https://www.prothomalony.com/

18610

new-york

নিউইয়র্ক

শীত মোকাবিলায় নিউইয়র্কের ২ কোটি ৫০ লাখ ডলারের নতুন পরিকল্পনা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ০৫:১৮

গত শীতে শীতজনিত কারণে অন্তত ২০ জনের মৃত্যুর পর শীতকালীন প্রস্তুতি জোরদার করছে নিউইয়র্ক সিটি। গৃহহীন ও ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা এবং তুষারপাতের পর দ্রুত সড়ক পরিষ্কারের লক্ষ্যে ২ কোটি ৫০ লাখ ডলারের নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি।

সোমবার (৯ নভেম্বর) ঘোষিত পরিকল্পনায় গৃহহীন মানুষের খোঁজে ৩০০ জনের বেশি অতিরিক্ত কর্মী নিয়োগ, ৬০০টি নতুন আশ্রয়শয্যা এবং ৫৫টি ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা ইউনিট চালুর কথা বলা হয়েছে। এসব ইউনিটে নার্স থাকবেন এবং জরুরি প্রয়োজনে মানুষকে উষ্ণ আশ্রয়কেন্দ্র ও হাসপাতালে নেওয়ার ব্যবস্থা থাকবে।

তুষারপাতের পর দ্রুত রাস্তা ও ফুটপাত পরিষ্কারে ১২০টি ছোট স্নো ব্লোয়ার যুক্ত করা হচ্ছে। পাশাপাশি বাড়িতে হিটিং বা গরম রাখার ব্যবস্থা নিয়ে অভিযোগ পেলে হাউজিং বিভাগ প্রতিটি অভিযোগ আলাদাভাবে তদন্ত করবে। বাড়ির মালিক সমস্যা সমাধান না করলে কর্তৃপক্ষ জরুরি মেরামত করে খরচ তার কাছ থেকে আদায় করতে পারবে। বারবার নিয়ম ভাঙলে বাড়ির মালিকদের বিরুদ্ধে আদালতের নির্দেশ ও জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে।

মামদানি বলেন, গত শীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শহরের প্রস্তুতি নতুন করে সাজানো হয়েছে। বিশেষ করে গৃহহীন ও শীতের ঝুঁকিতে থাকা মানুষের সুরক্ষায় এবার বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, তুষারপাত হলে স্কুল বন্ধ থাকবে, নাকি অনলাইন ক্লাস হবে—এ বিষয়ে মামদানি বলেন, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বছরে ১৮০ দিন ক্লাসের বাধ্যবাধকতা এবং স্কুল ক্যালেন্ডারে অতিরিক্ত ছুটির কারণে এ ক্ষেত্রে খুব বেশি নমনীয়তার সুযোগ নেই।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন