https://www.prothomalony.com/
18701
north-america
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ২২:২৩
যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনের ছবিতে চার ধরনের পোশাক ও সামগ্রী ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এগুলো হলো—ইউনিফর্ম, টুপি বা মাথা ঢাকার কিছু পোশাক, হেডফোন এবং চশমা। এসব নিয়ম নারী-পুরুষ উভয় আবেদনকারীর জন্য প্রযোজ্য।
যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী, ভিসার ছবিতে কোনো ধরনের ইউনিফর্ম পরা যাবে না। তবে ধর্মীয় কারণে নিয়মিত পরা পোশাক এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এ ছাড়া চুল বা কপালের সীমানা আড়াল করে এমন টুপি ও মাথার আবরণ সাধারণত গ্রহণযোগ্য নয়। তবে ধর্মীয় কারণে নিয়মিত মাথা ঢেকে রাখেন, এমন আবেদনকারীরা বিশেষ ছাড় পাবেন। সেক্ষেত্রে ছবিতে মুখমণ্ডল স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে।
ভিসার ছবিতে হেডফোন, তারবিহীন হ্যান্ডস-ফ্রি যন্ত্র বা এ ধরনের কোনো সামগ্রী রাখা যাবে না। অন্যদিকে, চশমা পরেও সাধারণত ছবি জমা দেওয়া যাবে না। তবে বিরল চিকিৎসাজনিত কারণে চশমা খুলতে অসমর্থ হলে বিশেষ ছাড় পাওয়া যেতে পারে। এ জন্য প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত নথি জমা দিতে হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী, ভিসার ছবিতে এসব নিয়মের পাশাপাশি মুখমণ্ডলের দৃশ্যমানতা, ছবির মান, পটভূমি ও নির্ধারিত আকারের শর্তও পূরণ করতে হবে।
নির্ধারিত নিয়ম না মানলে আবেদনকারীর ছবি বাতিল হতে পারে। সেক্ষেত্রে নতুন ছবি জমা দিতে হবে, যা ভিসা প্রক্রিয়ায় বিলম্ব ঘটাতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ছবিসংক্রান্ত নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন