https://www.prothomalony.com/

18661

new-york

নিউইয়র্ক

ধ্রুপদী নৃত্যের মানস কন্যা নিলা জেরিন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ০৩:৪২

বিজ্ঞান গবেষণাগার থেকে নৃত্যমঞ্চে কিংবা নৃত্যমঞ্চে থেকে বিজ্ঞান গবেষণাগার সবখানেই যে মানুষটি সমানভাবে দাপিয়ে বেড়ান, সমানভাবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি হলেন ডক্টর নিলা জেরিন। নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত নাম, সবার প্রিয়মুখ, নিলা।

নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে ড. নিলা জেরিন এক অনন্য নাম। তাঁর প্রতিষ্ঠিত নিলা ডান্স একাডেমি আজ নিউইয়র্ক মেট্রো এলাকায় কত্থক ও কুচিপুড়ি শিক্ষার অন্যতম ঠিকানা।অনেকেরই প্রিয় প্রাঙ্গণ। 

তিনি যেমন মস্তিষ্ক ও স্নায়ুবিজ্ঞানের গবেষক, তেমনি মঞ্চে তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিবেদিতপ্রাণ শিল্পী ও শিক্ষক। এই দুই জগতের মানুষ ড. জেরিন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরোবায়োলজিতে পিএইচডি অর্জন করেছেন। বর্তমানে তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (CUNY) স্কুল অব মেডিসিনে স্নায়ুবিজ্ঞান গবেষক; তাঁর গবেষণার বিষয় আঘাতের পর মস্তিষ্কের সঙ্গে মেরুদণ্ডের সংযোগ মেরামত ও পুনঃস্থাপন। পিয়ার-রিভিউড জার্নালে তাঁর বহু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, এবং তিনি হিউম্যান জেনেটিকসে সহকারী অ্যাডজাংক্ট অধ্যাপক হিসেবেও যুক্ত।

গুরু-শিষ্য পরম্পরায় প্রশিক্ষণ, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের দুটি স্বতন্ত্র ধারা — উত্তর ভারতের কত্থক ও অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি — দুটিতেই প্রশিক্ষিত ড. জেরিন। গুরু-শিষ্য পরম্পরায় তাঁর কত্থক গুরু শ্রীমতী প্রেরণা দেশপাণ্ডে এবং কুচিপুড়ি গুরু শ্রীমতী সাধনা পারানজি। কুচিপুড়িতে তিনি রঙ্গপ্রবেশম সম্পন্ন করে ‘নাট্য তিলকম’ উপাধি পেয়েছেন, আর ভারতের পুনেতে কত্থক গুরু পূর্ণিমা পরিবেশনায় পেয়েছেন ‘ড্যান্সিং ফ্লেম’ উপাধি। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি নিউইয়র্ক ও তার বাইরে উৎসব, সামাজিক অনুষ্ঠান এবং স্কুল-কলেজে শিক্ষামূলক কর্মসূচিতে নৃত্য পরিবেশন করে আসছেন।

গুরুদের আশীর্বাদ নিয়ে ২০১৪ সালে কুইন্সের জ্যাকসন হাইটসে ড. জেরিন প্রতিষ্ঠা করেন নিলা ডান্স একাডেমি। এখন মিডটাউন ম্যানহাটানেও এর শাখা রয়েছে। একাডেমির লক্ষ্য একটাই — খাঁটি রূপে কত্থক ও কুচিপুড়ির কঠোর সাধনা ও সৌন্দর্য পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।এখানে নতুন শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়, আর শুধু নৃত্যের কৌশল নয়, শেখানো হয় ছন্দ, অভিনয় আর গল্প বলার সেই ঐতিহ্য, যা এই দুই ধারার প্রাণ।

একাডেমির শিল্পীরা নিয়মিত মঞ্চে ওঠেন লাইভ বাদ্যযন্ত্রের সঙ্গে — যা এই ধারার পরিবেশনার সবচেয়ে কঠিন ও মর্যাদাপূর্ণ রূপ। ২০২৬ সালের কুইন্সবোরো ডান্স ফেস্টিভ্যালে ড. জেরিনের কোরিওগ্রাফ করা কত্থক পরিবেশনা ‘মিউজ অ্যান্ড মুভমেন্ট’ স্থান পেয়েছে, যেখানে রাধা-কৃষ্ণের কোমল সাহচর্য থেকে ১৬ মাত্রার তরানার ঝলমলে পদচালনা — দুটোই ছিল।

এ বছরের নভেম্বরে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে (JPAC) একাডেমি উপস্থাপন করেছে দুটি বড় আয়োজন। ১ নভেম্বর ‘নৃত্য অর্পণ’-এ একাডেমির উদীয়মান শিল্পীরা পরিবেশন করেন কুচিপুড়ি ও কত্থক — দুটি ধারার জন্য আলাদা কর্ণাটক ও হিন্দুস্তানি লাইভ বাদ্যদল পরিচালনা করেন ড. জেরিন নিজে। ১৫ নভেম্বর, একই মঞ্চে ‘স্পন্দন ও কবিতা’ — লাইভ হিন্দুস্তানি অর্কেস্ট্রার সঙ্গে তাঁর কত্থক পরিবেশনা, সঙ্গে কণ্ঠে ফাতিক চৌধুরী, তবলায় মাইক লুকশিস ও সারেঙ্গিতে রোহান মিশ্র (NrityaVerse Rhythm & Raga Ensemble)। দুটি অনুষ্ঠানেই প্রবেশ ছিল বিনামূল্যে।

জ্যাকসন হাইটসের মতো বহুভাষিক, বহুসংস্কৃতির পাড়ায় বসে নিলা ডান্স একাডেমি দক্ষিণ এশীয় ঐতিহ্যকে ধরে রেখেছে আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে — আবার সেই ঐতিহ্যকে পৌঁছে দিচ্ছে কুইন্সের বৈচিত্র্যময় সব সম্প্রদায়ের দর্শকের কাছেও। গবেষণাগারের নির্ভুলতা আর মঞ্চের আবেগ — ড. নিলা জেরিনের জীবনে এই দুই সাধনা চলেছে পাশাপাশি, আর তাঁর একাডেমি সেই দ্বৈত সাধনারই ফসল।

নিলা জেরিনের সাথে যোগাযোগ করতে চাইলে এই ঠিকানায় তাকে পাওয়া যাবে। 

Neela Dance Academy, Jackson Heights, Queens ও Midtown Manhattan ফোন: 929-615-0227 ওয়েবসাইট: neeladanceacademy.com

নিউইয়র্ক থেকে আরো পড়ুন