https://www.prothomalony.com/

18621

north-america

উত্তর আমেরিকা

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ০৫:৪৪

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব দক্ষিণ জার্সির (বিএএসজে) উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

প্রবাসজীবনে পাসপোর্ট ও ভিসা হালনাগাদ রাখা কতটা প্রয়োজনীয়, তা ভুক্তভোগী মাত্রই জানেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে তা সময়মতো পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অন্য অঙ্গরাজ্যে অবস্থিত কনস্যুলেট বা মিশনে গিয়ে এসব দাপ্তরিক কাজ সম্পন্ন করা প্রবাসীদের জন্য বেশ কষ্টসাধ্য। আর এই সেবা হাতের কাছে পৌঁছে দিতেই আটলান্টিক সিটিতে এই ভ্রাম্যমাণ কনস্যুলেটের আয়োজন করা হয়।

মঙ্গলবারের এই সেবা নিতে সকাল থেকেই প্রবাসী বাংলাদেশিরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অপেক্ষা করেন। নির্দিষ্ট সময়ে আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনায় কনস্যুলেট সেবামূলক কার্যক্রম শুরু হয়।

ভ্রাম্যমাণ এই সেবা কর্মসূচির আওতায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ডিজিটাল পাসপোর্ট, অ্যারেস্টেড সার্টিফিকেট বা জন্ম-মৃত্যু সনদ, দ্বৈত নাগরিকত্বের সনদ, বিভিন্ন সনদপত্রের সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি এবং ‘নো ভিসা রিকোয়ার্ড’ সিলসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করেন।

প্রবাসীদের দোরগোড়ায় এমন সেবা পৌঁছে দেওয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সেবাগ্রহীতারা। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন