https://www.prothomalony.com/

18659

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে সাশ্রয়ী আবাসন লটারিতে ৫১০ জনে একজনের ভাগ্যে জোটে বাসা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ০২:৫৭

নিউইয়র্ক সিটির সাশ্রয়ী আবাসন লটারিতে আবেদন করেও অ্যাপার্টমেন্ট পাওয়া কঠিন হয়ে উঠেছে। প্রতি ৫১০টি আবেদনের বিপরীতে গড়ে মাত্র একটি পরিবার ভাড়া-সাশ্রয়ী বাসার চুক্তি করতে পারছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত শহরের হাউজিং কানেক্টে জমা পড়ে ১ কোটি ২ লাখ ৫০ হাজার ৮৭২টি আবেদন। বিপরীতে চুক্তি হয়েছে মাত্র ২০ হাজার ২০০টি পরিবারের সঙ্গে।

দ্য সিটি রিপোর্টারের সরকারি তথ্যভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, আয়ের শ্রেণি অনুযায়ী লটারিতে সফলতার সম্ভাবনায় বড় পার্থক্য রয়েছে। চার সদস্যের পরিবারের ক্ষেত্রে নিম্ন আয়ের শ্রেণিতে সম্ভাবনা ৬৩৯ জনে একজন; মধ্যম আয়ের শ্রেণিতে ৩২৫ জনে একজন এবং উচ্চ-মধ্যম আয়ের শ্রেণিতে ৩৯৮ জনে একজন। অর্থাৎ তুলনামূলক বেশি আয়ের পরিবারের সুযোগ বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২ নভেম্বর পর্যন্ত হাউজিং কানেক্টে বিজ্ঞাপিত ৫৬ হাজার ২৭১টি অ্যাপার্টমেন্টের মাত্র ৪ শতাংশ ছিল অতি নিম্ন আয়ের পরিবারের জন্য। বিপরীতে মধ্যম আয়ের পরিবারের জন্য বরাদ্দ ছিল ৩৯ শতাংশ।

লটারিতে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকারও বড় ভূমিকা রাখে। যে কমিউনিটি ডিস্ট্রিক্টে অ্যাপার্টমেন্ট তৈরি হয়, সেখানকার বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা থাকায় তাঁদের সম্ভাবনা প্রায় ৫৩ জনে একজন। এই অগ্রাধিকার না থাকলে সম্ভাবনা কমে দাঁড়ায় ১ হাজার ৫১ জনে একজন।

তবে লটারিতে নির্বাচিত হওয়ার পরও আয়, পরিবারের সদস্যসংখ্যা ও অন্যান্য কাগজপত্র যাচাইয়ের ধাপ পার হতে হয়। কোনো তথ্যের অসামঞ্জস্য থাকলে আবেদন বাতিল হতে পারে। আবার প্রস্তাবিত ভাড়া বা অন্যান্য কারণে কেউ কেউ বরাদ্দ প্রত্যাখ্যানও করেন।

প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী আবাসনের সরবরাহও সমান নয়। লং আইল্যান্ড সিটি, উইলিয়ামসবার্গ, গ্রিনপয়েন্ট, ডাউনটাউন ব্রুকলিন ও সাউথ ব্রঙ্কসে তুলনামূলক বেশি অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। অন্যদিকে স্ট্যাটেন আইল্যান্ডের কয়েকটি এলাকা এবং কুইন্সের লরেলটন, রোজডেল ও কুইন্স ভিলেজে লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট পাওয়ার সুযোগ কম।

বিশেষজ্ঞদের মতে, লটারি প্রক্রিয়া নিয়ম মেনে পরিচালিত হলেও শহরে সাশ্রয়ী আবাসনের চাহিদা ও সরবরাহের ব্যবধানই মূল সংকট। ফলে বহু পরিবার বছরের পর বছর আবেদন করেও উপযুক্ত বাসা পাচ্ছে না। নিউইয়র্কে সাশ্রয়ী আবাসন এখন অনেক পরিবারের কাছে নাগরিক অধিকার নয়, যেন ভাগ্যের ওপর নির্ভরশীল এক প্রতিযোগিতা।

(দ্য সিটি রিপোর্টারের ১৬ নভেম্বর ২০২৬-এর অনুসন্ধানী বিশ্লেষণ অবলম্বনে।)  

নিউইয়র্ক থেকে আরো পড়ুন