https://www.prothomalony.com/
18664
new-york
নিউইয়র্ক সিটি হলে উদযাপিত হয়েছে দক্ষিণ এশীয় অভিবাসীদের ইতিহাস, সংগ্রাম ও অর্জন নিয়ে বিশেষ প্রদর্শনী ‘দ্য নিউইয়র্ক শাড়ি’। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও সিটি কাউন্সিল সদস্য শেখর কৃষনান। সোমবার কাউন্সিল সদস্য কৃষনানের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রদর্শনীটি এর আগে নিউইয়র্ক হিস্টোরিক্যালে আয়োজন করা হয়েছিল। দক্ষিণ এশীয় নিউইয়র্কবাসীদের অবদান ও ইতিহাসের অনেকটা আড়ালে থাকা গল্পগুলো সামনে আনার চিন্তা থেকেই এর সূচনা। কাউন্সিল সদস্য শেখর কৃষনান জানান, তাঁর দুই বন্ধু এপিসেন্টার এনওয়াইসির সহপ্রতিষ্ঠাতা মিত্রা কলিতা এবং নিউইয়র্ক হিস্টোরিক্যালের লুইস মিরেরের সঙ্গে এক আলোচনার মধ্য দিয়ে প্রদর্শনীর পরিকল্পনা শুরু হয়।
.jpg)
শুক্রবারের আয়োজনটি ছিল নিউইয়র্কের দক্ষিণ এশীয় অভিবাসী সম্প্রদায়ের অবদান উদযাপন এবং তাঁদের পথপ্রদর্শকদের স্মরণ করার বিশেষ উপলক্ষ। অনুষ্ঠানে কৃষনান বলেন, অভিবাসীদের পথচলা কখনো সহজ ছিল না। একসময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অভিবাসন নীতির কারণে দক্ষিণ এশীয়দের অভিবাসন সীমিত করা হয়েছিল, এমনকি অনেকের নাগরিকত্বও কেড়ে নেওয়া হয়েছিল। নাগরিকত্বের অধিকার ফিরে পাওয়ার পরও তাঁদের জাতিগত পরিচয়ের কারণে বৈষম্য, নেতিবাচক ধারণা, এশীয়বিদ্বেষ ও ঘৃণার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে।
.png)
ইতিহাসবিদ আনা ডানজিগার হ্যালপেরিন ও সালোনি ভামানের কিউরেশনে সাজানো প্রদর্শনীতে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের পাশাপাশি বিশেষভাবে নারীদের অবদান তুলে ধরা হয়েছে। সিটি হলে প্রদর্শিত তিনটি শাড়ির মালিক তিন নারী। তাঁরা হলেন নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল সদস্য শাহানা হানিফ, মেয়র জোহরান মামদানির মা ও চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং শেখর কৃষনানের মা ড. ললিতা কৃষনান।
.jpg)
প্রদর্শনীর সবচেয়ে আবেগঘন অংশ ছিল কৃষনানের মায়ের জীবনসংগ্রামের গল্প। রসায়নে ডক্টরেট ডিগ্রি নিয়ে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আসা ড. ললিতা কৃষনান কর্মক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন। একটি অ্যান্টিবায়োটিক ব্যাপকভাবে উৎপাদনের উপযোগী ফর্মুলা তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত অনুষ্ঠানে তিনি স্যুট ও বলগাউনে সজ্জিত অতিথিদের মধ্যে শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন। কৃষনানের মতে, তাঁর মায়ের সেই উপস্থিতি ছিল বিজ্ঞান ও সংস্কৃতিতে দক্ষিণ এশীয় নারীদের গুরুত্বপূর্ণ অবদানের এক শক্তিশালী প্রকাশ।
.jpg)
অনুষ্ঠানে একজন বাংলাদেশি বাবার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কৃষনান। নির্বাচনী প্রচারের সময় ওই বাবা তাঁকে জানিয়েছিলেন, স্কুলে গায়ের রঙের কারণে নিগ্রহের শিকার তাঁর ছেলে নিজের শোবার ঘরে কৃষনানের নির্বাচনী প্রচারের পোস্টার টাঙিয়ে রেখেছে। ছেলেটি পোস্টারটির মাধ্যমে নিজেকে বোঝাতে চেয়েছিল, গায়ের রঙ কিংবা পারিবারিক পটভূমি কোনো বাধা নয়; বরং নিজের পরিচয় নিয়েই বড় কিছু অর্জন করা সম্ভব। এমনকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাও সম্ভব। কাউন্সিলের ইতিহাসে প্রথম ভারতীয়-আমেরিকান সদস্য হিসেবে কৃষনান বলেন, শুরু থেকেই তিনি বিশ্বাস করতেন, তাঁর যেকোনো অর্জনের সঙ্গে পুরো সম্প্রদায়কে সম্পৃক্ত রাখতে হবে।
.jpg)
নিজের মেয়াদে নেওয়া কয়েকটি উদ্যোগের কথাও তুলে ধরেন কৃষনান। এর মধ্যে রয়েছে উবার ও লিফট চালকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়ন, পথবিক্রেতাদের অভিবাসনসংক্রান্ত জটিলতা থেকে সুরক্ষা দিতে ফুটপাতে খাবার বিক্রিকে অপরাধমুক্ত করা এবং নিউইয়র্ক সিটির সরকারি স্কুলে দীপাবলির ছুটি চালুর উদ্যোগ। দক্ষিণ এশীয়দের উল্লেখযোগ্য অংশের কর্মসংস্থানের ক্ষেত্র ট্যাক্সি শিল্পে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের সঙ্গে কাজ করতে গিয়ে মেয়র জোহরান মামদানির সঙ্গে একবার গ্রেপ্তার হওয়ার ঘটনাও স্মরণ করেন তিনি।
কৃষনান বলেন, ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ শুধু কয়েকটি শাড়ির প্রদর্শনী নয়; এটি দক্ষিণ এশীয় অভিবাসীদের সম্মিলিত ইতিহাস ও জীবনসংগ্রামের গল্প। তাঁর মায়ের অভিবাসন থেকে শুরু করে জ্যাকসন হাইটসের ট্যাক্সিচালকদের জীবন—সবকিছুই এ গল্পের অংশ। নতুন প্রজন্ম যেন আগের প্রজন্মের ত্যাগ, সংগ্রাম ও অবদান সম্পর্কে জানতে পারে এবং সেগুলোর যথাযথ মূল্যায়ন করতে পারে, সে লক্ষ্যেই সিটি হলে এসব গল্প তুলে ধরা হচ্ছে।
উল্লেখ্য, জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট নিয়ে গঠিত নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ২৫-এর প্রতিনিধিত্ব করছেন শেখর কৃষনান। তাঁর কার্যালয় জ্যাকসন হাইটসের ৩৭-৩২, ৭৫তম স্ট্রিটে অবস্থিত। যোগাযোগ: (৭১৮) ৮০৩-৬৩৭৩।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন