https://www.prothomalony.com/

18651

literature

সাহিত্য

কবিতার একপাতা— অনুবাদ সংখ‍্যা ————————————————

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ০২:১২

প্রতিবছর অক্টোবর মাসে বর্ষপূর্তি সংখ‍্যা প্রকাশের পরের সংখ‍্যাটি অর্থাৎ কবিতার একপাতা নভেম্বর সংখ‍্যা বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ সম্ভার থেকে কবিতা বেছে খ‍্যাতিমান অনুবাদকদের অনুদিত কবিতায় ভিন্নরূপে সাজে। এবারো তারই অনুসৃতি। মূল কবি পরিচিতি সহ
অনুবাদকের সংক্ষিপ্ত পরিচয়নামা, সাথে অনূদিত কবিতা। আশা করছি- কবি ও কবিতাপ্রেমী, বাংলা কবিতার অগ্রসর সকল পাঠককে কবিতাগুলির পাঠ আনন্দ দানে সক্ষম হবে।
আপনাদের সকলের জন‍্য আমাদের এক বুক ভালোবাসা।
ফারুক ফয়সল


কবিতাঃ স্পাই
মূলঃ কবি টিয়া পল-লুইস

বাংলায় অনূদিতঃ গুপ্তচর
বাংলায় অনুবাদ - হাইকেল হাশমী

অনুসরণকারী চিতাবাঘ। তার হলুদ দৃষ্টি
আমার পথকে চিহ্নিত করেছে। প্রতিটি ছায়া
তোমার প্রতিচ্ছবি — এই অম্লীয়
গুঁড়ো কাঁটার পথে। এক শীর্ণ
পাহাড়, রোদে-উজ্জ্বল ড্যাফোডিলে ভরা,
আমি তা অতিক্রম করি,
ইচ্ছা হলো পাশ কাটিয়ে যাই
তার আগে চিতাবাঘের নখে বিদীর্ণ হই,
আর তুমি গিলে নাও
এই গোপনটি—
যে তোমার লোভের জন্য আমি তার কাছে কাঙ্ক্ষিত হয়েছি।


মূল কবিতাঃ দেয়ার উইল কাম সফট্ রেইনস
কবিঃ সারা টেসডেল

বাংলায় অনূদিতঃ ঝরে পড়বে নরম বৃষ্টি
বাংলা অনুবাদঃ কামরুল হাসান
 
তখনো ঝরে পড়বে নরম বৃষ্টি, ভেসে আসবে মাটির ঘ্রাণ,
ঝিলমিল শব্দে কেবলি চক্কর খাবে বাবুই পাখিরা;
আর রাতে জলাশয়ে ডেকে উঠবে ব্যাঙের দল,
বুনো পাম গাছগুলো কাঁপবে সাদা ফুলে সেজে;
দোয়েল পাখিরা গায়ে জড়াবে তাদের আগুনরঙা পালক,
বেড়ার নিচু তারে বসে শিস দিয়ে গাইবে আপন খেয়ালে;
যুদ্ধের কথা কেউ জানবে না, এমনকি যুদ্ধের অবসানে
কেউ ফিরেও তাকাবে না—কারও কিছু এসে যাবে না।
পাখি বা গাছ—কারও মনেই কোনো আলোড়ন জাগবে না,
যদি মানবজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়;
এমনকি বসন্তকাল, যখন সে ভোরের আলোয় জেগে উঠবে
বুঝতেই পারবে না যে মানবজাতি আর নেই।
 

মূল কবিতাঃ টু দ্য গ্রেট জিরো
কবিঃ আন্তোনিও মাচাদো

স্পেনিশ থেকে ইংরেজি অনুবাদ: উইলিস বার্নস্টোন
বাংলায় অনূদিতঃ বিশাল শূন্যের প্রতি
অনুবাদঃ কুমার চক্রবর্তী

স্বনির্মিত-সত্তা শেষমেশ করল না কিছুই সৃষ্টি,
বিশ্রামের জন্য সে হলো শায়িত। আর পুরোপুরি প্রাপ্য ছিল
দিনের অধিকারভুক্ত রাতকে, আর সে হারাল সঙ্গ।
শুধু অনুপস্থিতিতেই টিকে রইল তার প্রেম।

ছায়া হোক! এবং মানবচিন্তার হলো জন্ম।
তার হাতে জেগে উঠল বিশ্বব্রহ্মাণ্ডের ডিম্ব
এখনো শীতল আর বর্ণহীন, আকার থেকে প্রবঞ্চিত হয়ে
অস্পষ্ট কুয়াশায় আর অসার ভূমিতে হলো পূর্ণ।

নাও, তুলে নাও শূন্য সংখ্যাটিকে, এক ফাঁপা গোলক,
যদি তুমি তাকে দেখো, যা রয়েছে দাঁড়িয়ে খুব নিকটেই।
তোমার কাঁধই যেন ওই বন্য জন্তুটির পৃষ্ঠদেশ,

অনস্তিত্ব থেকে জন্ম নেয় একটি আশ্চর্য।
এখন ভোজ সারো হে কবি,
পান করো আর ছুঁড়ে দাও একটি সীমান্তগান,
মৃত্যুর দিকে নীরবতার দিকে আর বিস্মরণের দিকে।


মূল কবিতাঃ দ‍্য ওয়াইল্ড আইরিস
কবিঃ লুইস গ্লিক

বাংলায় অনূদিতঃ বুনো আইরিস
বাংলা অনুবাদ: লায়লা ফারজানা

আমার তীব্র কষ্টের শেষে খোলা ছিল একটি দরজা ।

বলছি শোনো: আমি মনে করি সেই ছিল
যাকে তোমরা বল — মৃত্যু।

উর্ধাকাশে শব্দের চলাচল, স্থানান্তরিত পাইন এর শাখা। তারপরে কেবল শূন্যতা।
শুষ্ক ভূপৃষ্ঠে দুর্বল সূর্যের ঝাপসা আলোর আভা।

তাই ভয়াবহ এই বেঁচে থাকা
চেতনারা যখন অন্ধকার পৃথিবীতে সমাহিত ।

তারপর সমাপ্তি : যাকে তোমাদের ভয়,
আত্মার কথা বলার অক্ষম প্রচেষ্টা,
হঠাৎ ফুরিয়ে যাওয়া,
দুর্ভেদ্য পৃথিবীর একটু শিথিলতা ।

আর আমি বুনোলতার নিচু ঝোপে
ছুটে চলা এক ক্ষিপ্র পাখীকে দেখেছি।

বলেছি, তোমরা ভুলে গেছ সেই পথ,
ছিন্ন করেছ এই পৃথিবীর সাথে সেই পৃথিবীর সমস্ত যোগাযোগ।

আমি আবারও বলতে পেরেছি:
বিস্মৃতির অতল থেকে ফিরে এসে খুঁজে পেয়েছি
নিজের কণ্ঠ, একটি আওয়াজ:

জীবনের কেন্দ্র থেকে
উৎসারিত এক অদম্য ঝরনা,
গভীর নীল সমুদ্রে যার গভীর নীল ছায়া।


কবি ও অনুবাদকগণের সংক্ষিপ্ত পরিচিতিঃ
কবিতাঃ স্পাই

মূলঃ কবি টিয়া পল লুইস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক একজন সমসাময়িক কবি ও কথাসাহিত্যিক।
ব্যক্তিগত জীবনের নানা টানাপড়েন এবং প্রথাগত সংস্কারের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে সাহিত্যচর্চায় তিনি নিজের কণ্ঠস্বর অণ্বেষণ করেন। ২০১৮ সালের জুন-জুলাই সংখ্যায় আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা Ethos Literary Journal -এর ফিচার্ড পোয়েট হিসাবে স্বীকৃতি লাভ করেন।


বাংলায় অনূদিতঃ গুপ্তচর
অনুবাদঃ হাইকেল হাশমী
। কবি ও অনুবাদক। বাংলাদেশের অন‍্যতম প্রধান একজন অনুবাদক। বিশেষত উর্দু সাহিত‍্যে উপমহাদেশের বিখ‍্যাত সাহিত‍্যিক সাদত হাসান মান্টোর ছোটগল্প সহ উর্দু সাহিত‍্যের সেরা ছোটগল্পের অনুদিত সংকলন ৮ টি। দুই খণ্ডে প্রকাশিত বাংলাদেশের উর্দু ছোটগল্প আছে তাঁর প্রকাশিত গ্রন্থ তালিকায়। তাঁর প্রকাশিত মৌলিক কাব‍্যগ্রন্থ সংখ‍্যা ছয়টি।


কবিতাঃ দেয়ার উইল কাম সফট্ রেইনস
সারা টেসডেলঃ একজন লিরিকাল আমেরিকান কবি। তাঁর এই চমৎকার যুদ্ধবিরোধী কবিতাটি প্রথম মহাযুদ্ধের সময়ে রচিত, যা প্রায় একই সময়ে একই নামের একটি ছোটগল্প রচনাকে অনুপ্রাণিত করেছিল। তিনি ১৮৮৪ সালে মিসৌরিতে জন্মগ্রহণ করেন।  ১৯১৭ সালে প্রকাশিত তাঁর কবিতাসংগ্রহ লাভ সংস-এর জন্য পরের বছর তিনি পুলিৎজার পুরস্কার লাভ করেন।


বাংলায় অনূদিতঃ ঝরে পড়বে নরম বৃষ্টি
অনুবাদঃ কবি কামরুল হাসান। আশির দশকের কবি। কবিতার পাশাপাশি তিনি ছোটগল্প ও প্রবন্ধ লেখেন এবং অনুবাদ করেন বিদেশি সাহিত্য। তার সাম্প্রতিক আগ্রহ ভ্রমণকাহিনি ও যাপিত জীবনের কাহিনি। প্রকাশিত বইয়ের সংখ্যা (অনুবাদ সহ) ৩৬টি।


কবিতাঃ টু দ‍্য গ্রেট জিরো
কবিঃ আন্তোনিও মাচাদো
। ৯৮ প্রজন্ম নামে সমধিক পরিচিত স্পেনের বিখ‍্যাত সাহিত‍্য আন্দোলনের প্রধান স্তম্ভ হিসাবে বিবেচনা করা হয় তাঁকে। তিনি শতাব্দীর অন‍্যতম শ্রেষ্ঠ স্পেনীয় কবি আন্তোনিও মাচাদো। তিনি তাঁর গভীর দার্শনিক চিন্তা, সহজবোধ‍্য ভাষা এবং স্পেনের প্রকৃতি ও সংস্কৃতির প্রতি ভালোবাসার জন‍্য বিশ্বসাহিত‍্যে স্থায়ী আসন পেতেছেন।
বাংলায় অনূদিতঃ বিশাল শূন‍্যের প্রতি
বাংলা অনুবাদঃ কবি কুমার চক্রবর্তী। কুমার চক্রবর্তী সময়ের উল্লেখযোগ্য কবি, অনুবাদক, প্রাবন্ধিক। তাঁর প্রথম কাব্যগ্রন্থ লগপুস্তকের পাতা প্রকাশিত হয় ১৯৯৮ সালে। এই কবির প্রকাশিত কাব্যগ্রন্থের তালিকা দীর্ঘ। বাংলায় কবিতা লেখা ছাড়াও টমাস ট্রান্সট্রোমার, চেসোয়াভ মিউশ, ফের্নান্দো পেসোয়ার সহ বিশ্বখ্যাত কবিদের কবিতার বাংলা অনুবাদ করে অনুবাদ সাহিত্যে নিয়মিত অবদান রেখে চলেছেন।


কবিতাঃ দ‍্য ওয়াইল্ড আইরিস
কবিঃ লুইজ গ্লিক
(Louise Glück, ১৯৪৩–২০২৩)। গ্লিক ছিলেন সমকালীন মার্কিন সাহিত্যের অন্যতম প্রভাবশালী কবি। ২০২০ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর কবিতায় নিঃসঙ্গতা, মৃত্যু, স্মৃতি, প্রেম, পারিবারিক সম্পর্ক, যন্ত্রণা ও পুনর্জন্মের মতো বিষয় গভীর দার্শনিক সংবেদনশীলতায় উঠে এসেছে।
বাংলায় অনূদিতঃ বুনো আইরিস
অনুবাদঃ কবি লায়লা ফারজানা। কবিতা লেখার পাশাপাশি অনুবাদ কর্মে নিয়মিত নিয়োজিত। মার্কিন দেশের কবিতা তাঁর উল্লেখযোগ‍্য অনুবাদকর্ম। টি এস এলিয়ট থেকে এ‍্যলেন গিন্সবার্গ, জন অ‍্যাশবেরি থেকে লুইস গ্লিক হয়ে অ‍্যামণ্ড শেরম‍্যান , ২৫ জন মার্কিন বিশিষ্ট কবির কবিতা নিয়ে উল্লিখিত সংকলন। লায়লা ফারজানার প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ‍্য বই— ঝরা পাতার র‍্যাপসোডি, নীল ইগুয়ানা এবং মধ্যরাতের স্কুটার।

সাহিত্য থেকে আরো পড়ুন