https://www.prothomalony.com/
18694
literature
‘আমি তোমাকেই বলে দেব/ কী যে একা দীর্ঘ রাত/ আমি হেঁটে গেছি বিরান পথে/ আমি তোমাকেই বলে দেব/ সেই ভুলে ভরা গল্প/ কড়া নেড়ে গেছি ভুল দরোজায়/ ছুঁয়ে কান্নার রঙ ছুঁয়ে জোছনার ছায়া!’ —সঞ্জীব চৌধুরী
(জন্ম: ২৫ ডিসেম্বর, ১৯৬৪—মৃত্যু: ১৯ নভেম্বর, ২০০৭)
হারমোনিয়াম গলায় ঝুলিয়ে যে টগবগে তরুণ রাজপথে গণমানুষের কথা বলেছে, সে আর কেউ নয়—আমাদের সঞ্জীব চৌধুরী। কবি, সাংবাদিক, গীতিকার, সুরকার, গায়ক, নাট্যকার ও সংগঠক হিসেবে খ্যাতি ছিল মেধাবী সব্যসাচী এই শিল্পীর। গানে গানে তিনি যেভাবে প্রতিবাদের ভাষা রপ্ত করেছিলেন, তা বাংলা সংগীতে বিরল। শাসকদের চোখ রাঙানিতে যখন কম্পিত গোটা বাংলা, সাধারণ মানুষের প্রতিটি পদক্ষেপ যেখানে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করা হচ্ছে, সেখানে তিনি শোষকদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ তুলেছেন গানের মধ্য দিয়ে। মানবজীবনের গাথা, প্রেম, বিরহ, সমাজ, রাজনীতি, প্রতিবাদ ও দ্রোহ—সবই সমানভাবে জায়গা পেয়েছে তার গানে।
নব্বইয়ের দশকে গণতন্ত্র যখন অবরুদ্ধ আর মানুষের অধিকার যখন শাসকগোষ্ঠীর তালুবন্দী, গান ও কবিতাপাগল সঞ্জীব চৌধুরী রাজচক্ষুকে উপেক্ষা করে দলবল নিয়ে আন্দোলনে সরব ছিলেন। মানুষের কথা বলার অধিকার সবার থাকলেও সবার সাহস হয় না জেগে ওঠার। কিছুটা একরোখা মনোভাবের সঞ্জীব চৌধুরী স্বপ্নবিলাসী মানুষের কথাই বলেছেন গানে গানে। নিয়মতান্ত্রিক প্রথাগত সৃষ্টির গণ্ডিতে তিনি কখনো নিজেকে আবদ্ধ রাখেননি। গান ও কবিতাকে আধুনিকতার ছোঁয়ায় পৌঁছে দিয়েছেন ভক্তদের হৃদয়ে। মেধাবী কিশোর সঞ্জীব পারিবারিক আড্ডা জমিয়ে তুলতেন নিজের বানানো ভূতের গল্প শুনিয়ে। কোনো কিছুই তার কাছে কঠিন হয়ে ওঠেনি। সাদামাটাভাবেই কাটিয়ে গেছেন ছোট্ট জীবন। ঝলমলে আকাশের একটি তারা হঠাৎই আলোকরশ্মি থেকে সরে গেল। চারদিকে কেমন যেন অন্ধকার! এভাবেই পৃথিবীর আলো-বাতাস ছেড়ে অকালে চলে গেলেন সঞ্জীব চৌধুরী। বিশাল শূন্যতার মাঝে আজও অনেক কোলাহল শুনি, তবু নীল আকাশের কান্না থামেনি।

সঞ্জীব চৌধুরী ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামে। সেখানকার জমিদার শরৎ রায় চৌধুরী ছিলেন সঞ্জীব চৌধুরীর পিতামহ। মামার বাড়ি মাকালকান্দি গ্রামে জমি কিনে বাবা ননীগোপাল চৌধুরী ও মা প্রভাষিনী চৌধুরী বসতি স্থাপন করেন। নয় ভাইবোনের মধ্যে তিনি সপ্তম। জমিদার বংশের উত্তরসূরি হয়েও সঞ্জীব চৌধুরী পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। প্রতিটি লড়াই-সংগ্রামে ছিল তার সক্রিয় অবস্থান। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর পরিবার ঢাকায় চলে এলে তিনি বকশীবাজার নবকুমার ইনস্টিটিউটে ভর্তি হন। ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ১২তম স্থান অর্জন করেন। তার এই সাফল্যে খুশি হয়ে স্কুল কর্তৃপক্ষ একদিন ছুটি ঘোষণা করেছিল। ১৯৮০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও তিনি মেধা তালিকায় স্থান করে নেন। বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, এমনকি বড় বোন ড. নীলিমা চৌধুরীর মাধ্যমে বেঙ্গালুরুতে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ পেয়েও তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। পরে বিষয় বদলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
সঞ্জীব চৌধুরীর কর্মজীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। কাজ করেছেন আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে। ফিচার সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করেছিল তার সৃষ্টিশীলতা। বিশেষ করে দৈনিক পত্রিকায় নিয়মিত ফিচার বিভাগ শুরুর পেছনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য; তাকে বাংলাদেশের ফিচার সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ বলা চলে।
সঞ্জীব চৌধুরীর কাব্যপ্রতিভাও ছিল অসাধারণ। কবিতা লেখার পাশাপাশি আবৃত্তিতেও তিনি ছিলেন স্বচ্ছন্দ। লিখেছেন বেশ কিছু ছোটগল্প ও নাটকের পাণ্ডুলিপিও। ‘নীল ক্লিনিক’, ‘রাশপ্রিন্ট’ ও ‘কোলাজ’ নামের তিনটি কবিতা, ছোটগল্প ও নাটকের পাণ্ডুলিপি একত্রিত করে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা ১৯৯০ সালে ‘রাশপ্রিন্ট’ নামে তার একমাত্র গ্রন্থটি প্রকাশ করেন। আহমদ ছফাও তার লেখনীর ভূয়সী প্রশংসা করেছিলেন।
সঞ্জীব চৌধুরীর ছোট বোন বাবলী চৌধুরী জানান, জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’ এর প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরীর সংগীতে কোনো প্রাতিষ্ঠানিক গুরু ছিল না। নিজে নিজেই গান শিখেছেন তিনি, তবে মা প্রভাষিনী চৌধুরী ভালো ধামাইল ও ধর্মীয় গান জানতেন। মায়ের কণ্ঠে শোনা গানই ছিল তার বড় প্রেরণা। সঞ্জীব চৌধুরীর কথা এলেই চলে আসে আরেকটি নাম— বাপ্পা মজুমদার। ১৯৯৫ সালে বাপ্পা মজুমদারকে সঙ্গে নিয়ে তিনি ‘দলছুট’ ব্যান্ড গড়ে তোলেন। ১৯৯৭ সালে দলছুটের প্রথম অ্যালবাম 'আহ' প্রকাশের পর চারদিকে সাড়া পড়ে যায়। এরপর 'হৃদয়পুর', 'স্বপ্নবাজি', 'আকাশচুরি', 'জোছনা বিহার', 'টুকরো কথা', 'আয় আমন্ত্রণ' অ্যালবামগুলো প্রকাশিত হয়। এর মধ্যে 'স্বপ্নবাজি' ছিল সঞ্জীব চৌধুরীর একক অ্যালবাম।
হাওর-বাঁওড় ও সবুজ প্রকৃতির মাঝে বেড়ে ওঠা সঞ্জীব চৌধুরী নব্বইয়ের দশকের উত্তাল রাজনৈতিক বাংলাদেশেও ছিলেন স্বকীয়। বাম ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত এই মানুষটির ভেতরে কখনো ভয় বাসা বাঁধেনি। শ্রেণিবৈষম্যের সমাজের বিপরীতে তিনি দাঁড়িয়েছিলেন একরোখা বিপ্লবীর মতো; স্বপ্ন দেখেছিলেন সাম্যের, হেঁটেছেন আলোর পথে, খেটে খাওয়া মানুষের অধিকারের কথা বলতে রাজপথে ছিলেন সরব। রাষ্ট্রক্ষমতা বা ক্ষমতাসীনদের তোষামোদকারীদের মুখোশ উন্মোচনেও তিনি ছিলেন সোচ্চার। অবরুদ্ধ সময়েও তার গান থামেনি। প্যারোডি গানের মধ্য দিয়েও তিনি মানুষকে প্রেরণা জুগিয়েছেন। কবিতা ও গানে প্রতিনিয়ত বলেছেন শ্রমজীবী ও সাধারণ মানুষের কথা।
কষ্ট ও বেদনার সুর গানের ভেতর বুনে সঞ্জীব চৌধুরী হেঁটে গেছেন বিরান পথে। তার গানে সম্পর্কের টানাপোড়েন, বিরহ ও প্রেমের আকুলতা যেমন আছে, তেমনি আছে গভীর জীবনবোধ। ‘চোখটা এত পোড়ায় কেন/ ও পোড়া চোখ সমুদ্রে যাও/ সমুদ্র কি তোমার ছেলে/ আদর দিয়ে চোখে মাখাও?’—এমন পঙ্ক্তি আজও শ্রোতাদের নাড়া দেয়। বাউল শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না চলে না/ চলে না রে, গাড়ি চলে না’ গানের মতোই থেমে গেছে সঞ্জীব চৌধুরীর জীবনগাড়ি। ২০০৭ সালের ১৯ নভেম্বর বাইলেটারেল সেরিব্রাল ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সঞ্জীব চৌধুরীর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—‘আমি তোমাকেই বলে দেব’, ‘বায়োস্কোপ’, ‘চল বুবাইজান’, ‘আকাশচুরি’, ‘হৃদয়পুর’, ‘গাড়ি চলে না’, ‘সমুদ্র সন্তান’, ‘তোমার ভাঁজ খোলো’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘স্বপ্নবাজি’ ও ‘আমি ফিরে পেতে চাই’। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের রাতজাগা তরুণেরা আজও তার গান গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ ঘাসে এখন আর রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, সঞ্জীব চৌধুরী, শিমুল মুস্তাফা ও কামরুজ্জামান কামুর প্রাণবন্ত আড্ডা বসে না। তবু টিএসসির ‘সঞ্জীব চত্বরে’ প্রতিবছর সঞ্জীব উৎসব উদ্যাপন করেন ভক্তরা। শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি চিরকাল বেঁচে থাকবেন অনুরাগীদের হৃদয়ে।
লেখক: কবি, প্রকাশক ও রাজনৈতিক বিশ্লেষক
সাহিত্য থেকে আরো পড়ুন