https://www.prothomalony.com/
18670
north-america
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ০৮:১৩
যুক্তরাষ্ট্রে এক বছর ধরে হামের সংক্রমণ অব্যাহত থাকায় দেশটি রোগটির নির্মূল অবস্থান হারিয়েছে। এতে বিশেষ ঝুঁকিতে পড়েছেন বয়স্ক অভিবাসীরা, বিশেষ করে যারা শৈশবে হামের টিকা পাননি। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে ঘাটতি ও জনসচেতনতার অভাব সংক্রমণ বাড়ার অন্যতম কারণ।
১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের হামের নির্মূল অবস্থান হারানোর বিষয়টি ঘোষণা করা হয়। দেশটি ২০০০ সালে এই মর্যাদা অর্জন করেছিল। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৪১২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ বছর এ রোগে আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক, দুজন শিশু ও দুজন নবজাতক।
জানা গেছে, বর্তমানে হামে আক্রান্তদের প্রায় ৪১ শতাংশের বয়স ২০ বছর বা তার বেশি। আক্রান্ত প্রাপ্তবয়স্কদের প্রায় ১৫ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশে ১৯৭০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৮০-এর দশকে হামের টিকাদান কর্মসূচি চালু হয়। ফলে এসব দেশ থেকে আসা অনেক অভিবাসী শৈশবে টিকা না-ও পেয়ে থাকতে পারেন। ১৯৯৬ সালের আগে যুক্তরাষ্ট্রে আসা অনেক অভিবাসীর টিকাদানের নথিও নেই।
তবে বিশেষজ্ঞরা হামের সংক্রমণ বৃদ্ধির জন্য অভিবাসীদের দায়ী না করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের অনেক অভিভাবকের শিশুদের টিকা দেওয়ার বিষয়ে অনীহাও সংক্রমণ বাড়ার বড় কারণ। পেনসিলভানিয়ায় সবচেয়ে বেশি ১ হাজার ৫৪২ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সাউথ ক্যারোলাইনা, ইউটা, উইসকনসিন ও মিনেসোটায় সংক্রমণ ছড়িয়েছে। দেশটির ৪৫টি অঙ্গরাজ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, টিকার নথি না থাকলে প্রাপ্তবয়স্করাও হাম, মাম্পস ও রুবেলার সম্মিলিত টিকা নিতে পারেন। এক ডোজ টিকা আজীবন ৯৩ শতাংশ এবং দুই ডোজ ৯৭ শতাংশ সুরক্ষা দিতে পারে। টিকার নিরাপত্তা নিয়েও উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অভিবাসীদের ক্ষেত্রে ভাষাগত জটিলতা, স্বাস্থ্যসেবায় প্রবেশের সীমাবদ্ধতা এবং টিকাদানের নথি না থাকা ঝুঁকি বাড়াচ্ছে। তাই টিকাদান নিশ্চিত করা, সংক্রমণ পর্যবেক্ষণ এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন