ (কামিনী প্রকাশালয়, কলেজ স্ট্রিট, কলকাতা, ১৪১১), মন যারে চায় (কামিনী প্রকাশালয়, কলেজ স্ট্রিট, কলকাতা, ১৪১১), প্রেম নয় ভালোবাসা (কামিনী প্রকাশালয়, কলেজ স্ট্রিট, কলকাতা, ২০০৩), ভালোবাসা প্রেম নয় (কামিনী প্রকাশালয়, কলেজ স্ট্রিট, কলকাতা, ১ বৈশাখ ১৪২২), কফি হাউসের আড্ডা (কামিনী প্রকাশালয়, কলেজ স্ট্রিট, কলকাতা), কিপ্টে মামার বিয়ে (বসাক বুক স্টোর, কলকাতা), শেষ বিকেলে (কামিনী প্রকাশালয়, কলেজ স্ট্রিট, কলকাতা, পহেলা বৈশাখ, ১৪২৫), নোবেল বিজয়ী ও বিজিত কবির কবিতা (মৌমিতা প্রকাশনী, আগরতলা, ত্রিপুরা, ১৪২৮), বাংলার গ্রামীণ খেলা (গাঙচিল, কলকাতা, ১৪২৮), শহিদ বুদ্ধিজীবী (গাঙচিল, কলকাতা, ১৪২৮)।
উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা:
সাহিত্যচর্চায় অবদানের জন্য সৈয়দ মাজহারুল পারভেজ অমরেশ বসু কলেজ সম্মাননা (২০০৪), এআইপিএস (ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন)-ডে সম্মাননা (২০১৪), বাংলাদেশ কবি সভা (বাকস) সম্মাননা (২০১৫), বাংলা ভাষা সংস্কৃতি কেন্দ্র সম্মাননা (ঢাকা, ২০১৬), মণ্ডল স্পোর্টিং ক্লাব সম্মাননা (রাজশাহী, ২০১৫), সাহিত্যালাপ সাহিত্য পরিষদ সম্মাননা (ঢাকা, ২০১৬), বিদ্যাপীঠ সাহিত্য পরিষদ সম্মাননা (ঢাকা, ২০১৬), সোনার বাংলা সাহিত্য পুরস্কার (ঢাকা, ২০১৭), দখিনের কবিয়াল সম্মাননা (পটুয়াখালী, ২০১৭), অনুশীলন সাহিত্য পরিষদ সম্মাননা (ঢাকা, ২০১৮), বাংলাদেশ লেখক পরিষদ সংবর্ধনা (ঢাকা, ২০১৯), শেখ মনিরুল ইসলাম আলমগীর ক্রীড়া পাঠাগার সম্মাননা (রাজশাহী, ২০১৯), রাইটার্স ইন্টারন্যাশনাল সম্মাননা (ঢাকা, ২০১৯), সিএনসি সৈয়দ আলী আহসান পুরস্কার (ঢাকা, ২০২৩), আবাবিল ফররুখ সাহিত্য পুরস্কার (ঢাকা, ২০২৩), ইলোরা আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার (ঢাকা, ২০২৩), প্রিয় প্রকাশ সুকুমার রায় শিশুসাহিত্য পুরস্কার (ঢাকা, ২০২৩), বর্ণমালা সাহিত্য পুরস্কার (ফরিদপুর, ২০২৩), জাতীয় শিল্পী পরিষদ পুরস্কার (২০২৩), পল্লীকবি জসীম উদ্দীন পুরস্কার (ফরিদপুর, ২০২৩), আবদুল হালিম পুরস্কার (ঢাকা, ২০২৬), গ্লোবাল ম্যাগাজিন পুরস্কার (২০২৬), লালকুঠি নজরুল বর্ষ পুরস্কার (২০২৬)।
আন্তর্জাতিক ক্ষেত্রে: ইতিকথা সাহিত্য পুরস্কার (কলকাতা, ২০১৪), সাহিত্য সাধনা সম্মান (কলকাতা, ২০১৫), ফাল্গুন সাহিত্য সম্মান (কলকাতা, ২০১৫), অণুবীক্ষণ পত্রিকা সাহিত্য সম্মান (কলকাতা, ২০১৬), ভারত-বাংলাদেশ মৈত্রী সম্মাননা (কলকাতা, ২০১৭), উদার আকাশ আজীবন সম্মাননা (কলকাতা, ২০১৭), অণুবীক্ষণ পত্রিকা সম্মান (কলকাতা, ২০১৭), প্রয়াস সম্মাননা (কলকাতা, ২০১৭), অভিযাত্রী সম্মাননা (কলকাতা, ২০১৭), আড্ডার আটচালা সংবর্ধনা (কলকাতা, ২০১৭), হাজারদুয়ারি সাহিত্য পুরস্কার (মুর্শিদাবাদ, ২০১৯), ভাঙড় কবি সম্মেলন সম্মাননা (পশ্চিমবঙ্গ, ২০১৯), মৌমিতা সাহিত্য সম্মান (ত্রিপুরা, ২০২০), স্রোত সাহিত্য সম্মান (আগরতলা, ২০২৪)—সহ আরও অনেক দেশীয় পুরস্কার, সম্মাননা ও সংবর্ধনা পেয়েছেন।
প্রযুক্তির চাপে প্রকাশিত ছাপার অক্ষরের বই হারিয়ে যাবে কিনা সেই উত্তরে তিনি বলেন 'এমন কথা আমাকেও অনেকে বলেন। তবে আমি এ বক্তব্যের সাথে সহমত পোষণ করতে পারছি না। এ বিষয়ে আমার বক্তব্য হচ্ছে—উন্নত প্রযুক্তির ভিড়ে গুগল, ফেসবুক, ইউটিউব হয়তো একদিন বদলে যাবে বা হারিয়ে যাবে, কিন্তু পৃথিবী যতদিন থাকবে, ততদিন প্রিন্টেড বই থাকবে'।
সর্বজনশ্রদ্ধেয় কথা সাহিত্যিক আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য ও আরো দীর্ঘ সৃজনশীল সাফল্য কামনা করি।
বিনম্র অভিব্যাক্তিতে তিনি এই আলাপচারিতা র উদ্যোগ কে জানালেন ধন্যবাদ।
সাহিত্য থেকে আরো পড়ুন