https://www.prothomalony.com/

18601

bangladesh

বাংলাদেশ

দেশজুড়ে আগুন-ককটেল হামলা, হাসিনা কী ফিরবেন?

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১১:৫৯


ডিসেম্বর যতই ঘনিয়ে আসছে ততই দেশজুড়ে অস্থিরতা বাড়ছে। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসার খবর বেশ পুরোনো। তবে নতুন বিষয় হলো তার আগমনের আলোচনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিবেশ। একদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন, অন্যদিকে দেশজুড়ে আগুন-ককটেল হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
 
জানা গেছে, গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেন শেখ হাসিনার আইনজীবীরা। তাদের দাবি, আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল হওয়ায় নতুন নথি প্রয়োজন। তবে আবেদন গ্রহণ বা নথি ইস্যু হওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনা এর আগে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথাও জানিয়েছিলেন। 

এদিকে, ১ নভেম্বর থেকে ঢাকায় ও দেশের বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে। সর্বশেষ মঙ্গলবার সারা দেশে অন্তত ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা ও দেশের ৬ জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

পুলিশের একটি সূত্র বলছে, জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে নাশকতা করছেন তার দলের নেতা–কর্মীরা। বিদেশে পলাতক নেতারা উসকানি দিচ্ছেন এবং নাশকতার জন্য টাকা পাঠাচ্ছেন। সম্প্রতি নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যের ব্যক্তিদের নাম পাওয়া গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত রোববার সন্ধ্যার পর কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁয়। তাদের কেউ সরাসরি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। তারা টাকার বিনিময়ে এসব কাজ করেছেন। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশ থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বেশির ভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। 

পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত শনিবার থেকে সোমবার পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে। তিনি আরও বলেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার, জনসাধারণের সহযোগিতা, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

পাশাপাশি সংঘটিত প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাশকতা প্রতিরোধে শুধু ঘটনার পর ব্যবস্থা গ্রহণ নয়, বরং ঘটনার আগেই তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জুগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য এবং দক্ষতার সাথে তাদের সেই অপচেষ্টা ও নীল নকশা ভণ্ডুল করে দিয়েছে।

 

প্রত্যর্পণ নিয়ে দিল্লির সিদ্ধান্তের অপেক্ষা

শেখ হাসিনাকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কেও গুরুত্বপূর্ণ সমীকরণ তৈরি হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। তার অবস্থান নিয়ে দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলেও এখনো তাকে হস্তান্তর করেনি ভারত।

বাংলাদেশ ২০২৪ সালের ডিসেম্বরে ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানায়। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরও প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালের জুলাইয়ে জানিয়েছিল, বাংলাদেশের অনুরোধ তারা পেয়েছে এবং বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করা হচ্ছে। অর্থাৎ, ভারত এখনো প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেনি।

দুই দেশের মধ্যে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। চুক্তিতে কিছু রাজনৈতিক অপরাধকে প্রত্যর্পণের আওতার বাইরে রাখার বিধান থাকলেও হত্যা, হত্যার প্ররোচনা এবং মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধকে স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না। প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের আইনি প্রক্রিয়া ও বিচারিক পর্যালোচনাও গুরুত্বপূর্ণ।

দুই দেশের পঞ্চম কনস্যুলার সংলাপে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ভারতে অবস্থানরত কয়েকজনের প্রত্যর্পণের বিষয়টি তুলতে চেয়েছিল ঢাকা। একই সঙ্গে ভিসা, সীমান্ত, বন্দি প্রত্যাবাসন ও পারস্পরিক আইনি সহযোগিতার বিষয়ও আলোচনায় থাকার কথা ছিল।

এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, দুই দেশের মধ্যকার আইনি কাঠামো এবং প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসারেই এই বিষয়ের সুরাহা করা হবে। বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণের আবেদন নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন,  পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

 

বিদেশে আওয়ামী লীগের তৎপরতা ও শেখ হাসিনার রাজনৈতিক বার্তা

দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নতুন রাজনৈতিক গুরুত্ব বহন করছে। গত দুই বছর ধরে দলের অনেক জ্যেষ্ঠ নেতা বিদেশে অবস্থান করছেন। কেউ ভারতে, কেউ ইউরোপ, যুক্তরাজ্য, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছেন।

বিদেশে অবস্থানরত নেতাদের বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং দলীয় সমর্থকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান তুলে ধরার চেষ্টা চলছে। তবে এসব তৎপরতার মাধ্যমে দলটি দেশে কতটা সাংগঠনিক শক্তি পুনর্গঠন করতে পারছে, তার নির্ভরযোগ্য সামগ্রিক পরিসংখ্যান পাওয়া যায়নি।

অ্যাসোসিয়েটেড প্রেসের সাম্প্রতিক এক প্রতিবেদনে শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, তিনি ডিসেম্বরেই দেশে ফিরতে চান, প্রয়োজনে ঝুঁকি নিয়েও। তিনি তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে প্রত্যাখ্যান করেছেন এবং ট্রাইব্যুনালের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

প্রত্যাবর্তন, না নতুন রাজনৈতিক কৌশল?

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে একাধিক প্রশ্ন সামনে এনেছে। তিনি কি সত্যিই ডিসেম্বর মাসে দেশে ফিরবেন, নাকি পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে দেশে ফেরার বিষয়টিকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনায় নিয়ে আসছেন—এ প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়।

তবে একটি বিষয় স্পষ্ট, তার প্রত্যাবর্তনের বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার, মৃত্যুদণ্ডের রায়, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবস্থান এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা।

দীর্ঘ রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ যখন নতুন সরকারের অধীনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে, তখন শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন একটি রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি করতে পারে দেশকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন কিংবা তাকে কী প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে—এ বিষয়ে সরকারের দ্রুত ও সুস্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকলে সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সরকার ও বিরোধী দল—কোনো পক্ষই যেন এই ইস্যুকে রাজনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাঁদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, এখন একটা স্থিতিশীলতার মধ্যে দেশটা আছে। এই অবস্থা যেন কোনোভাবেই নষ্ট না হয়, এটা মাথায় রাখতে হবে। এটার মূল দায়িত্ব সরকারের।

এদিকে আওয়ামী লীগ বলেছে, নথি থাক বা না থাক, আগামী ডিসেম্বরেই দেশে ফিরবেন হাসিনা। বহু মানুষ প্রতিনিয়ত এই দীর্ঘ এবং আংশিক ঝুঁকিপূর্ণ সীমান্ত অবৈধভাবে পারাপার করে, তাহলে প্রয়োজনীয় কাগজপত্র না পেলে হাসিনা কীভাবে ফিরবেন সে বিষয়ে তিনি বা তার দল স্পষ্ট করে কিছু বলেনি।

সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীরা বলছেন, হাসিনা শিগগিরই তার পরিকল্পনার বিস্তারিত জানাবেন।

গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশে ফিরলে কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করতে পারে অথবা তাকে হত্যা করা হতে পারে। তিনি স্বেচ্ছায় ফিরে আত্মসমর্পণ করতে চান বলে জানিয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, যদি মৃত্যু আসে, তবে আমি নিজের মাটিতেই মরতে চাই, যেখানে আমার বাবা-মা শুয়ে আছেন এবং তাদের রক্ত ঝরেছিল।

বাংলাদেশ থেকে আরো পড়ুন