https://www.prothomalony.com/

18608

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে নারী উদ্যোক্তাদের উৎসব 'বাংলার গল্প' প্রদর্শনী ও সেমিনার

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ০৪:৫৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশীয় পণ্যের প্রসারে দিনব্যাপী প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলার গল্প’ শিরোনামে এ আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের পণ্য, সৃজনশীলতা ও ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরা হয়।

গত ৭ নভেম্বর (শনিবার) জ্যামাইকার আল আকসা পার্টি হলে বিখ্যাত প্রতিষ্ঠান ‘হার রাইজ এলএলসি’ ও ‘উইমেন অ্যান্ড ই-কমার্স’-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে নিউইয়র্কের কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসসহ বিভিন্ন এলাকা থেকে শত শত প্রবাসী বাংলাদেশি অংশ নেন। মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি বুটিকস, গয়না, কুটিরশিল্প ও দেশীয় নানা পণ্যের স্টল স্থান পায়।

গোল্ডেন এজ হোম কেয়ারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব। সার্বিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক নাসরিন আক্তার ঝুমুর। পাশাপাশি ‘উইমেন অ্যান্ড ই-কমার্স’ ও ‘হার রাইজ’-এর পক্ষে দায়িত্ব পালন করেন নাসিমা আক্তার নিশা ও স্বর্ণলতা। তিন নারী উদ্যোক্তার সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টায় ‘বাংলার গল্প’ আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের সভাপতি শাহ শহীদুল হক। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে সনদ বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনকের সেক্রেটারি মোহাম্মদ আলী এবং নিউইয়র্ক মেয়র অফিসের ডেপুটি অফিসার মোহাম্মদ দিলীপ চোয়া।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক কুইন্স কাউন্টি কমিটির সদস্য ফাহাদ সোলায়মান, আনন্দ বার্তার সভাপতি জাহাঙ্গীর আলম জয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বাদল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফয়সাল আহমেদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের সভাপতি ড. রফিক, সাধারণ সম্পাদক ড. কামরুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মুক্তার, তরিকুল এইচ বাদল এবং ডেমোক্রেটিক ক্লাবের ডেপুটি ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট দেলোয়ার মানিক।

নারীদের অগ্রাধিকার, ক্ষমতায়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করা সামাজিক সংগঠন ‘তারার আলো’র প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। সংগঠনের সভাপতি মিনা ইসলামের নেতৃত্বে মারিয়া, লাকী, খুশি, শামীমা, লাভলী ও পান্নাসহ সংগঠনের স্বেচ্ছাসেবকেরা আয়োজনে সহযোগিতা করেন।

প্রধান অতিথি শাহ শহীদুল হক বলেন, স্থানীয় ব্যবসাকে সহযোগিতা করা এবং নারী উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রবাসীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ‘বাংলার গল্প’ আয়োজনের সফলতা তুলে ধরেছে।

আয়োজনটি শুধু পণ্য প্রদর্শনী ও কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ ছিল না। নারী উদ্যোক্তাদের যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরিতে আয়োজন করা হয় বিশেষ কর্মশালা ও সেমিনার। এতে যুক্তরাষ্ট্রে নতুন ব্যবসা শুরুর আইনি প্রক্রিয়া, ডিজিটাল বিপণন, নেটওয়ার্কিং এবং আর্থিক বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে অভিজ্ঞ পরামর্শক ও সফল ব্যবসায়ীরা আলোচনা করেন। তাঁদের পরামর্শ নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করে।

দিনব্যাপী প্রদর্শনীতে দেশীয় পণ্য ও হস্তশিল্পের বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা যায়। কেনাকাটা ও আলোচনা পর্বের পাশাপাশি সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরাসরি সংগীত পরিবেশনা। এতে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পী নাজু, এনিয়া ও মেহা সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

দেশীয় খাবার, সংস্কৃতির আবহ, পণ্য প্রদর্শনী, অভিজ্ঞতা বিনিময় ও ব্যবসায়িক যোগাযোগ তৈরির মধ্য দিয়ে শেষ হয় ‘বাংলার গল্প’। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে ভূমিকা রাখবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন