https://www.prothomalony.com/
18666
new-york
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ০৮:০৬
শরতের বিদায়বেলায় নিউইয়র্কের ব্রঙ্কসে বসেছিল প্রবাসী বাংলাদেশিদের এক ভিন্নধর্মী মিলনমেলা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয় ‘শরতের শেষ বিকেলের আড্ডা—কথায়, কাব্যে, দর্শনে, সাজে ও ভোজে: একান্ত আলাপের এক সন্ধ্যা’। দেশি ট্রিবিউন, প্রথম আলো উত্তর আমেরিকা ও প্রথম আলো ফাউন্ডেশন ইউএসএর যৌথ উদ্যোগে আয়োজিত এ সন্ধ্যা ছিল গল্প, কবিতা, স্মৃতিচারণ ও পারস্পরিক আলাপে প্রাণবন্ত। তবে আড্ডার পাশাপাশি নতুন অভিবাসীদের প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতায় স্বাবলম্বী করে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগও উঠে আসে অনুষ্ঠানে।

আয়োজনের বিশেষ পর্বে আলোচনা হয় ‘নতুন অভিবাসী প্রাপ্তবয়স্কদের জন্য ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি’ নিয়ে। নতুন দেশে দৈনন্দিন জীবনযাপন, বিভিন্ন সেবা গ্রহণ এবং কর্মসংস্থানের সুযোগ খুঁজে পেতে প্রযুক্তিগত জ্ঞান ও ডিজিটাল দক্ষতার গুরুত্ব তুলে ধরেন নারী সংগঠক ফারমিস আখতার ও জেসমিন চৌধুরী। প্রযুক্তির সঙ্গে পরিচিতি, আত্মনির্ভরতা এবং অভিবাসী জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল সক্ষমতা তৈরির বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

প্রস্তাবিত কর্মসূচিতে প্রাথমিক কম্পিউটার দক্ষতা, ল্যাপটপ ও ইন্টারনেট ব্যবহার, ইমেইল পরিচালনা, স্বাস্থ্যসেবা, সরকারি বেনিফিট ও সিটি সার্ভিসের অনলাইন সুবিধা গ্রহণের পদ্ধতি শেখানো হবে। পাশাপাশি চাকরি, আবাসন ও সরকারি সেবার অনলাইন ফরম পূরণ, রিজিউমি তৈরি, চাকরি খোঁজা এবং অনলাইন প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ডিজিটাল টুল ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। অনলাইনে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, প্রতারণা বা স্ক্যাম শনাক্ত করা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও থাকবে কর্মসূচিতে।

অনুষ্ঠানে ব্রঙ্কসের নতুন ও অভিবাসী জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও সহায়তামূলক উদ্যোগের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এর আওতায় ইংরেজি ভাষা শিক্ষা, কম্পিউটার দক্ষতা, ক্যারিয়ার প্রস্তুতি, অভিবাসন ও আইনি সহায়তা-সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় রেফারেল সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যসেবা ও কমিউনিটি সম্পদের সঙ্গে পরিচিত করা, চাকরি খোঁজা, রিজিউমি তৈরিতে সহায়তা, প্রশিক্ষণের সুযোগ এবং নাগরিক শিক্ষা ও পারিবারিক সহায়তার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইব্রাহীম চৌধুরী, আবু তাহের, মেরি জোবাইদা, রাশিদা আক্তার, লতিফা চৌধুরী, শামসুন ফৌজিয়া, ভায়লা সালিনা, সাঈয়েদ ইকবাল, শেলী জামান খান, জুলি রহমান, ইপন চৌধুরী, উতবা সৈয়দ, রাব্বি মিয়া, সাঈয়েদা জাইমা, সাঈয়েদা জাইনা, জেসমিন চৌধুরী, শামীমা শারমিন, খলিলুর রহমান, জাকির চৌধুরী সিপিএ, মসনুর রহমান, রওশন হক, এম বি হোসেন, মিয়া আসকির, মোজাফ্ফর আহমেদ, শাহানা উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, রাশেক, ফরিদা ইয়াসমিন, মনজুরুল ইসলাম প্রমুখ।

ব্যস্ত নগরজীবনের কোলাহল পেরিয়ে পরিচিতজনদের সঙ্গে কিছুটা সময় কাটানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। আমন্ত্রণপত্রের ভাষায়, ‘স্বপ্ন আর জীবনের গল্পে সন্ধ্যাটি হয়ে উঠুক আপন আলোয় উজ্জ্বল’। শরতের শেষ বিকেল থেকে রাতের স্নিগ্ধতা পর্যন্ত কথায়, কাব্যে, দর্শনে ও পারস্পরিক ভালোবাসায় গড়ে ওঠে এই মিলনমেলা। অংশগ্রহণকারীরা নতুন অভিবাসীদের জন্য ডিজিটাল সাক্ষরতা ও শিক্ষা-সহায়তার উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের শুরু থেকেই ছিল মৌসুমি পিঠা-পুলি এবং ফারমিস আখতারের নিজের হাতে রান্না করা নানা খাবারের আয়োজন। দেশীয় খাবার ও আন্তরিক আপ্যায়নে সন্ধ্যাটি পায় ঘরোয়া আবহ।
সমাপনী বক্তব্যে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নতুন অভিবাসীদের সহায়তায় মানবিক উদ্যোগে যুক্ত থাকার জন্য ফারমিস আখতারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন