https://www.prothomalony.com/

18667

north-america

উত্তর আমেরিকা

গ্রিনকার্ড পেতে কঠিন হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তাব

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ০৮:০৭

কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ডের নিয়ম আরও কঠোর করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ। নতুন প্রস্তাব কার্যকর হলে বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের জন্য স্পনসর করার আগে নিয়োগদাতাদের অন্তত ৯০ দিন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পাশাপাশি যোগ্য মার্কিন কর্মীদের নিয়োগের জন্য প্রকৃত চেষ্টা চালানোর প্রমাণও দিতে হবে।

মঙ্গলবার প্রকাশিত প্রস্তাবে শ্রমবাজার যাচাইয়ের প্রচলিত নিয়মে বড় ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে। ২০ বছরের মধ্যে এটিই এ সংক্রান্ত বিধিমালার প্রথম বড় সংস্কার উদ্যোগ। বর্তমানে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের ন্যূনতম সময় ৩০ দিন। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ৯০ ক্যালেন্ডার দিন করার কথা বলা হয়েছে।

নতুন নিয়মে নিয়োগদাতারা বিদেশি প্রার্থীকে লক্ষ্য করে চাকরির শর্ত তৈরি করতে পারবেন না। বরং সাধারণ নিয়োগের মতো একই পদ্ধতি ও মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সংবাদপত্রে বিজ্ঞপ্তির পরিবর্তে প্রতিষ্ঠানের ওয়েবসাইট, চাকরির পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম, চাকরির মেলা ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক নিয়োগ কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাবে ফিজিক্যাল থেরাপিস্ট, নার্স এবং বিজ্ঞান ও শিল্পকলায় বিশেষ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগের ক্ষেত্রেও মার্কিন প্রার্থীদের বিবেচনা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এ ছাড়া কোনো প্রতিষ্ঠানে গত দুই বছরে মার্কিন কর্মী ছাঁটাই হয়ে থাকলে একই বা কাছাকাছি পদের জন্য স্থায়ী শ্রমিক সনদ চাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের প্রস্তাব রয়েছে। ছাঁটাই হওয়া যোগ্য মার্কিন কর্মীদেরও গ্রিনকার্ড প্রক্রিয়া চলাকালে বিবেচনায় রাখতে হবে।

শ্রমমন্ত্রী কিথ সোন্ডারলিং বলেন, নতুন নিয়মের লক্ষ্য হলো উচ্চ দক্ষতাসম্পন্ন ও উচ্চ বেতনের চাকরিতে বিদেশি কর্মীদের আগে মার্কিন নাগরিকদের সুযোগ নিশ্চিত করা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে অধিকাংশ কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ডের ক্ষেত্রে পিইআরএম  শ্রমিক সনদ প্রক্রিয়া প্রথম ধাপ। এর মাধ্যমে নিয়োগদাতাকে প্রমাণ করতে হয়, সংশ্লিষ্ট পদের জন্য উপযুক্ত, আগ্রহী ও যোগ্য কোনো মার্কিন কর্মী পাওয়া যায়নি। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত নিয়ম নয়; কার্যকর হওয়ার আগে প্রস্তাবিত বিধি প্রণয়নের প্রক্রিয়া সম্পন্ন হতে হবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন