https://www.prothomalony.com/

18668

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নীতি বাতিল

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ০৮:০৯

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের অবস্থানের মেয়াদ সীমিত করতে ট্রাম্প প্রশাসনের নেওয়া ভিসানীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। সোমবার (১৬ নভেম্বর) দেওয়া রায়ে বিচারক ডেনিস সেলর বলেন, প্রস্তাবিত বিধিনিষেধ ছিল ‘স্বেচ্ছাচারী, খামখেয়ালি ও আইনবহির্ভূত’। এতে শিক্ষার সুযোগও বাধাগ্রস্ত হতো।

নতুন নীতির আওতায় বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ চার বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। এরপর অবস্থানের মেয়াদ বাড়াতে আবেদন করতে হতো। আগের নিয়মে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত দেশটিতে থাকতে পারতেন। অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের অবস্থানের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে ২৪০ দিন করার প্রস্তাব ছিল। চীনা সাংবাদিকদের ক্ষেত্রে এই মেয়াদ নির্ধারণ করা হয়েছিল মাত্র ৯০ দিন।

বিচারক তার রায়ে বলেন, যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার যে কার্যক্রম কংগ্রেস উৎসাহিত করতে চেয়েছে, নতুন নীতির মাধ্যমে সেই সুযোগই নিরুৎসাহিত বা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। এতে পিএইচডির মতো দীর্ঘমেয়াদি শিক্ষা কার্যক্রম, যৌথ ডিগ্রি অর্জন এবং শিক্ষার বিষয় পরিবর্তনের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হতো।

বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী কয়েকটি সংগঠনের জোট ডিএইচএসের বিরুদ্ধে মামলা করলে এই রায় আসে। নতুন বিধিনিষেধ গত সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও বিচারক এর আগে তা স্থগিত করেছিলেন। তবে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে সেই স্থগিতাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৃহত্তর অভিবাসন কঠোরীকরণ নীতির অংশ হিসেবে এসব বিধিনিষেধ প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে রয়েছে জোরালো বহিষ্কার অভিযান এবং বৈধভাবে নাগরিকত্ব পাওয়ার পথ আরও সীমিত করার উদ্যোগ।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করেছেন, যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি। আদালতের এই রায় বিদেশি শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি শিক্ষা এবং বিদেশি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন